ওমানের বার্ষিক মূল্যস্ফীতির হার গত আগস্টে দশমিক ৮২ শতাংশে পৌঁছেছে। গত বছরের একই সময় মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি দেশটির জাতীয় তথ্য ও পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।
জুলাইয়ে মধ্যপ্রাচ্যের দেশটির মূল্যস্ফীতি হার ২৮ মাসের সর্বনিম্নে নেমে দশমিক ৪১ শতাংশে পৌঁছেছিল। আগস্টে মূল্যস্ফীতির হার বৃদ্ধির পেছনে ভোক্তা মূল্য সূচকের বিভিন্ন খাতের ভূমিকা রয়েছে। খাদ্য ও পানীয় খাতে মূল্যস্ফীতি ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
মূল্যস্ফীতির পেছনে বেশ কয়েকটি উপখাতের ভূমিকাও রয়েছে। এর মধ্যে মাছ ও সামুদ্রিক খাবারে ১১ দশমিক ৬৫ শতাংশ, দুগ্ধ ও ডিমে ৮ দশমিক ৮৭ ও শাকসবজিতে ৫ দশমিক ৫ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, মাংসের দাম ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এছাড়া গৃহস্থালি আসবাবপত্র ও নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচ ২ দশমিক ৬৩ শতাংশ, বিবিধ পণ্য ও পরিষেবা ২ দশমিক ৬১, খাবার ও বাসস্থান ২ দশমিক ৬৪ এবং তামাকের মূল্য ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।










