অপরিশোধিত পাম অয়েলের আমদানি শুল্ক কমিয়েছে ভারত। বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে শুল্কহার। গত রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক হ্রাসের ঘোষণা দেয় দেশটির সরকার।
বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। দেশটির সরকার সব ধরনের পণ্যের দাম কমিয়ে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে। এর উদ্দেশ্য স্থানীয় পরিশোধন কোম্পানি ও ভোক্তাদের সহায়তা করা। এ প্রচেষ্টার অংশ হিসেবেই পাম অয়েলের আমদানি শুল্ক কমানো হয়েছে।
নতুন এ শুল্কহার অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েলের আমদানি শুল্কের ব্যবধান বাড়াবে। শুল্ক কমানোয় পরিশোধকরা কম দামেই অপরিশোধিত পাম অয়েল কিনতে পারবেন বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা।
সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার নির্বাহী (এসইএ) পরিচালক বিভি মেহতা বলেন, অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েলের শুল্কহারের মাঝে ৮ দশমিক ২৫ শতাংশ ব্যবধান বেড়েছে। বিষয়টি পরিশোধন কোম্পানিগুলোর জন্য সুফল বয়ে আনবে। তবে স্থানীয় পরিশোধন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সরকারকে পণ্য দুটি আমদানি শুল্কের ব্যবধান ১১ শতাংশে নিয়ে যাওয়া উচিত।
ভারত স্থানীয় চাহিদার এক-তৃতীয়াংশের বেশি ভোজ্যতেল আমদানি করে। কয়েক মাস ধরে দেশটি অতিরিক্ত দামের কারণে ভোজ্যতেল সরবরাহে হিমশিম খাচ্ছে। শুল্ক কমানোয় এ সংকট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










