প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরীকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ২০ অক্টোবর থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।
প্রফেসর আরশাদ ২০১৯ সাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০২২ সাল থেকে তিনি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এর আগে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায়ও সক্রিয় ভূমিকা রেখেছেন।
প্রফেসর আরশাদ যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
গবেষণাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি যুক্তরাষ্ট্রে ১৫টি পেটেন্টের সহ-উদ্ভাবক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার রিভিউড জার্নাল ও সম্মেলনে ৯৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ ও উপস্থাপন করেছেন।
এছাড়া, তিনি পিয়ার রিভিউড বৈজ্ঞানিক জার্নাল আইইইই ফোটনিক টেকনোলজি লেটারস, জার্নাল অব লাইটওয়েভ টেকনোলজি এবং ওএসএ জার্নাল অব অপটিক্যাল কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিংয়ের রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
—বিজ্ঞপ্তি










