মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ চুক্তিমূল্য এখনো ঊর্ধ্বমুখী। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি বেশি রফতানি ও উৎপাদনসংক্রান্ত কারণে চুক্তিমূল্য বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহের জন্য রাখা বেঞ্চমার্ক পাম অয়েলের চুক্তিমূল্য টনপ্রতি ৭ রিঙ্গিত বা দশমিক ১৮ শতাংশ কমেছে। বর্তমানে টনপ্রতি দাম ৩ হাজার ৯৩২ রিঙ্গিত বা ৮৩২ ডলার ৭০ সেন্ট।
বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারীদের কার্যক্রম অনেকটাই স্থবির, যে কারণে গত সপ্তাহে চুক্তিমূল্য ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে দেশটিতে অপরিশোধিত পাম অয়েলের উৎপাদন গত বছরের তুলনায় ১ শতাংশ বেড়ে ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। রয়টার্স পরিচালিত জরিপের তথ্যানুযায়ী, শীর্ষে থাকা ইন্দোনেশিয়ায় এ বছর উৎপাদন দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টনে উত্তীর্ণ হওয়ার পূর্বাভাস দিয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
কার্গো সার্ভেয়ার ইন্টারটেক টেস্টিং সার্ভিসেসের তথ্যানুযায়ী, ১-২০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ান পাম অয়েলজাত পণ্যের উৎপাদন ৩ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। আগের বছরের তুলনায় বর্তমানে উৎপাদনের পরিমাণ ৮ লাখ ৬৭ হাজার ৮২৮ টন। আরেকটি কার্গো সার্ভেয়ার অ্যামসপেক এগ্রি মালয়েশিয়ার তথ্যানুযায়ী, একই সময়ে রফতানি ২ দশমিক ৭ শতাংশ কমে ৮ লাখ ২৮ হাজার ৯১০ টনে নেমে এসেছে।
সিঙ্গাপুরভিত্তিক ফাস্টমার্কেট পাম অয়েল অ্যানালিটিকসের সিনিয়র বিশ্লেষক সাথিয়া ভারকা বলেন, ‘জানুয়ারিতে উচ্চ রফতানি ও কম উৎপাদনের পরিপ্রেক্ষিতে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।’ জানুয়ারির প্রথম ২০ দিনের উৎপাদন পূর্বাভাসকেই প্রাধান্য দিচ্ছে মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন বলে জানিয়েছেন তিনি।
ডালিয়ান এক্সচেঞ্জে সয় অয়েলের চুক্তিমূল্য দশমিক ৭৭ ও পাম অয়েলের মূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সয় অয়েলের মূল্য দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। বিদ্যমান ভোজ্যতেলের দাম পরিবর্তন হওয়ায় পাম অয়েলেও প্রভাব পড়েছে। অন্যদিকে দেশটিতে চলতি বছর পাম অয়েলের উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা গেছে। বছর শেষে উৎপাদনের পরিমাণ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টনে উন্নীত হতে পারে বলে মনে করছে দেশটির পাম অয়েল বোর্ড (এমপিওবি)। শ্রমিক সংকট কিছুটা নিরসন হওয়ায় উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাতসংশ্লিষ্টরা।
এমপিওবির মহাপরিচালক আহমেদ পারভেজ গুলাম কাদির জানান, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটিতে চলতি বছর মজুদ প্রায় ১৯ লাখ ৫০ হাজার টনে নামতে পারে, গত বছর যা ছিল ২২ লাখ ৯০ হাজার টন।










