দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় ৩০ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ২৩ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৫৩ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে দশমিক ৩৮ শতাংশ কমে ২ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১১৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ২৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ২১২টির। এছাড়া লেনদেন হয়নি ১৮টির।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৩০ দশমিক ৭৮ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৫৯৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৪৫৫ কোটি ৯৯ লাখ টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ খাত। ৯ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। মোট লেনদেনের ৯ দশমিক ৬ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। আর বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল সাধারণ বীমা, বস্ত্র ও মিউচুয়াল ফান্ড খাত। এ তিন খাতে যথাক্রমে ১ দশমিক ৯ শতাংশ, ১ দশমিক ২ ও দশমিক ৪ শতাংশ রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল ভ্রমণ, পাট ও কাগজ খাত। এ তিন খাতে রিটার্ন কমেছে যথাক্রমে ৫ দশমিক ২ শতাংশ, ২ দশমিক ৫ শতাংশ ও ১ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৫৩৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ২৪ শতাংশ বেড়ে ১১ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৮৬ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৮৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬০ কোটি ১৪ লাখ টাকা। এ সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৫৪টির, অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।










