আন্তর্জাতিক বাজারে কমেছে আকরিক লোহার দাম। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনের বন্দরগুলোয় আকরিক লোহার মজুদ বৃদ্ধি পাওয়ায় বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। পাশাপাশি ধাতুটির চাহিদাও কমেছে। আগামী বছরও আকরিক লোহার বাজার নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের দাম স্থির হয়েছে ৬৩৯ দশমিক ৫০ ইউয়ান বা ১০০ ডলার ৪৬ সেন্ট। এদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ১০৮ দশমিক ৫৫ ডলার।
ধাতব পণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান স্টিলহোম জানায়, চীনের বন্দরগুলোয় গত সপ্তাহে আমদানীকৃত আকরিক লোহার মজুদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টন, যা ২০১৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।










