নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। ২০৩০ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জনে আরো ৩০ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুবিধা যুক্ত করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।

আমেরিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশ হলো মেক্সিকো। এরই মধ্যে দেশটি নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একত্রে কাজ শুরু করেছে।

এদিকে ৬ নভেম্বর মিসরের শারম আল শেখ নগরীতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন কপ২৭। যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় বিশ্বের প্রায় ২০০টি দেশ এ সম্মেলনে যোগ দিয়েছে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ডও এ সম্মেলনে যোগ দিয়েছেন। এতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন মার্সেলো।

২০২১ সালের শেষ নাগাদ ৩০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ, জিওথার্মাল, বায়ু ও জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করে মেক্সিকো সরকার। এগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দ্বিগুণ করার ঘোষণা দেয়া হয়েছে। সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা বাড়িয়ে ৪০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।

এর আগে সম্প্রতি ২০১৬ সালের পর এবারই প্রথমবারের মতো কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রার ঘোষণা দেয় মেক্সিকো সরকার। এ ঘোষণার ঠিক এক সপ্তাহ পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বৃদ্ধির নতুন লক্ষ্যমাত্রাটি সামগ্রিকভাবে মেক্সিকোর জাতীয় উন্নতিতে অবদান রাখতে সক্ষম হবে। পাশাপাশি যানবাহন উৎপাদনের হাবে পরিণত হওয়ার লক্ষ্যও রয়েছে মেক্সিকোর। এছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে পরিবেশবান্ধব গাড়ি বিক্রির হার ৫০ শতাংশে নেয়ার ঘোষণাও দিয়েছে দেশটি।

এদিকে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেমেক্সের উৎপাদন প্রক্রিয়া সংশ্লিষ্ট কাজে নিরাপত্তা বৃদ্ধি করতে ২০০ কোটি ডলার বরাদ্দ করেছে মেক্সিকো সরকার। পেমেক্স জানায়, আগামী বছরের প্রথমার্ধে নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার সঙ্গে একত্রে কাজ করবে পেমেক্স। মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে মেক্সিকো সরকারকে সহযোগিতা করতে বাইডেন প্রশাসন প্রস্তুত রয়েছে।