বীমা খাতের তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের তুলনায় কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৬ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা। 

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৭ টাকা ৭০ ও ৮৪ টাকা ৮০ পয়সা।