ড. বিজন কুমার শীল একজন আন্তর্জাতিকমানের বাংলাদেশী ভাইরোলজিস্ট, ভ্যাকসিনোলজিস্ট এবং ভেটেরিনারিনারিয়ান বিজ্ঞানী, যিনি সম্প্রতি নভেল করোনাভাইরাস শনাক্তকরণের র্যাপিড টেস্ট কিট উদ্ভাবন করে বহুল আলোচিত একজন ব্যক্তি। তিনি অনেক আগে বাংলাদেশে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন উদ্ভাবন করেও অনেক আলোচিত হয়েছিলেন এবং কিছু অসাধু ব্যবসায়ীদের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সিঙ্গাপুরে দীর্ঘদিন অবস্থান করা এই ভেটেরিনারি বিজ্ঞানী সেখানে সার্স করোনা ভাইরাস-১ এবং ডেঙ্গু ভাইরাসের র্যাপিড টেস্ট কিট উদ্ভাবন করেও অনেক আলোচিত হয়েছিলেন। তার উদ্ভাবিত সার্স করোনা ভাইরাস-১ এর র্যাপিড টেস্ট কিট পেটেন্ট হয় এবং চীন সরকার সেই পেটেন্ট কিনে নিয়েছিল। এছাড়াও তার নাম আরো অনেকগুলো পেটেন্ট আছে।
দীর্ঘদিন জাপানে অবস্থানকালে তিনি জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস এবং এবং পীতজ্বরের (Yellow Fever) ভ্যাকসিন উদ্ভাবনী গবেষকদের সঙ্গে এক টিমে কাজ করেছিলেন।
সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের মহামারীতে দিশেহারা, দেশের মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করলেন এই ভেটেরিনারি অণুজীববিজ্ঞানী। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি করোনা ভাইরাস শনাক্তকরণের র্যাপিড টেস্ট কিট উদ্ভাবন করলেন। কিন্তু উদ্ভাবনের পর থেকেই এটা নিয়ে নানা বিতর্ক, বিশেষ করে এটার ফলস নেগেটিভ/ফলস পজেটিভ রেজাল্ট নিয়ে।
বেশি ফলস নেগেটিভ রেজাল্ট এলে সেইসব রোগীরা অন্যদেরকে ভাইরাস ছড়িয়ে বেড়াবে এটা কারো কাম্য নয়, আমরাও চাই না আমাদের দেশে এভাবে ভাইরাস ছড়িয়ে পড়ুক এবং ভুল টেস্টের কারণে এর দেশের মানুষ বিপদের সম্মুখীন হোক। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে, আমরা বর্তমানে যে আরটি-পিসিআর টেস্ট করছি এটার সঠিক রেজাল্টের মান কেমন। যদিও বিভিন্ন টিভি টকশোতে বিশেষজ্ঞদের বলতে শুনছি, আরটি-পিসিআর করোনা ভাইরাস শনাক্তের জন্য ১০০ শতাংশ কার্যকর একটা টেস্ট। তারা কীসের ভিত্তিতে এই ডাটা দিয়ে যাচ্ছেন আমি জানি না। পৃথিবীর কোনো টেস্টই ১০০ শতাংশ সঠিক না। আমি বিভিন্ন গবেষণা পেপার দেখে যেটা বুঝলাম, আরটি-পিসিআরেও অনেক ফলস নেগেটিভ রেজাল্ট আসে এবং সেটা ৩০ শতাংশের মতো। তাহলে ১০০ জনের মধ্যে ৩০ শতাংশ যদি ফলস নেগেটিভ আসে আমাদের দেশে প্রতিদিন ৩ হাজারের মতো টেস্ট করা হচ্ছে, সেখানে ৯০০ জনকে আমরা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছি, এই সংখ্যাটা যদি ৯০০ না হয়ে ৯০-ও হয়, এটাও বিপজ্জনক এবং প্রতিদিন আইডিসিআর আরো হাজার হাজার কল পাচ্ছে যাদেরকে টেস্ট করা সম্ভব হচ্ছে না। এখন আমাদের কি এই ফলস নেগেটিভ এবং টেস্টের বাইরে থেকে যাওয়া এই জনগোষ্ঠীকে নিয়ে চিন্তা করা উচিত না ? এর সমাধান কী হতে পারে?
যুক্তরাষ্টের বিখ্যাত মায়ো ক্লিনিক (Mayo Clinic) এর গবেষকরা বলছেন, “There is an urgent need for development of highly sensitive and specific tests or combinations of tests to minimize the risk of false-negative results and ongoing transmission based on a false sense of security. Improved RT-PCR tests and serological assays are needed.”
অর্থাৎ তারা আরটি-পিসিআরের সঙ্গে সেরোলজিক্যাল টেস্ট এর কম্বিনেশন করার পরামর্শ দিচ্ছেন। এখন কথা হলো এটা আমরা কীভাবে করতে পারি? ধরুন, আমাদের ৫ হাজার রোগীকে টেস্ট করতে হবে, এখন আসল রোগীদের সঠিকভাবে আলাদা করতে হলে শুধু আরটি-পিসিআর করলে হবে না, কিছু রোগী শনাক্তের বাইরে থেকে যাবে। আবার শুধু সেরোলজিক্যাল টেস্ট বা র্যাপিড টেস্ট করলেও কিছু রোগী শনাক্তের বাইরে থেকে যাবে। এই ক্ষেত্রে আমরা যদি প্রথমেই সবাইকে র্যাপিড কিট দিয়ে (অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোই) টেস্ট করি, ধরে নিলাম ৫ হাজারের মধ্যে ২ হাজার রোগী পজেটিভ হলো। তাদেরকে আমরা আইসোলেশনে পাঠিয়ে দিবো এবং বাকি ৩ হাজার জনকে আরটি-পিসিআর করবো। এখানে যদি ১ হাজার জন শনাক্ত হয়, যে ২ হাজার জন বাকি থাকলো তাদের ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারবো তারা নেগেটিভ রোগী, যেহেতু ৩টি ক্রস টেস্টেই তারা নেগেটিভ। এক্ষেত্রে আমাদের ৫ হাজার রোগীর সবাইকে আরটি-পিসিআর করা লাগলো না, ২ হাজার আরটি-পিসিআর কমে গেলো, যেটা আমাদের সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিল। এই ২ হাজার আরটি-পিসিআর টেস্ট এর খরচ দিয়ে অনায়াসে ৫ হাজার র্যাপিড টেস্ট কিট ব্যবহার করা যায়।
এখন যারা বলছেন, ডব্লিউএইচওর অনুমতি নেই তাই আমরা র্যাপিড টেস্ট ব্যবহারের অনুমতি দিব না। ডব্লিউএইচও এবং সিডিসি কিন্তু গবেষকদের মতামতের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যেমন তারা প্রথম দিকে বলে আসছিল সুস্থ মানুষের মাস্ক ব্যবহার করার দরকার নেই, করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ট্রান্সমিট হয় না। তাদের এই তত্ত্বগুলো এখন পরিবর্তন হয়ে গেছে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হচ্ছে, “Vaccines are being developed at an unprecedented speed and are already in clinical trials, without preclinical testing for safety and efficacy.”, অর্থাৎ, কোনো ধরনের সেফটি এবং এফিক্যাসি টেস্ট ছাড়াই ভ্যাকসিন সরাসরি হিউম্যান ট্রায়ালে চলে যাচ্ছে। যে ভ্যাকসিন মানুষের শরীরে ইনজেকশন করা হচ্ছে সেইটা যদি সেফটি, এফিক্যাসি টেস্ট ছাড়া ব্যবহার করার অনুমতি পেয়ে যায়, তাহলে ড. বিজন শীলের কিট অনুমতি পেতে সমস্যা কোথায়? এটা তো মানুষের শরীরে ইনজেকশন করা হবে না, মানুষকে খাওয়ানোও হবে না।
জার্নাল অব মেডিক্যাল ভাইরোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, ২১ শতাংশ কভিড-১৯ রোগী পরপর দুইবার আরটি-পিসিআর নেগেটিভ আসার পর, তৃতীয়বার পজেটিভ এসেছে। আমাদের দেশেও সম্প্রতি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে করোনাভাইরাস ইনফেকশন হয়ে। তারও পরপর দুইবার নেগেটিভ টেস্ট রিপোর্ট আসার পর, তৃতীয়বার পজেটিভ এসেছে। আর আমাদের তো একটা রোগীকে তিনবার করে আরটি-পিসিআর করা সম্ভব না, তাই এখানে ক্রস চেক হিসেবে র্যাপিড টেস্ট কিট ব্যবহার করলে হয়তো এই ধরনের ফলস নেগেটিভগুলো মিনিমাইজ করা সম্ভব।
এছাড়াও জার্নাল অব মেডিক্যাল ভাইরোলজিতে প্রকাশিত অন্য একটি গবেষণায় দেখা যায়, ৬১০ জন সাসপেক্টেড রোগীকে আরটি-পিসিআর করার পর ১৬৮ জন পজেটিভ এবং ৩৮৪ জন নেগেটিভ রেজাল্ট এসেছে। নেগেটিভ ৩৮৪ জনকে দ্বিতীয়বার আরটি-পিসিআর করে আবার ৪৮ জনকে পজেটিভ পাওয়া গেছে, এবং এদের মধ্যে থেকে ১২ জনকে আলাদা করে নিয়ে আবার আরটি-পিসিআর করলে ১২ জনের মধ্যে ৭ জন পজেটিভ হয়েছে তৃতীয়বারে, ৪ জন পজেটিভ হয়েছে ৪র্থ বারে এবং একজন পজেটিভ হয়েছে ৫ম বারে।
আবার যারা বলছেন র্যাপিড টেস্টে কিট দিয়ে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে টেস্টে করা যাবে না, কয়েকদিন পরে করতে হয়, সেক্ষেত্রে আরটি-পিসিআর করাই বেস্ট। আরটি-পিসিআরও এরকম সঙ্গে সঙ্গে করলে ফলস নেগেটিভ রেজাল্ট দিতে পারে। ইউরোপিয়ান জার্নাল অব রেডিওলজিতে প্রকাশিত একটা গবেষণায় বলা হচ্ছে, ৩৬ জন রোগীকে আরটি-পিসিআর এর মাধ্যমে টেস্ট করে ৩০ জনকে পজেটিভ পাওয়া গেছে, বাকি ৬ জনের মধ্যে ৩ জনের পজেটিভ রেজাল্ট এসেছে দ্বিতীবার টেস্টে (যথাক্রমে ২ দিন, ২ দিন এবং ৩ দিন পরে ), বাকি ৩ জনের পজেটিভ এসেছে তৃতীয়বার টেস্টে ( যথাক্রমে ৫ দিন, ৬ দিন এবং ৮ দিন পরে ) (১১)।
আমি বলছি না আরটি-পিসিআর বাদ দিয়ে র্যাপিড টেস্টে করতে, আমি বলছি শুধু আরটি-পিসিআর এর ওপর নির্ভর করে থাকাটা কতটা যৌক্তিক, যেখানে আমাদের সুলভমূল্যে সহজেই ক্রস চেক করার অপশন আছে। আমরা সেটা কেন নিবো না?
তাছাড়া উন্নত দেশের যেসব রিপোর্ট আরটি-পিসিআর এর ফলস নেগেটিভ রেজাল্ট তুলে ধরেছে, আমাদের দেশে তার চেয়ে বেশি ফলস নেগেটিভ রেজাল্ট হতে পারে। কারণ দেশের বিভিন্ন জায়গায় নতুন ল্যাব স্থাপন করা হয়েছে, অনেক টেকনোলজিস্টের অভিজ্ঞতার ঘাটতি আছে, বিশেষ করে যাদের সম্প্রতি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হয়েছে, চীন থেকে নিয়ে আসা আরটি-পিসিআর কিটের সেনসিটিভিটি কেমন তা আমরা নিশ্চিত নই (সম্প্রতি ভারতসহ বিভিন্ন দেশ চীনের কিট ফেরত দিয়েছে), আমাদের দেশে যারা নমুনা সংগ্রহ করছে তাদের অভিজ্ঞতা, নমুনার মান, নমুনা সংগ্রহের জন্য সরবরাহকৃত টিউব এবং কটন বাডের মান নিয়েও আপত্তি করেছেন একজন প্রবীণ গবেষক ও স্বনামধন্য অণুজীববিজ্ঞানী- এসব কারণে ফলস নেগেটিভ আরো বেড়ে যেতে পারে।
তাই আমাদের ক্রস চেকের জন্য দেশে তৈরি ড. বিজন কুমার শীলের র্যাপিড টেস্ট কিট কাজে লাগানো অতি জরুরি, দেশ ও জাতির স্বার্থে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন আশা করি।
লেখক: কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা
মহাসচিব, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)










