আবাসন ব্যবসায় আরো বিনিয়োগ বাড়াবে জাপান পোস্ট হোল্ডিংস। ২০টিরও বেশি প্রপার্টিকে বহুমুখী কমপ্লেক্স ভবনে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। মধ্যমেয়াদি একটি ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ২০২৫ সালে বিপুল বিনিয়োগ করবে আবাসন কোম্পানিটি। বিভিন্ন প্রকল্পে কোম্পানিটি ৫০ হাজার কোটি ইয়েন (৩৩৮ কোটি ডলার) বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। জানা গেছে, বিনিয়োগের পরিমাণ আরো বাড়তে পারে। খবর নিক্কেই এশিয়া।

জাপানের প্রধান শহরগুলোসহ রাজধানী টোকিওর অন্তত ২৩টি ওয়ার্ডে বড় পোস্ট অফিস, কোম্পানি হাইজিং ও আবাসন ব্যবসা রয়েছে জাপান পোস্ট হোল্ডিংসের। কেন্দ্রীয় চিওদা ওয়ার্ডের কোজিমাচি পোস্ট অফিসসহ কোম্পানিটি ২০টি সাইটে ব্যাপক আকারে পুনরুন্নয়ন পরিকল্পনা নিয়েছে। ২০২৭ সালের মধ্যে এসব স্থানে থাকা ভবনগুলোকে পুনর্নির্মাণ করে বহুমুখী বাণিজ্যিক ভবনে রূপান্তর করা হবে।

প্রেসিডেন্ট হিরোয়া মাসুদা বলেন, ‘নির্মাণসামগ্রী ও শ্রমিক মজুরি ব্যয় বেড়ে যাওয়ার মধ্যেই আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে আমরা আমাদের ব্যবসাকে এগিয়ে নেয়া যায়।’

পোস্ট অফিসে আর্থিক পরিষেবা সম্প্রসারণ ও ভাড়াটেদের কাছ থেকে ভাড়ার আয় বাড়ানোর উদ্দেশ্যে উন্নয়নযজ্ঞ চালানো হবে। খবরে বলা হয়েছে, বিদ্যমান ইজারা চুক্তি ও অনান্য শর্তাবলির ভিত্তিতেই পুনরুন্নয়ন পরিকল্পনা সাজানো হবে।