বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে ফ্রান্সের তুলুসে একটি হোটেলে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-প্যারিস’ ২০২৩ শীর্ষক একটি সামিট গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
সামিটে স্বাগত বক্তব্য দেন ইউনোস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর অডিও-ভিজুয়াল প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুলুস মেট্রোপোলের ভাইস প্রেসিডেন্ট জিন-ক্লদ দারডেলেট। এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পিয়েরে জিন মালগুয়েরেস বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বৈশ্বিক সামষ্টিক ও অর্থনৈতিক নানা সূচকে যেমন জিডিপি প্রবৃদ্ধির উচ্চহার, দারিদ্র্য হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, বৃহৎ দেশীয় বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, দক্ষ জনবল, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। বিএসইসির চেয়ারম্যান প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের দৃঢ় ও সম্ভাবনাময় অবস্থানের চিত্রও তুলে ধরেন।
সামিট আয়োজনে ‘টার্নিং বাংলাদেশ ইনটু অ্যান অ্যাভিয়েশন হাব-পারসপেকটিভ, কানেক্টিভিটি অ্যান্ড ট্যুরিজম’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, ফ্রান্সের সিভিল এভিয়েশন অথরিটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মিশন প্রধান করিম বেক্কুছে এবং বিশ্বের বৃহত্তম বিমান প্রস্তুতকারক কোম্পানি ‘এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট জুয়ান ক্যামিলো রদ্রিগেজ’।
বাংলাদেশের পুঁজিবাজার ও বিনিয়োগের সুযোগ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের তুলুসে সামিট আয়োজন করা হয়। সামিটটি আয়োজনের ফলে দেশের পুঁজিবাজারে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে এবং বাংলাদেশে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করা হয়।










