বন্ডহোল্ডারদের সঙ্গে সম্প্রতি এক চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির এ ঋণ পুনর্গঠন প্রক্রিয়ায় সাহায্য করেছে রথচাইল্ড অ্যান্ড কোম্পানি। ২০১৭ সাল থেকে কিয়েভের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছে রথচাইল্ড ইউরোপের ব্যাংক খাতের সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠান। খবর রয়টার্স।
কিয়েভ গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছে, ২ হাজার কোটি ডলার ঋণ পুনর্গঠন করতে বিদেশী বিনিয়োগকারীদের একটি গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে তারা। এ বন্ডহোল্ডারদের মধ্যে রয়েছে মার্কিন আর্থিক জায়ান্ট ব্ল্যাকরক ও পিমকো। আরো রয়েছে ফরাসি অ্যাসেট ম্যানেজার আমুন্ডি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণের পর দুই বছর ধরে এসব ঋণ পরিশোধ স্থগিত ছিল।
এ পুনর্গঠন আলোচনায় অংশ নেয়া পক্ষগুলো ইউক্রেনের মোট বন্ডের ২৫ শতাংশ ধারণ করে। ওই সময় প্রতিষ্ঠানগুলো মূল্যস্ফীতির সমন্বয় ছাড়াই ঋণের ৩৭ শতাংশ বা ৮৭০ কোটি ডলারের ক্ষতি স্বীকার করে নিতে সম্মত হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিশ্চিত করেছে এ চুক্তি কিয়েভে তাদের ১২ হাজার ২০০ কোটি ডলার সহায়তা প্যাকেজের শর্তের সঙ্গে সংগতিপূর্ণ ছিল।
প্রতিবেদনে বলা হচ্ছে, বড় অংকের ঋণের এ পুনর্গঠন কিয়েভকে আগামী তিন বছরে ১ হাজার ১৪০ কোটি ডলার সাশ্রয়ে সাহায্য করবে। চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ ও আইএমএফের প্রকল্পে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ঋণ পুনর্গঠন ইতিহাসের অন্যতম দ্রুততম ও বৃহত্তম, এর আগে আর্জেন্টিনা ও গ্রিসের ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছিল।
ইউক্রেনীয় সরকার ও ঋণদাতাদের মধ্যে এর আগে ২০২২ সালের জুনে ঋণ পুনর্গঠন সম্পর্কিত আলোচনা শুরু হয়। কিন্তু কয়েক সপ্তাহ পর আলোচনা ব্যর্থ হয়। তখন বন্ডহোল্ডারদের অভিযোগ ছিল, ওই সময় ঋণসংক্রান্ত সুবিধা চাওয়ার ক্ষেত্রে ইউক্রেনের দাবি তাদের প্রত্যাশিত ২০ শতাংশের বেশি ছিল। পরবর্তী সময়ে রথচাইল্ডের প্যারিস অফিসে সব পক্ষের মুখোমুখি বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। ওই সময় কিয়েভ বিকল্প হিসেবে জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত বন্ড প্রস্তাব করে। পাওনাদাতাদের চাওয়া অনুসারে তাৎক্ষণিক কুপন পেমেন্টের প্রস্তাবও দেয়া হয়। এ কুপন পেমেন্ট ১ দশমিক ৭ শতাংশ হারে শুরু হয় এবং শেষ পর্যন্ত ৭ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ে। সে প্রস্তাবের পক্ষে বন্ডহোল্ডারদের ৯৭ শতাংশের ভোট পড়ে।










