উত্তরাধিকার সূত্রে দুই দশকের মধ্যে বড় অংকের সম্পদ স্থানান্তর হবে পরবর্তী প্রজন্মে, যা সাধারণত ‘গ্রেট ওয়েলথ ট্রান্সফার’ হিসেবে পরিচিত। তবে এ আলোচনায় প্রায়ই দাম্পত্য সঙ্গীদের মধ্যে সম্পদ স্থানান্তর বা ‘হরাইজনটাল ওয়েলথ ট্রান্সফারের’ বিষয়টি উল্লেখ থাকে না। সম্প্রতি ইউবিএস গ্লোবালের এক প্রতিবেদনে জানা গেছে, এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে আনুমানিক ৯ ট্রিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তর হবে, যা মূলত নারীদের মালিকানায় থাকবে। খবর সিএনবিসি।
পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে ২০-৩০ বছরের মধ্যে বেবি বুমার্স (১৯৪৬-৬৪ সালের মধ্যে যাদের জন্ম) ও পুরনো প্রজন্ম থেকে ৮৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর হবে। এ সম্পদের বড় অংশের মালিক হবেন জেনারেশন এক্স (১৯৬৫-৮০ সালের মধ্যে যাদের জন্ম), মিলেনিয়ালস (১৯৮১-৯৬ সালের মধ্যে জন্ম) ও জেনারেশন জেড (১৯৯৭-২০১২ সালের মধ্যে জন্ম)। এর বাইরে আনুমানিক ৯ ট্রিলিয়ন ডলারের সম্পদ এক সঙ্গী থেকে অন্য সঙ্গীর কাছে স্থানান্তর হবে।
ইউবিএস গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ ও নারীর গড় আয়ু একই নয়। নারীরা সাধারণত পুরুষদের চেয়ে বেশিদিন বাঁচেন। এছাড়া অনেক দম্পতির মধ্যে বয়সের পার্থক্য থাকে, যেখানে একজন আরেকজনের তুলনায় বয়সে বড় বা ছোট হয়। যখন একজন সঙ্গী মারা যান, তখন জীবিত সঙ্গী সাধারণত তাদের সম্পদ উত্তরাধিকার হিসেবে পান। গড়ে এ ধরনের সম্পদ চার বছর তাদের হাতে থাকে। এরপর পরবর্তী প্রজন্ম বা অন্য কারো কাছে হস্তান্তর করেন।
সম্পদ স্থানান্তরের আলোচনায় ‘হরাইজনটাল ওয়েলথ ট্রান্সফার’ মোটাদাগে দৃশ্যমান নয় বলে জানানো হয় প্রতিবেদনে। এ ধরনের স্থানান্তর সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ ও বিলাসবহুল খরচের ধরনকে পরিবর্তন করতে পারে, যা এতদিন পুরুষরা করে আসছিল।
ইউএসবি গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ পল ডোনোভান বলেন, ‘বেশির ভাগ মানুষ মনে করেন প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদ স্থানান্তর হয় উলম্বিকভাবে। অর্থাৎ ফ্যামিলি ট্রির নিচের দিকে যায়, যেমন বাবা-মা থেকে সন্তানের কাছে। কিন্তু প্রায় ১০ শতাংশ সম্পদ আনুভূমিকভাবে যায়, অর্থাৎ সন্তানদের মধ্যে তৎক্ষণাৎ স্থানান্তর না হয়ে সঙ্গীর কাছে যায়। যদিও এ প্রবণতা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে। তবে প্রাথমিকভাবে বিষয়টি এমনই।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দাম্পত্য সঙ্গীর কাছে সবচেয়ে বেশি সম্পদ স্থানান্তর হবে আমেরিকায়। এ অঞ্চলে ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ রয়েছে যাদের বয়স ৭৫ বছরের বেশি। তাদের সম্মিলিত হস্তান্তরযোগ্য সম্পদের মূল্য ৫০ ট্রিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে পরের প্রজন্মে সম্পদ স্থানান্তরকারীদের গড় বয়স ৮৫ বছরের বেশি।
কিছু পরিবার হয়তো তাদের সম্পদ সরাসরি পরবর্তী প্রজন্মকে দান করবে। কিন্তু অনেক ক্ষেত্রে সম্পদ প্রথমে জীবিত দাম্পত্য সঙ্গীর কাছে যাবে এবং তারপর সে সঙ্গী পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করবেন।
প্রতিবেদন থেকে জানা যায়, সঙ্গীদের কাছ থেকে প্রাপ্ত ৯ ট্রিলিয়ন ডলারের ৮ দশমিক ৪ ট্রিলিয়ন পরবর্তী প্রজন্মের হাতে যাচ্ছে। এতে জীবিত সঙ্গী বিশাল সম্পদ স্থানান্তরের মূল সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠবেন।










