ইউনিসেফের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করল এলজি কেম। কোম্পানিটি শিশুদের স্বাস্থ্যের জন্য প্রযোজ্য দুটি টিকা সরবরাহ করবে। ১০ কোটি ডলারের পোলিও টিকা ইউপোলিও ও ১০ কোটি ডলারের পেন্টাভ্যালেন্ট টিকা ইউপেন্টা। মঙ্গলবার দক্ষিণ কোরীয় কোম্পানি এলজি কেমিক্যালস চুক্তির ব্যাপারে জানায়। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
এলজি কেমিক্যাল ২০২৪ সাল থেকে পরবর্তী দুই বছর ইউপোলিও সরবরাহ করবে। অন্যদিকে ইউপেন্টা সরবরাহ শুরু হবে চলতি বছর থেকেই। চলবে ২০২৭ সাল পর্যন্ত। ইউপেন্টা টিকা মূলত পাঁচটি ভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে। ধনুষ্টংকার, ডিপথেরিয়া, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও হ্যামোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এলজি কেমিক্যালের পক্ষ থেকে চুক্তিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করা হয়েছে। চুক্তি নির্ধারিত টিকা সরবরাহের মাধ্যমে আট কোটি শিশু রোগ প্রতিরোধে সক্ষম হয়ে উঠবে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে পাঠানো হবে টিকাগুলো।
ইউনিসেফ যতগুলো পোলিও টিকা অর্ডার করেছে, তার ৩০ শতাংশের ভারই পেয়েছে এলজি কেম। পাঁচটি কোম্পানি নিলামে জয়যুক্ত হয়েছে। তবে এলজি কেম পেয়েছে সবচেয়ে বড় অংশের দায়িত্ব। যেহেতু আন্তর্জাতিক সংস্থার কাছে টিকা সরবরাহে কোনো মার্কেটিং খরচ নেই। ফলে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত কোম্পানি। জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট পার্ক হিয়ুই-সুল বলেন, ‘নতুন টিকা উৎপাদনে বিনিয়োগ বাড়াবে এলজি কেম। বাড়াবে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক।’
চলতি বছরের মধ্যেই হেক্সাভ্যালেন্ট টিকার প্রথম ট্রায়াল শুরু করতে যাচ্ছে কোম্পানিটি। হেক্সাভ্যালেন্ট ভ্যাকসিন ছয়টি ভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করবে। ধনুষ্টংকার, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হেপাটাইটিস বি ও হ্যামোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এলজি কেম ইউনিসেফের সঙ্গে প্রথম চুক্তি করে ১৯৯৬ সালে। তখন হেপাটাইটিস বির টিকা ইউভ্যাক্স সরবরাহ করে কোম্পনিটি। ইউপেন্টা ২০১৬ সালে ও ইউপোলিও ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্তে উত্তীর্ণ হয়।










