দশ বছর পূর্তিতে বণিক বার্তা পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দশ বছর আগে বণিক বার্তা যখন যাত্রা শুরু করে, তখন দেখেছিলাম যে বাংলাদেশে ছাপা পত্রিকার জগতে অর্থনীতি ও ব্যবসাবিষয়ক খবরাখবরের একটা বড় ধরনের ঘাটতি ছিল। সেই ঘাটতি পূরণে বণিক বার্তা সক্ষমতার পরিচয় দিয়েছে। আজকে বণিক বার্তা অনেক জনপ্রিয় একটি পত্রিকা। তার কারণ বণিক বার্তা একটি তরুণ গতিশীল টিম দ্বারা পরিচালিত হয় বলেই আমি জানি। তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে সমাজ-রাষ্ট্রের অসংগতি তুলে ধরা ছাড়াও অত্যন্ত বিশ্লেষণধর্মী অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ওপর বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করে যাচ্ছে নিরপেক্ষভাবে। ফলে বণিক বার্তার সর্বজনীন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, দৈনিকটি বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
এছাড়া বণিক বার্তা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের একটি উদ্যোক্তা পুরস্কার দেয়ার ব্যবস্থা করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। একটি পত্রিকার পক্ষে এ ধরনের পদক্ষেপ নেয়া ও তার বাস্তবায়ন নিঃসন্দেহে কঠিন। কাজটি বিআইডিএসকে সঙ্গে নিয়ে নিয়মিতভাবে করে যাচ্ছে তারা। এজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। শুধু জনসচেতনতা বাড়ানো নয়, এর মধ্য দিয়ে তারা উদ্যোক্তাদের উৎসাহিত করায়ও ভূমিকা রেখে যাচ্ছে। সমাজের উন্নয়নে, অর্থনীতির উন্নয়নে তাদের এই গতিশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রচেষ্টা আগামী দিনগুলোয়ও অব্যাহত থাকবে বলে আশা রাখি।
ড. মনজুর হোসেন: সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস










