এক কেজি তিমির লেজের মাংসের দাম ৫ লাখ ইয়েন অর্থাৎ ৩ হাজার ৬০০ ডলার। এমনটাই ঘটেছে ১৪ নভেম্বরে জাপানে ডাকা এক নিলামে। বিক্রয়ের এ নজির পূর্ববর্তী সব রেকর্ডকে অতিক্রম করেছে। কিয়োদো সেনপাকু করপোরেশন জাপানের অন্যতম তিমি শিকার ও তিমি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ৪ ও ৭ নভেম্বরের মধ্যে কোম্পানিটি পূর্ব হোক্কাইদো অঞ্চল থেকে ‘সেই হোয়েল’ প্রজাতির তিনটি তিমি শিকার করে। শিকার করা দুটি পুরুষ ও একটি স্ত্রী তিমি ১২ নভেম্বর জাহাজে করে আনা হয় শিমোনোসেকিতে। তোলা হয় সেখানকার শিমোনোসেকি ফিশিং পোর্টের পাইকারি বাজারে। দুর্লভ প্রজাতির সেই তিমিগুলোর লেজের মাংস বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫ লাখ ইয়েনে। জাপানের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম বলে দাবি কিয়োদো সেনপাকুর। ২০২১ সালে একই প্রজাতির তিমির মাংস কেজিপ্রতি ১ লাখ ২০ হাজার ইয়েন (৮৬০ ডলার) দামে বিক্রি হয়েছিল। কিয়োদো এজেন্সি