পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) শেয়ার লেনদেন লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএসসিসিএল। আলোচ্য হিসাব বছরে বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৬৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৪ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়াহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে জন্য ঘোষিত ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে বিএসসিসিএল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৪৪১ কোটি ৭৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪৪ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৫ কোটি ২ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৯০ কোটি ৭৩ লাখ টাকা।