বিনিয়োগ ও আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় মার্চে বন্ধ হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ব্যাংকটি দেউলিয়া হয়ে যাচ্ছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে একদিনে ৪ হাজার ২০০ কোটি ডলার তুলে নেন আমানতকারীরা। ধসে পড়ে এসভিবি। এরপর এসভিবি ফাইন্যান্স গ্রুপ তাদের বিবৃতিতে বলে, গোল্ডম্যান স্যাকসের কাছে বন্ড পোর্টফোলিও বিক্রয় বাবদ ১৮০ কোটি ডলারের লোকসান তাদের আরো বেশি নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেয়। মূলত লেনদেনটির সূত্র ধরেই ত্বরান্বিত হয় এসভিবির পতন প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করেছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

পতনের কয়েক সপ্তাহ আগে গোল্ডম্যান স্যাকসের পরামর্শ অনুসারে এসভিবি বড় অংকের বন্ড পোর্টফোলিও লোকসানে বিক্রি করে। গোল্ডম্যান স্যাকসের এ কার্যক্রমের ওপর তদন্ত চালাচ্ছে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ওয়ালস্ট্রিটভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের পক্ষ থেকে বলা হয়েছে তারা এসভিবি ঘিরে বিভিন্ন সরকারি সংস্থাকে তাদের তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে সহযোগিতা এবং তথ্য সরবরাহ করছে।

নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মধ্যে রয়েছে ২০২৩ সালের মার্চ বা তার কাছাকাছি সময়ে এসভিবির সঙ্গে গোল্ডম্যানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি। যখন প্রস্তাবিত মূলধন বৃদ্ধিতে সহায়তা করার জন্য এসভিসি তাদের নিযুক্ত করে এবং তাদের পরামর্শে নিরাপত্তা পোর্টফোলিওর একটি বড় অংশ বিক্রি করে দেয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এ-সংক্রান্ত তথ্য নিবন্ধিত রয়েছে।

গোল্ডম্যান স্যাকসের পক্ষ থেকে এসভিবিকে ক্রমবর্ধমান সুদহারের বিপরীতে হ্রাসকৃত ২ হাজার ১০০ কোটি ডলার মূল্যের মার্কিন সরকারের ঋণ পোর্টফোলিও বিক্রয়ের পরামর্শ দেয়া হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে এসভিবি তা বিক্রিও করে দেয়। তাৎক্ষণিক ব্যাংকটি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। এ সময় এসভিসির শেয়ার বিক্রির চেষ্টাও চালানো হয় গোল্ডম্যান স্যাকসের পক্ষ থেকে। কিন্তু বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা দ্রুত অর্থ তুলে নিলে এসভিবির আর শেষ রক্ষা হয় না।

১০ ​​মার্চ আকস্মিকভাবে এসভিবির পতনের পর ব্যাংক খাতের আস্থার সংকট আরো দুটি আঞ্চলিক ঋণদাতা প্রতিষ্ঠানকে ব্যর্থতার দিকে পরিচালিত করে। শেয়ারবাজারে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনার প্রভাব পড়ে সিগনেচার ব্যাংকেও। প্যাকওয়েস্ট ব্যানকর্প ও ওয়েস্টার্ন অ্যালায়েন্সের মতো কোম্পানির শেয়ারের দামও পড়ে যায়। যদিও এ ঋণদাতা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেছিল তারা আর্থিকভাবে সচ্ছল। কিন্তু সংকট শুরুর পর থেকে বেশ কয়েকটি ছোট ব্যাংকের শেয়ারমূল্য প্রভাবিত হয়। 

যদিও গোল্ডম্যান স্যাকসের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে তদন্তকারী নিয়ন্ত্রক সংস্থার নাম জানানো হয়নি। তবে মার্চে সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের কয়েকদিন পর প্রতিনিধি পরিষদের গণতান্ত্রিক আইন প্রণেতাদের একটি দল এসইসি, এফডিআইসি ও মার্কিন বিচার বিভাগের প্রধানদের কাছে চিঠি পাঠায়, যেখানে তারা আঞ্চলিক ব্যাংকের উপদেষ্টা হিসেবে গোল্ডম্যান স্যাকসের ভূমিকা ঘিরে তদন্ত গ্রহণের উদ্যোগ নেয়ার আহ্বান জানায়।