মিসরে ৭০ কোটি ডলার বিনিয়োগ করল হাচিসন পোর্টস। বিনিয়োগ করা দুটি পোর্ট হলো আইন সুখনা ও আলেকজান্দ্রিয়ায় অবস্থিত বি-১০০ কনটেইনার টার্মিনাল। এর মাধ্যমে কেবল মিসরেই কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫০ কোটি ডলার। সম্প্রতি এমনটাই জানিয়েছে হংকংভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল নিউজ।
সুয়েজ খালের দক্ষিণ প্রান্তে অবস্থিত আইন সুখনা বন্দর। সম্প্রতি শিল্প ও পরিবহনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে নির্মিত হবে টার্মিনাল। যার ধারণক্ষমতা হবে ১৭ লাখ টিইইউ বা টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস। গত বছর আমিরাতের বন্দর ও শিল্পনগরী নিয়ন্ত্রণ সংস্থা আবুধাবি পোর্টস চুক্তিতে উপনীত হয় মিসরের সঙ্গে। দেশটির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করে ইজিপশিয়ান গ্রুপ ফর মাল্টিপারপজ টার্মিনালস। মিসরের পরিবহন মন্ত্রণালয়ের বাণিজ্যিক শাখা। চুক্তি অনুযায়ী, আমিরাতের সঙ্গে যৌথভাবে পরিচালনা করবে আইন সুখনা বন্দর। সে সময়েই বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালান হয়। ২০২১ সালে ৭৫০ কোটি ডলার ব্যায়ে আইন সুখনায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরির চুক্তি স্বাক্ষর করে দেশটি। আরব বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ মিসর। দেশটি বর্তমানে বিদেশী মুদ্রার চলমান সংকট নিরসন ও প্রাকৃতিক গ্যাস রফতানিতে মনোযোগী। সম্প্রতি রাশিয়া গ্যাস রফতানি সংকুচিত করে নেয়ায় বেড়েছে মূল্য। বিশ্বব্যাপী দেখা দিয়েছে জ্বালানি সংকট। মিসর এ সুযোগে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়িয়েছে।
হাচিসন পোর্ট এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ২৬টি দেশে বন্দর ও টার্মিনাল পরিচালনা করে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে কোম্পানিটি মিসর, তানজানিয়া, ইরাক, ওমান, সৌদি আরব ও আরব আমিরাতে সক্রিয়ভাবে উপস্থিত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এরিক ইপ বলেন, ‘এ বিনিয়োগ মিসর ও আফ্রিকার বাজার নিয়ে আমাদের দায়বদ্ধতার প্রকাশ। ফলে উচ্চপরিষেবা গ্রহণের সুযোগ পাবেন গ্রাহকরা। বাড়বে স্থানীয় অর্থনীতি।’










