ভারতীয় টেক্সটাইল কোম্পানি স্পোর্টকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনিশ আভাসথি গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে একটি বৈঠক করেছেন।
ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে স্পোর্টকিংয়ের প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড র ম্যাটেরিয়ালস) রশিম জিন্দালও উপস্থিত ছিলেন। বৈঠকে টেক্সটাইল ও পোশাক খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তারা আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে উচ্চমূল্যের পোশাক তৈরির জন্য উচ্চমানের ইয়ার্ন, বিশেষ করে ম্যান-মেডভিত্তিক ইয়ার্নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশ ও ভারতের মধ্যে উন্নত আঞ্চলিক সংযোগ প্রতিষ্ঠা, বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর জন্য নতুন স্থলবন্দর খোলার ওপর গুরুত্ব প্রদান করেন।
ভৌগোলিক নৈকট্য এবং উন্নত সংযোগের কারণে লিডটাইম এবং পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে কমে। ফারুক হাসান বলেন, ‘এ সুযোগ কাজে লাগালে উভয় পক্ষই উপকৃত হবে।’
তিনি স্পোর্টকিং এবং বাংলাদেশী প্রস্তুতকারকদের মধ্যে সম্ভাব্য অংশীদারত্বের ওপর জোর দেন, যার লক্ষ্য হবে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্পোর্টকিংয়ের সরবরাহ করা সুতা দিয়ে সহযোগিতামূলকভাবে উচ্চমানের পোশাক তৈরি করা।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্পোর্টকিংকে অনুরোধ করেন, স্পোর্টকিং যেন তাদের গ্রাহকদের বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করার জন্য উৎসাহিত করে। এ ধরনের সহযোগিতায় উভয় পক্ষই উপকৃত হবে বলে জানান তিনি।










