সুইজারল্যান্ডের স্বর্ণ রফতানি আবারো বেড়েছে। সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে চীনে। বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে স্বর্ণের চাহিদা ঊর্ধ্বমুখী। অন্যদিকে মূল্যস্ফীতির আশঙ্কায় মূল্যবান ধাতুটিতে বাড়ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগও। মূলত এসব কারণেই রফতানি বাড়াতে সক্ষম হয়েছে ইউরোপের দেশটি। সম্প্রতি সুইজারল্যান্ডের শুল্ক বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীন ও ভারত সবচেয়ে বড় স্বর্ণ ব্যবহারকারী দেশ। অন্যদিকে সুইজারল্যান্ড মূল্যবান ধাতুটির শীর্ষ পরিশোধক ও পরিবহন কেন্দ্র। প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত মাসে চীনের বাজারে সুইজারল্যান্ডের স্বর্ণ রফতানি পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। যদিও বৈরী পরিস্থিতির কারণে ভারতে স্বর্ণ রফতানি কমেছে।

জানুয়ারিতে চীনের বাজারে স্বর্ণের শক্তিশালী চাহিদার কারণে ধাতুটির দাম বেড়েছে। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ সৃষ্টির পর থেকে বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন। এটিও দাম বাড়াতে সহায়তা করছে।

শুল্ক বিভাগের তথ্য বলছে, গত মাসে সুইজারল্যান্ড সব মিলিয়ে ১ লাখ ১৫ হাজার ৭৪৬ কেজি স্বর্ণ রফতানি করেছে। ডিসেম্বরে রফতানির পরিমাণ ছিল ৯৭ হাজার ২০২ কেজি। এছাড়া গত বছরের জানুয়ারিতে রফতানি করা হয়েছিল ৮২ হাজার ৩৩ কেজি। সে হিসাবে মাস ও বছর—দুইয়ের ব্যবধানেই রফতানি বেড়েছে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে চীনে ৭০ হাজার, হংকংয়ে ৩ হাজার ৮০৪ ও ভারতে ১১ হাজার ৬৭৭ কেজি স্বর্ণ রফতানি করা হয়। ডিসেম্বরে এসব দেশে যথাক্রমে ১৪ হাজার ৫০০, ৫ হাজার ৭৬১ ও ২৮ হাজার ৩০৭ কেজি স্বর্ণ রফতানি করা হয়েছিল।