চলতি বছরের এপ্রিলে জাপানের ভোক্তা মূল্যস্ফীতির হার গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। ডলারের বিপরীতে দুর্বল ইয়েনের কারণে পণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল দেশটিতে। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে মূল্যস্ফীতির হার গত সাত বছরের সর্বোচ্চ ছিল। ২০১৫ সালের পর এই প্রথম মূল্যস্ফীতির হার জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ২ শতাংশকে অতিক্রম করেছে।
ইউক্রেনে রুশ আক্রমণের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামসহ কাঁচামালের দামের ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানে মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, আগামী কয়েক মাস দেশটির মূল্যস্ফীতির হার অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী থাকতে পারে। তবে ব্যাংক অব জাপানের ধারণা, মূল্যস্ফীতির হারের এ ঊর্ধ্বমুখিতা সাময়িক।
এ বিষয়ে মেইজি ইয়াসুদা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ইউয়িচি কোদামা বলেন, জাপানের অর্থনীতি ঝুঁকির সম্মুখীন। পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ভোক্তা ব্যয়ের ওপর প্রভাব ফেলছে।
জাপানে জ্বালানি মূল্য বেড়েছে ১৯ দশমিক ১ শতাংশ। গ্যাস, কেরোসিন ও বিদ্যুতের বিলের বৃদ্ধি ছিল দুই অংকের। এর মধ্যে গ্যাসোলিনের দাম বেড়েছে ১৫ দশমিক ৭ শতাংশ, কেরোসিনের বেড়েছে ২৬ দশমিক ১ শতাংশ। খুচরা মূল্য কিছুটা কমিয়ে আনতে পাইকারি বিক্রেতাদের ওপর ভর্তুকি নিশ্চিত করেছে জাপান সরকার। এপ্রিলে মোবাইল যোগাযোগ ফি কমেছে ২২ দশমিক ৫ শতাংশ।
ইউয়িচি কোদামা বলেন, সাধারণ পণ্যমূল্যের ধারা অপরিবর্তিত রয়েছে। তবে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূল্য সব থেকে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণেই খাদ্যের দাম বেড়েছে বলে জানান তিনি।
চলতি বছরের এপ্রিলে জাপানে খাদ্যের দামের প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৬ শতাংশ। ২০১৫ সালের পর এবারই খাদ্যমূল্য সব থেকে দ্রুত বেড়েছে। এর মধ্যে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে গম, মাংস, কফি বিন ও রান্নার তেল। জাপানের অভ্যন্তরীণ সম্পর্ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের করা এক সমীক্ষায় দেখা গেছে, ১৭৬টি খাদ্যের মধ্যে ১২৭টিরই দাম বেড়েছে।
কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ ছিল জাপানের কারখানার কার্যক্রম। নভেল করোনাভাইরাসের সংক্রমণপ্রবাহ কিছুটা কমে আসায় বিধিনিষেধ শিথিল করে জাপান সরকার। বিধিনিষেধ তুলে নিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে নামে জাপান। তবে অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো সম্পূর্ণ হয়নি দেশটিতে। এরই মধ্যে পণ্যমূল্যের দাম বাড়তে শুরু করেছে দেশটিতে। এদিকে যুদ্ধের পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে গত ২০ বছরের সর্বনিম্নে ছিল ইয়েনের দাম। এতে করে আমদানি দর বেড়েছে দেশটিতে।










