২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক গুণ বেড়ে যায়। এর পরও বাংলাদেশ সরকার জনতুষ্টিবাদী বাজেট প্রণয়ন করে। সে বাজেটের ভুল সিদ্ধান্তের ফল জনগণ এখনো ভোগ করছে।
গতকাল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আগামীর বাজেট’ শীর্ষক এ সেমিনারে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দুই থেকে আড়াই গুণ বেড়ে গিয়েছিল। এটা পূর্বানুমান করা কি খুব বেশি কঠিন ছিল? কিন্তু আমরা এমন একটা বাজেট তখন করলাম, আমাদের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ, ব্যালান্স অব পেমেন্টসে কোনো ধরনের সমস্যা নেই, মুদ্রাস্ফীতি ধরে রাখলাম নিম্ন পর্যায়ে, সুদহারের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আগামীতে জনতুষ্টিবাদী কথাবার্তা না বলে বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করুন।’
সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী রাখা ও বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখাই সরকারের লক্ষ্য। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ, নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখা, ফাস্ট ট্র্যাক অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়নে সম্পদের জোগান দিতে সরকার সচেষ্ট।’
অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাজেটে সরকারের মৌলিক নীতিনির্ধারণী দলিলগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দারিদ্র্য নিরসন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু অভিঘাত মোকাবেলা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সেবার মান বৃদ্ধির প্রচেষ্টা থাকবে। রাজস্ব আহরণ কার্যক্রম ডিজিটালাইজেশন করা হচ্ছে।’
সেমিনারে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘বাজেটের আগে ঘটা করে ব্যবসায়ীদের নানা সমস্যার কথা শোনা হয়। তবে এসব সমস্যা সমাধানে কোনো কার্যকরী উদ্যোগ নেয় না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চড়া মূল্যস্ফীতি এবং উৎপাদনশীলতা হ্রাসের এ সময়ে যথাযথ সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এমন আশা করাটা বোকামি।










