পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ১ হাজার ১১৫ ৯৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৯৮৭ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪১ কোটি ২৭ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৪ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৪০ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ছিল ১৩ নভেম্বর।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বেক্সিমকো ফার্মার সমন্বিত ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সা।
এর আগের ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বেক্সিমকো ফার্মা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা শূন্য ৮ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার ১৪৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৪৬ টাকা ২০ পয়সা ও ১৫৫ টাকা ৪০ পয়সা।










