যুক্তরাষ্ট্রের শেল অয়েল (পাথুরে ভাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। আগস্টে জ্বালানি পণ্যটির উত্তোলন দৈনিক ৪২ হাজার ব্যারেল করে বেড়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এ পূর্বাভাস দিয়েছে।
এক প্রতিবেদনে ইআইএ জানায়, আগস্টে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে দৈনিক ৭৯ লাখ ৭ হাজার ব্যারেল শেল অয়েল উত্তোলন করতে সক্ষম হবে। জুলাইয়ে উত্তোলন ২৮ হাজার ব্যারেল করে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।
শেল অয়েল উত্তোলনে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকের সাতটি প্রধান বেসিন থেকে জ্বালানি পণ্যটি উত্তোলন করা হয়। সবগুলো বেসিনেই আগস্টে উত্তোলন ঊর্ধ্বমুখী থাকবে বলে জানায় ইআইএ।
যুক্তরাষ্ট্রের শেল অয়েল উত্তোলন বেসিনগুলোর মধ্যে সবচেয়ে বড় পারমিয়ান বেসিন। মোট উত্তোলন বৃদ্ধিতে বেসিনটি সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। পূর্বাভাস অনুযায়ী, আগস্টে পারমিয়ান বেসিন থেকে শেল অয়েল উত্তোলন দৈনিক ৫৩ হাজার ব্যারেল করে বাড়বে। তবে নর্থ ডাকোটা বেসিনের শেল অয়েল উত্তোলন কেন্দ্র ব্যাকনে উত্তোলন হ্রাসের পূর্বাভাস মিলেছে।
এদিকে প্রধান সাতটি বেসিন থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইআইএ। এ নিয়ে টানা দুই মাসের মতো পণ্যটির উত্তোলন বাড়বে। পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসে যুক্তরাষ্ট্রের গ্যাস উত্তোলন দৈনিক প্রায় ১০ কোটি ঘনফুট করে বৃদ্ধি পাবে। এ সময় সব মিলিয়ে উত্তোলন করা হবে দৈনিক ৮ হাজার ৫৫০ কোটি ঘনফুট গ্যাস। এটি ২০১৯ সালের একই মাসের রেকর্ড সর্বোচ্চ উত্তোলনের কাছাকাছি। ওই মাসে ৮ হাজার ৬৯০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছিল।
ইআইএর দেয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উত্তোলন বেসিন অ্যাপালাশিয়া। আগস্টে এ বেসিন থেকে শেল অয়েল উত্তোলন দৈনিক ১০ কোটি ঘনফুট করে হ্রাস পাবে। মোট উত্তোলনের পরিমাণ দাঁড়াবে দৈনিক ৩ হাজার ৪৪০ কোটি ঘনফুটে। গত বছরের ডিসেম্বরে এ বেসিন থেকে উত্তোলিত হয়েছিল দৈনিক ৩ হাজার ৫৬০ কোটি ঘনফুট শেল অয়েল, যা এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ।
এদিকে টেক্সাসের হেনসভাইল, লুইসিয়ান ও আরকানসাসে প্রাকৃতিক গ্যাস উত্তোলন দৈনিক ১০ কোটি ঘনফুট করে বেড়ে ১ হাজার ৩৫০ কোটি ঘনফুটে উন্নীত হবে।
ইআইএ জানায়, শেল অয়েল উত্তোলন প্রতিষ্ঠানগুলো জুনে সবচেয়ে বড় বেসিনে ৫৪৯টি তেলকূপ খনন করেছে। পাশাপাশি ৮১৮টি তেলকূপ তৈরি সম্পন্ন হয়েছে। অন্যদিকে খনন করা কিন্তু অসম্পন্ন তেলকূপের সংখ্যা ২৬৯ থেকে কমে ২৫২টিতে নেমে এসেছে।










