বিশ্বের শীর্ষ কফি রফতানিকারক দেশ ব্রাজিল। দেশটিতে এখন রেকর্ড পরিমাণ কফি উদ্বৃত্ত রয়েছে। কিন্তু রফতানির একেবারে উপযুক্ত সময় হওয়া সত্ত্বেও কফি রফতানি করতে পারছেন না দেশটির ব্যবসায়ীরা। এর প্রধান কারণ হলো কনটেইনার সংকট। পানীয় পণ্যটি রফতানির জন্য ব্যবসায়ীরা জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও কনটেইনার সংকটের কারণে গন্তব্যে পাঠানো যাচ্ছে না। ফলে বন্দরে কনটেইনারের সংকটের কারণে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে দেশটির কফি রফতানিকারকরা। খবর রয়টার্স।
নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে মূলত ব্রাজিলের অর্থনীতি বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশটির মুদ্রা রিয়ালের মান পড়ে গেছে প্রায় ৪০ শতাংশ। এ পরিস্থিতিতে দেশটি থেকে পণ্য রফতানি হয়েছে সস্তায়। এ কারণেই সম্প্রতি ব্রাজিল থেকে কম দামে বেশি পণ্য আমদানি করেছে অন্যান্য দেশ। এর বিপরীতে আমদানিতে বড় ধস নেমেছে। ফলে দেশটির রফতানি বাণিজ্যের জন্য কনটেইনার সংকট এখন অন্যতম মাথাব্যথার কারণ হয়েছে ব্যবসায়ীদের জন্য।
বৈশ্বিক কফির বাজারে লাতিন আমেরিকার দেশটির হিস্যা ৩০ শতাংশ। তবে কনটেইনার সংকটে শীর্ষ রফতানিকারক দেশটির ব্যবসায়ীরা এখন পানীয় পণ্যটির সরবরাহ ঠিক সময়ে করতে পারছে না।
জাহাজ শিল্পের পরামর্শক প্রতিষ্ঠান ডাটামারের তথ্য বলছে, ব্রাজিলের বন্দরগুলোতে এখন কনটেইনারের মধ্যে ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। গত আগস্টে দেশটি থেকে ২ লাখ ৫১ হাজার কনটেইনার ছেড়ে গেছে। এর বিপরীতে দেশটিতে এসেছে ১ লাখ ৭২ হাজার কনটেইনার। সেই হিসাবে প্রায় ৮০ হাজার কনটেইনার এখন ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি করেছে, যা পক্ষান্তরে কফি রফতানিতে বিলম্বের অন্যতম কারণ।










