বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করায় কোম্পানিটির ক্যাটগরি উন্নীত হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ছয় বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে সম্প্রতি উচ্চ আদালতের কাছ থেকে অনুমোদন নিয়েছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত সমস্যাগ্রস্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় ২০১৭-২২ পর্যন্ত ছয় হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এ সময় ২০২২ হিসাব বছর বাদে বাকি পাঁচ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।
২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পর্ষদ। স্ক্র্যাপ ও কারখানায় থাকা অবশিষ্ট তৈরি পোশাকপণ্য বিক্রির আয় থেকে এ লভ্যাংশ দেয়া হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭ পয়সা।
প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই ২০১৭ সালের শুরুতে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের উৎপাদন বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় তৈরি পোশাক ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড-অ্যালায়েন্সের চাহিদা অনুযায়ী কারখানা সংস্কার করার কথা বলে ২০১৭ সালের ১ মে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেয় সিঅ্যান্ডএ কর্তৃপক্ষ। এতে ২০১৬ সাল থেকে লভ্যাংশবঞ্চিত হন সাধারণ বিনিয়োগকারীরা।










