অভ্যন্তরীণ পর্যায়ে চীনের আবাসন খাত এখন অস্থিতিশীল। এ খাতে প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কাজ করছে দেশটি। এছাড়া ইস্পাত উৎপাদন কমানোর ঘোষণাও দেয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য নিম্নমুখী। খবর রয়টার্স।

ইস্পাত উৎপাদনে শীর্ষে থাকা হেবেই প্রদেশে ভয়াবহ বন্যাও দাম কমাতে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বরে বাণিজ্যিক লেনদেনের শীর্ষে থাকা আকরিক লোহার মূল্য ৩ শতাংশ কমে টনপ্রতি ৮১০ দশমিক ৫০ ইউয়ান বা ১১২ ডলার ৭০ সেন্টে নেমে এসেছে। যেখানে আগে এর মূল্য ছিল ৮০৮ দশমিক ৫০ ইউয়ান। গত ১২ জুলাইয়ের পর এটি সর্বনিম্ন।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির উপাদানের বেঞ্চমার্কে এসজেডজেডএফইউ৩-এর টনপ্রতি মূল্য ৪ শতাংশ কমে ৯৯ ডলার ৭০ সেন্টে এসে থেমেছে। ইস্পাত উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপাদানের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। ভারি বর্ষণে হেবেই প্রদেশে তুমুল বন্যা শুরু হয়েছে। যেটি স্থানীয় পর্যায়ে ইস্পাত উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি করেছে। অন্যদিকে, দুই ধরনের ধাতব কয়লার (কোকিং কোল) দামও ৫ ও ২ শতাংশ কমেছে।

এক নোটে এএনজেডের এক বিশ্লেষক জানান, বেশকিছু জায়গায় নতুন করে উৎপাদন কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।