দক্ষিণ কোরিয়ায় শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হুন্দাই গ্রুপ। সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের শীর্ষ জাহাজ নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছে গ্রুপটির জাহাজ নির্মাণ শাখা হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ (এইচএইচআই)। এবার বিশ্বের শীর্ষ জাহাজ নির্মাতা হিসেবে নাম লিখাতে চায় দক্ষিণ কোরিয়াভিত্তিক শিল্প জায়ান্টটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
এইচএইচআই ১০টি ডেকে জাহাজ নির্মাণ করে। উলসানভিত্তিক জাহাজ নির্মাতাটি বলছে, ফেব্রুয়ারি নাগাদ তাদের ব্যাকলগ অর্ডার ১৫২টি। প্রায় তিন বছরের ব্যবসার সমমান এ ক্রয়াদেশের আর্থিক মূল্য ২ হাজার ৬০০ কোটি ডলার। গত কয়েক বছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও মিথানলের মতো জ্বালানিচালিত ইঞ্জিনে জোর দিচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতা মূলত চীনের সঙ্গে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকতে পরিবেশবান্ধব জ্বালানিতে মনোযোগ দিয়েছে দক্ষিণ কোরীয় নির্মাতাটি।
হুন্দাই হেভি বলছে, তাদের কাছে আসা ইঞ্জিনের ক্রয়াদেশের ৬০ শতাংশই পরিবেশবান্ধব জ্বালানির। গত বছর এলএনজি ও হাইড্রোজেন-দুটোই চালিত ইঞ্জিনের পরীক্ষা করেছে এইচএইচআই। সম্পূর্ণ হাইড্রোজেনচালিত জাহাজ নির্মাণে যাওয়ার অংশ হিসেবে এটা করা হয়।
এইচএইচআইয়ে ৪০ বছর ধরে কর্মরত লি মান-সু বলেন, ‘ব্যাকলগ অর্ডারের ৫৩টিই এলএনজি ক্যারিয়ারের। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে নির্মাণ হচ্ছে আমাদের এলএনজি ক্যারিয়ারগুলো। অন্যান্য কোম্পানির এলএনজি ক্যারিয়ারের চেয়ে ১০-১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ী এইচএইচআইয়ের জাহাজগুলো।’
বর্তমানে একটি জাহাজ নির্মাণে যুক্ত থাকা লি আরো বলেন, ‘চলতি বছরের প্রথমার্ধেই আমরা জাহাজটি ডেলিভারি দিতে যাচ্ছি। চুক্তি স্বাক্ষরের দুই বছরের মধ্যে গ্রাহকের কাছে আমরা জাহাজ পৌঁছে দিতে সক্ষম হব বলে আশা করছি। ২৯৯ মিটার দীর্ঘ, ৩৫ দশমিক ৫ মিটার উঁচু ও ৪৬ দশমিক ৪ মিটা প্রশস্ত জাহাজটি ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার এলএনজি পরিবহনে সক্ষম হবে।’
গতকাল ২০ কোটি ব্রেক হর্সপাওয়ারের (বিএইচপি) রেকর্ড গড়ে এইচএইচআই। এখনো বিশ্বের কোনো জাহাজ নির্মাতা এমন সক্ষমতার ইঞ্জিন উৎপাদন করতে পারেনি। প্রায় ১২ লাখ ৫০ হাজার মাঝারি আকারের সেডান ইঞ্জিনের সম্মিলিত ইঞ্জিন সক্ষমতার সমান ২০ কোটি বিএইচপি। ১৯৭৯ সালে বৃহৎ জাহাজের ইঞ্জিন নির্মাণ শুরুর ৪৪ বছরের মধ্যে এ মাইলফলক স্পর্শ করেছে।
এইচএইচআইয়ের ভাইস প্রেসিডেন্ট লি ইয়াং-ডাক বলেন, ‘আমাদের চেয়ে ৫০ বছর আগে এ ব্যবসায় এসেছে জাপান। আমাদের প্রযুক্তি উন্নততর হওয়ায় আমরা তাদের চেয়ে আট কোটি বিএইচপি এগিয়ে আছি। এখন পর্যন্ত আমরা ২ হাজার ৩০০ জাহাজ নির্মাণ করেছি, যা বিশ্ববাজারের ২০ শতাংশ। আমরা ৫২টি দেশের ৩৩০ গ্রাহকের সঙ্গে কাজ করছি।’
জাহাজ নির্মাণ শিল্পে শ্রমিক স্বল্পতার ব্যাপারে এইচএইচআইয়ের ভাইস চেয়ারম্যান হান ইয়াং-সিয়ুক জানান, ২ হাজার ৮০০ বিদেশী কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া চলতি বছরে ২০০-৩০০ কোরীয় কর্মী নিয়োগ দিতে যাচ্ছে এইচএইচআই।










