কয়লা উত্তোলনের ক্ষেত্রে চলতি অর্থবছরে ভালো প্রবৃদ্ধির প্রত্যাশা করছে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বলছে, চলতি ২০২০-২১ অর্থবছরে সব মিলিয়ে তাদের কয়লা উত্তোলনের পরিমাণ ৫ থেকে ৭ শতাংশ বেড়ে ৬৪ কোটি থেকে ৬৫ কোটি টনে দাঁড়াতে পারে। যেখানে আগের অর্থবছরে উত্তোলনের পরিমাণ ছিল ৬০ কোটি ২১ লাখ ৪০ হাজার টনে। খবর বিজনেস লাইন।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিশ্বের অন্যতম শীর্ষ কয়লা উত্তোলনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির উত্তোলন ১২ শতাংশের মতো কমেছে। মূলত চাহিদা কমে যাওয়ায় এ সময়ে উত্তোলনে বড় ধস নামে। কিন্তু জুলাই থেকেই শিল্প উৎপাদন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু করায় এখন জ্বালানি পণ্য হিসেবে কয়লার চাহিদা আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। যে কারণে দ্রুত আগের ক্ষতি কাটিয়ে উঠে উত্তোলন বাড়াতে জোরেশোরে কাজ করছে কোল ইন্ডিয়া।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেড়ে চার কোটি টন ছাড়িয়ে গেছে।
অভ্যন্তরীণ কয়লা উত্তোলনের ৮০ শতাংশের বেশি জোগান দেয় কোল ইন্ডিয়া। প্রতিষ্ঠানটি চলতি মাসে এক বিবৃতিতে বলেছে, চলতি বছরের সেপ্টেম্বরে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৪ কোটি ৫ লাখ ১০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আওতায় জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৩১ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালের একই মাসে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৯৭ লাখ ৩০ হাজার টন।
আর চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ১১ কোটি ৫০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আওতায় জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।










