স্বল্প বাণিজ্য ঘাটতি ও দুর্বল ইয়েনে ভর করে রেকর্ড বৈদেশিক বিনিয়োগ আসায় জাপানের চলতি হিসাব উদ্বৃত্ত ছুঁয়েছে ৮ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন বা ৫ হাজার ৬০০ কোটি ডলারে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। মঙ্গলবার সরকারি নথিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে। খবর মাইনিচি।

২০২২ সালের চেয়ে জুনে চলতি হিসাব উদ্বৃত্ত তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫১ ট্রিলিয়ন ইয়েনে। কাঁচামাল স্বল্পতায় ভোগা দেশটি দুই বছরের মধ্যে এ প্রথম বাণিজ্য উদ্বৃত্ত দেখল। চলতি হিসাব মূল্য আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বড় একটি পরিমাপক।

কভিড-১৯-পরবর্তী সময়ে রফতানি পুনরুদ্ধার হওয়া সত্ত্বেও জ্বালানি আমদানি ব্যয়, কাঁচামাল ও অন্যান্য পণ্যের দাম বাড়ায় গভীর সংকটে পড়েছিল জাপান। তবে আমদানিতে মন্থরতা এবং গাড়ির চালান বাড়ায় মোট রফতানি বেড়েছে। ফলে জানুয়ারি-জুনে দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি ৮ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৮ ট্রিলিয়ন ইয়েনে।

প্রাথমিক প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয় বলেছে, ইয়েনে অপরিশোধিত তেলের দাম কমায় আমদানি দশমিক ৯ শতাংশ বেড়ে ৫২ দশমিক ৫৮ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে।

বৈদেশিক বিনিয়োগে ভর করে প্রাথমিক আয় দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫৩ ট্রিলিয়ন ইয়েনে। অন্যদিকে, ইতিবাচক প্রবণতা এসেছে মুদ্রা বাজারেও। জাপানি মুদ্রায় ছয় মাসে ডলারের গড় রেট ছিল ১৩৪ দশমিক ৯২ ইয়েন, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি।