বেড়ে চলা করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ, যাদের প্রায় সবাই অনানুষ্ঠানিক খাতসংশ্লিষ্ট। সাধারণ ছুটি তথা অঘোষিত লকডাউনের কারণে আয় হারিয়েছেন রিকশা-ভ্যানচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের অনেকেই। তাদের হাতে নেই কোনো সঞ্চয়ও। ফলে করোনাকালে তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। অভাবগ্রস্ত এসব মানুষকে খাদ্যসহায়তা দিচ্ছে সরকার। কিন্তু বিতরণ পর্যায়ে নানা অনিয়মের কারণে সবার কাছে পৌঁছাচ্ছে না তা। চলমান খাদ্যসহায়তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বচ্ছতা নিশ্চিতে অর্থনীতিবিদরা প্রথম থেকেই নগদ অর্থসহায়তা প্রদানে জোর দিয়ে আসছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ অর্থের গুণক প্রভাব বিদ্যমান। এতে অর্থনীতিতে চাহিদা-জোগানের ভারসাম্যহীনতা এড়ানো যায়, বজায় থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা; বাজারও চাঙ্গা থাকে। এতে অপচয় ও বিতরণজনিত ব্যয়ও অনেক কম বলে গবেষণায় প্রমাণিত। কিন্তু এর সাফল্য নির্ভর করছে সুষ্ঠু বাস্তবায়নের ওপর।
লক্ষণীয়, ত্রাণ কার্যক্রমে আমাদের আগের অভিজ্ঞতা সুখকর নয়। বিভিন্ন জায়গায় ঘটেছে চাল চুরির ঘটনা। খোলাবাজারে ত্রাণসামগ্রী বিক্রির ঘটনাও সংবাদমাধ্যমে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ভুয়া কার্ড ব্যবহার করে ত্রাণ আত্মসাতের অভিযোগ এসেছে। একজনের ত্রাণ আত্মীয়-পরিজন তথা সচ্ছল পরিবারকে দেয়ারও প্রমাণ মিলেছে। ফলে প্রকৃত সুফলভোগী অনেকাংশেই বঞ্চিত হয়েছে। নগদ অর্থ প্রদান কার্যক্রমে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি এড়াতে হবে বৈকি। জানা গেছে, এরই মধ্যে পরিবার চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারের সাহায্যে। তালিকায় রাখা হয়েছে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে। এজন্য একটি স্বচ্ছ পরিকাঠামো তৈরি করা জরুরি।
বলা হচ্ছে, ব্যক্তিগত মোবাইল হিসাবে (এমএফএস) ছাড়কৃত অর্থ প্রদান করা হবে। এক্ষেত্রে প্রকৃত সুফলভোগীর হিসাব ব্যবহার করে অন্য কেউ যাতে অর্থ হাতিয়ে নিতে না পারেন, সেটি নিশ্চিত করতে হবে। আলোচ্য কার্যক্রম পরিচালনার জন্য একটি তালিকা করা হচ্ছে সরকারের তরফ থেকে। তালিকায় দ্বৈত নাম, প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করা প্রভৃতি অভিযোগ এসেছে। এমনকি মানবিক সহায়তার তালিকা নিয়ে খোদ সরকারই সন্তুষ্ট নয়। আলোচ্য কার্যক্রমের প্রতিটি ধাপে প্রশাসনের তদারকি বাড়াতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম ও অপব্যবহারের সুযোগ না থাকে। একটি বিষয় পরিষ্কার, চলমান মহামারীসহ যেকোনো জাতীয় দুর্যোগে কারা সহায়তা পেতে পারে, সেসব টার্গেট গ্রুপ আমাদের পরিচিত। কয়েক বছর ধরেই ব্যাংকিং মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা একটি ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পেরেছি। কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও এ তথ্যভাণ্ডার দিয়েই নগদ অর্থসহায়তা কার্যক্রম শুরু করা যায়। সেক্ষেত্রে মাঠ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আরো ভালোভাবে কাজে লাগাতে হবে। এনজিওগুলোকে সম্পৃক্ত করা যেতে পারে। তেমনটি করা গেলে স্বচ্ছতার সঙ্গে কর্মহীন মানুষদের নগদ অর্থ প্রদান কঠিন হবে না।
করোনা মহামারীতে উন্নত দেশসহ প্রায় প্রতিটি দেশই কোনো না কোনোভাবে কাজহারা মানুষদের নগদ অর্থ প্রদান করছে। এমনকি পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানেও এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। দিনমজুর, কৃষক ও শ্রমজীবীদের সরাসরি প্রদান করা হচ্ছে নগদ অর্থ। তাদের উভয়েরই একটি শক্তিশালী ও কার্যকর ডাটাবেজ রয়েছে। ভারতের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে তারা একটি ডাটাবেজ তৈরি করেছিল। ক্ষতিগ্রস্তদের ব্যাংকের মাধ্যমে সহায়তাও প্রদান করে আসছিল ভারত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে একটি কার্যক্রম চলছিল বলে জানা যায়। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছাতে হলে সর্বাগ্রে প্রয়োজন স্বচ্ছ ও প্রশ্নাতীতভাবে গ্রহণযোগ্য একটি তালিকা প্রণয়ন। এটি কঠিন কোনো কাজ নয়। রাজনৈতিক ও দলীয় বিবেচনা বাদ দিলে তালিকা দ্রুতই প্রণয়ন করা সম্ভব। এক্ষেত্রে ভারত কীভাবে সুফলভোগীর তালিকা করেছে, কার্যক্রমটি বাস্তবায়নে কোন ধরনের পরিকাঠামো ব্যবহার করছে, সেই অভিজ্ঞতা আমলে নেয়া যেতে পারে। বাংলাদেশে এ মুহূর্তে একটি ইতিবাচক দিক হলো, নানা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষেরও এখন আর্থিক অন্তর্ভুক্তির আওতায় ব্যাংক হিসাব রয়েছে। করোনা পরিস্থিতিতে এসব হিসাব হতে পারে নগদ সহায়তার অন্যতম ভালো মাধ্যম, যা ব্যবহার করে সহজেই নগদ সহায়তা প্রান্তিক, কর্মহীন মানুষের কাছে সরাসরি পৌঁছে দেয়া সম্ভব। বিদ্যমান মাধ্যম ব্যবহারপূর্বক কার্যক্রমটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে সবার প্রত্যাশা।










