পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ১০ মে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৩ টাকা ৭০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ক্রমশ ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৮৬ টাকা ৮০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ শতাংশের বেশি। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

সর্বশেষ প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১ হিসাব বছর শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ তহবিলে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৫ লাখ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ১২ পয়সায়। একইভাবে আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৯৭ পয়সায়।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩২ দশমিক ৫৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।