প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। শুক্রবার (২৪ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রীয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি, জাতীয় সংগীত পরিবেশন, ফ্ল্যাশ মব, ‘রেড টু গ্রিন: ডিআইইউ জার্নি’ শীর্ষক নৃত্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য ড. এম আর কবীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাভিত্তিক পথচলার কথা তুলে ধরেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নেতৃত্বের দর্শন ও মানবকল্যাণে অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আর সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মাসুম ইকবাল রজতজয়ন্তী বছরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের এ দীর্ঘ যাত্রার সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যদের বিভিন্ন সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে মশাল প্রজ্বালন ও কেক কাটার মধ্য দিয়ে ২৫ বছরে পদার্পণের ক্ষণগণনা শুরু হয়। আগামী এক বছর শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতামূলক নানা কর্মসূচির মাধ্যমে রজতজয়ন্তী উদযাপন করা হবে।-বিজ্ঞপ্তি










