মধ্যপ্রাচ্যের বৃহত্তম জাতীয় ড্রিলিং কোম্পানি অ্যাডনক ড্রিলিং দ্বিতীয় প্রান্তিকে বার্ষিক ১১ শতাংশ নিট মুনাফা বৃদ্ধির রেকর্ড করেছে। বহরে নতুন ল্যান্ড রিগ যুক্ত হওয়ায় কোম্পানিটির আয় বেড়েছে।

কোম্পানিটি শুক্রবার আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জে দেয়া এক নথিতে বলেছে, জুন পর্যন্ত তিন মাসে তাদের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৮০ লাখ ডলারে।

অ্যাডনক ড্রিলিং বলেছে, এ তিন মাসে আয়ের পরিমাণ ৮ শতাংশেরও বেশি বেড়ে ৭২ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির তেল বহরে নতুন রিগ যুক্ত হওয়া, বড় অংকের ব্যয়ের কার্যকর ফলাফল ও তেলক্ষেত্র পরিষেবা সম্প্রসারণে এ মুনাফা এসেছে।

প্রধান নির্বাহী আব্দুল রহমান আল সিয়ারি বলেছেন, ‘এ শক্তিশালী ও ক্রমবর্ধমান আর্থিক পারফরম্যান্সের কারণ আমাদের প্রগতিশীল লভ্যাংশ নীতি। আশা করি, ২০২৩ সালের অন্তর্বর্তী লভ্যাংশ অর্জনের এ ধারা সামনেও বজায় থাকবে এবং আমাদের শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য সৃষ্টিতে আমাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।’

অ্যাডনক ড্রিলিং ২০১৯ সাল থেকে তার অঙ্গপ্রতিষ্ঠান (সিস্টার কোম্পানি) অ্যাডনক অনশোর ও অ্যাডনক অফশোরকে সমন্বিত ড্রিলিং পরিষেবা দিয়ে আসছে। ২০২৭ সাল নাগাদ অ্যাডনক তার উৎপাদন সক্ষমতা দিনে ৫০ লাখ ব্যারেলে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম সম্প্রসারণ করছে।

মে মাসে আল সিয়ারি দ্য ন্যাশনালকে বলেছেন, চলতি বছর অ্যাডনক সংযুক্ত আরব আমিরাতের অপরিশোধিত তেল ও গ্যাস সম্পদের ওপর আরো বেশি নজর দেবে। আগামীতে বৃহত্তর জিসিসি (গল্ফ কো-অপারেশন কাউন্সিল) অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ করার প্রাথমিক পদক্ষেপও তারা হাতে নিয়েছে।

বছরের প্রথমার্ধে অ্যাডনক ড্রিলিংয়ের নিট মুনাফা বার্ষিক ভিত্তিতে ১৮ শতাংশ বেড়ে ৪৪ কোটি ৬৩ লাখ ডলার হয়েছে। ছয় মাসে মুনাফা দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি৷।

আল সিয়ারি বলেন, ‘২০২৩ সালের প্রথমার্ধে অ্যাডনক ড্রিলিংয়ের চমৎকার আর্থিক পারফরম্যান্স প্রমাণ করে আমাদের বহর ও পরিষেবা বাড়ানোর কৌশল এবং বড় অংকের বিনিয়োগ করার সিদ্ধান্ত সঠিক ছিল।’

২০২৩ সালের প্রথমার্ধে কোম্পানিটি ২৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। যার মধ্যে রয়েছে ২০০ কোটি ডলারের অফশোর জ্যাক-আপ চুক্তি অ্যাওয়ার্ড এবং ৪১ কোটি ২০ লাখ ডলারের সমন্বিত ড্রিলিং পরিষেবা চুক্তি।

এছাড়া তারা ছয় মাসের মধ্যে দুটি প্রিমিয়াম অফশোর জ্যাক-আপ এবং ১৬টি নতুন বিল্ড হাইব্রিড পাওয়ার ল্যান্ড রিগ অধিগ্রহণের জন্য ক্রয়-বিক্রয় চুক্তি সই করেছে।

আল সিয়ারি বলেন, ‘আমরা বহর সম্প্রসারণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যার অংশ হিসেবে ১৬টি হাইব্রিড চালিত ল্যান্ড রিগ নির্মাণে চুক্তি সই করেছি, যা আমাদের ডিকার্বনাইজেশন কৌশলের একটি উল্লেখযোগ্য উপাদান হিসেবে কাজ করবে। আর কোম্পানির তেলক্ষেত্র পরিষেবাগুলোর (ওএফএস) আয় বছরে ৪৫ শতাংশ বেড়ে প্রথমার্ধে ২৬ কোটি ডলার হয়েছে।’