ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই বিশ্ববাজারে অস্থিরতা চলছে। কভিডজনিত বাধা কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন সংকট বৈশ্বিক সরবরাহ চেইনে মারাত্মক চাপ সৃষ্টি করেছে। এর মধ্যে চীনে কভিডজনিত লকডাউনে নিম্নমুখী হয় চাহিদা। উচ্চ পরিবহন ব্যয়ে বেড়ে গিয়েছে কাঁচামালের দামও। ফলে ক্রমবর্ধমান রয়েছে উৎপাদন ব্যয়। এ অবস্থায় বিপর্যয়ের মুখে পড়েছে শিল্পোৎপাদন খাত। মে মাসে বিশ্বজুড়ে কারখানা কার্যক্রমের গতি ধীর হয়ে পড়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে ফ্রান্স, জাপান থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত বৈচিত্র্যময় অর্থনীতিতে গত মাসে উৎপাদন খাতের গতি মন্থর চলেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বিশ্বজুড়ে শিল্পোৎপাদন খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবালের ইউরোজোনের উৎপাদন খাতের চূড়ান্ত পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) মে মাসে ৫৪ দশমিক ৬ পয়েন্টে নেমেছে। আগের মাসেও এ সূচক ৫৫ দশমিক ৫ পয়েন্টে ছিল। গত মাসের পিএমআই ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্নে ছিল। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে বৃদ্ধি এবং এর নিচে সংকোচনকে নির্দেশ করে।
ইউরোজোনের মতো যুক্তরাজ্যের উৎপাদন কার্যক্রমও ধীর হয়েছে। গত মাসে দেশটির পিএমআই দাঁড়িয়েছে ২০২১ সালের জানুয়ারির পর সর্বনিম্নে। দেশটির ভোগ্যপণ্য উৎপাদকরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় হিমশিম খাচ্ছেন। ব্রিটিশ-ডাচ বহুজাতিক পেশাদার নেটওয়ার্ক কেপিএমজির সাইমন জনসন বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ব্যবসা করার জন্য ব্যয় বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি উচ্চ দামের কারণে ভোক্তা চাহিদাও কমে যাচ্ছে। বর্তমানে বিশ্বের প্রতিটি দেশে এমন চিত্র দেখা দিয়েছে।
এদিকে অন্য দেশে শ্লথগতি দেখা গেলেও চীনের কাইস্কিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পিএমআইয়ে সংকোচনের ধারা অব্যাহত রয়েছে। মে মাসে এটি ৪৮ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। যদিও এ হার এপ্রিলের ৪৬ পয়েন্টে থেকে কিছুটা উন্নত হয়েছে। এরই মধ্যে সাংহাইসহ কিছু অঞ্চলে কভিডজনিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আবার রাজধানী বেইজিংসহ বেশকিছু অঞ্চলে পুনরায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ কারণে চীনের উৎপাদন কার্যক্রম তলানিতে নামার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ২০২০ সালের শুরুর দিকের মতো দ্রুত প্রত্যাবর্তনেরও আশা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পুনরায় কভিড-১৯ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে। এ পরিস্থিতি ভোক্তা আস্থা ও চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলবে।
টোকিওর দাই-ইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ তোরু নিশিহামা বলেন, সাংহাইয়ে লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ চেইন ও পণ্য সরবরাহের বাধাগুলো ধীরে ধীরে সহজ হতে পারে। তবে আমরা সংকটময় বিশ্বের বাইরে বসবাস করছি না। আবার চীন এখনো জিরো কভিড নীতি থেকে বেরিয়ে আসেনি।
তিনি বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় এশিয়ার কিছু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি কঠোর করছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর কারণে বাজারে অস্থিরতার ঝুঁকিও রয়েছে। এ কারণে এশিয়ার অর্থনীতি চলতি বছরের বেশির ভাগ সময় দুর্বল থাকতে পারে।
জাপানের উৎপাদন কার্যক্রম মে মাসে কিছুটা বাড়লেও সেটা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এক্ষেত্রে নির্মাতারা কাঁচামালের দাম বৃদ্ধি, চীনে লকডাউন ও ইউক্রেনে সংঘাতের বিষয়গুলোকে দায়ী করেছেন। তবে ইতিবাচক খবর হলো, দক্ষিণ কোরিয়ার রফতানি ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া ক্রমাগত উচ্চমূল্যস্ফীতির চাপ সত্ত্বেও মে মাসে ভারতের কারখানা কার্যক্রম প্রত্যাশার চেয়ে বেশি গতিতে প্রসারিত হয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল অনুসারে, গত মাসে ভারতের উৎপাদন খাতে পিএমআই ৫৪ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ হার এপ্রিলের ৫৪ দশমিক ৭ পয়েন্টের চেয়ে কম হলেও অর্থনীতিবিদদের পূর্বাভাস ৫৪ দশমিক ২ পয়েন্টের চেয়ে বেশি।










