ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় শীর্ষে ইস্তানবুল এয়ারপোর্ট। ইউরোপীয় এয়ার নেভিগেশন সেফটি অর্গানাইজেশনের (ইউরোকন্ট্রোল) সর্বশেষ এয়ার ট্রাফিক অপারেশন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি।

ব্রাসেলসভিত্তিক নিয়ন্ত্রক সংস্থাটি ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সময়কালকে পর্যবেক্ষণ করে।

তথ্য বলছে, এ সময়ে তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্ট থেকে প্রতিদিন গড়ে ১ হাজার ৪৪৬টি ফ্লাইট চলাচল করেছে। ফলে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরের খেতাব অর্জন করেছে ইস্তানবুল।

প্রতিবেদন বলছে, ফ্লাইট চলাচলের ভিত্তিতে এর পরের অবস্থানে আমস্টারডাম। বিমানবন্দরটি থেকে প্রতিদিন ১ হাজার ৩১৪টি ফ্লাইট চলাচল করে। এছাড়া ১ হাজার ২৭২টি ফ্লাইট নিয়ে লন্ডন হিথ্রোর অবস্থান তৃতীয়।

১ হাজার ২৪৫টি ফ্লাইট নিয়ে প্যারিস-চার্লস দ্য গ্যালে চতুর্থ এবং ১ হাজার ১৯৪টি ফ্লাইট নিয়ে পঞ্চম অবস্থানে ফ্রাংকফুট।

ইউরোকন্ট্রোলের পর্যবেক্ষণ করা সময়ের মধ্যে ইউরোপজুড়ে প্রতিদিন ২৮ হাজার ২০৪টি ফ্লাইট চলাচল করেছে। সংখ্যাটি কভিড-১৯ প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালের স্তরের ৯২ শতাংশের সমান।

২০২৩ সালের শীর্ষ ১০ বিমানবন্দরের তালিকার মধ্যে ইস্তানবুল ও পালমা দ্য ম্যালোর্কা সবচেয়ে এগিয়ে। এ দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল মহামারীপূর্ব স্তর অতিক্রম করেছে।

সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২১ শতাংশ এবং ২০২২ সালের তুলনায় ২৪ শতাংশ দৈনিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে ইস্তানবুল প্রথম স্থান অর্জন করেছে।