রাজধানী ঢাকার প্রায় প্রতিটি এলাকায় কভিড-১৯ শনাক্ত হয়েছে অর্থাৎ নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ঝুঁকি বিবেচনায় রাজধানী এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থাৎ রেড জোনে রয়েছে। অথচ মৃত ও শনাক্তের সংখ্যা যত বাড়ছে ততই রাজধানীতে ভিড় বাড়ছে। সরকারি ছুটির মধ্যেও যানজট আর মানুষের জটলা চোখে পড়ার মতো। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ১৫ মে পর্যন্ত ঢাকা মহানগরীর মোট ১৮৩টি এলাকায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১টি এলাকায় সর্বনিম্ন ৪৮ থেকে সর্বোচ্চ ২২৩ জন আক্রান্ত আছে। এর বাইরে অন্য এলাকায়ও সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, লকডাউনেও শৈথিল্য দেখা যাচ্ছে। বেশির ভাগ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত মানুষের কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) করার মতো আলাদা ঘর নেই। এসব কারণে রাজধানীতে সংক্রমণ বেশি। তবে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। এলাকা ভাগ করে স্বাস্থ্যকর্মী, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা দরকার। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা বাড়াতে হবে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করে অবরুদ্ধ অঞ্চল করতে হবে। সন্দেহ নেই, রাজধানীতে সংক্রমণ উচ্চপর্যায়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়বে।
পরিস্থিতি আরো অনেক ভয়াবহ হতে পারত যদি সিঙ্গাপুরের কার্যকর কন্টাক্ট ট্রেসিং করার পদ্ধতি না থাকত। ভাইরাসটি একজন থেকে কীভাবে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়, তা নির্ণয় করা, ওই ব্যক্তিদের শনাক্ত করা এবং ভাইরাস ছড়ানোর আগে তাদের সংস্পর্শে আসা সবাইকে কার্যকরভাবে বিচ্ছিন্ন করা হয় এ পদ্ধতিতে। তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া বিগ ডাটা, শারীরিক বিচ্ছিন্নতা ও বহু মানুষের পরীক্ষা চালানোর মতো পদক্ষেপ নিয়ে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মাত্রায় সফলতা লাভ করেছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ, জনবহুল ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশের জন্য বিষয়টি ভিন্ন। আমাদের জন্য এটি খুঁজে বের করা কঠিন। কোনো ধারণাই নেই পরবর্তী ভাইরাস আক্রান্ত ব্যক্তি দেশের কোত্থেকে আসবে। ফলে আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরিস্থিতি আমলে নিয়ে সব ধরনের উদ্যোগ গ্রহণ ও কঠোরভাবে এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এর আগে এমন বিষয়ও আলোচনায় এসেছিল যে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোই যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও নাজুক প্রস্তুতি নিয়ে দেশের চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যসংশ্লিষ্টরা কীভাবে এ মরণব্যাধি মোকাবেলা করবে। বলার অপেক্ষা রাখে না, বিশ্বের বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাস ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে। কার্যত পুরো বিশ্বই থমকে গেছে। এছাড়া দেশেও দ্রুত নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ফলে এ অবস্থায় যদি কোনো ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক সৃষ্টি হয়, তবে তা ইতিবাচক হবে না। এ মুহূর্তে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব উদ্যোগ নিতে হবে। প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের দিকে দৃষ্টি দিলে যে চিত্র পরিলক্ষিত হয়, তা অত্যন্ত ভয়ানক। একই সঙ্গে ঢাকায় এর সংক্রমণ বাড়ছে। ফলে সার্বিকভাবে এ বিষয়গুলো এড়ানোর কোনো সুযোগ নেই।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। কেননা এটা ভুলে যাওয়া যাবে না যে যদি কোনো ধরনের ঘাটতি থেকে থাকে, তবে সংক্রমণ বাড়বে। এছাড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সার্বিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ চিকিৎসা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সেদিকেও লক্ষ রাখতে হবে। বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে জ্বর বা শ্বাসকষ্টে আক্রান্ত অনেক রোগীকে বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে সেখানেও পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অনেক রোগী বিনা চিকিৎসায় আরো মুমূর্ষু হয়ে পড়ছে। একদিকে নভেল করোনাভাইরাসের মহামারীতে সারা বিশ্বের মানুষ ভীত, অন্যদিকে যদি সার্বিক প্রেক্ষাপটে যথাযথ প্রস্তুতি নিশ্চিত না হয় এবং অন্যান্য রোগের চিকিৎসা না মেলে, তবে বিষয়টি উত্কণ্ঠার। ফলে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত উদ্যোগ নেয়ার বিকল্প নেই। সর্বোপরি, ঢাকায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে—এ বিষয়টি এড়ানো যাবে না। সামগ্রিক চিত্র আমলে নিয়ে সংক্রমণ রোধে কঠোর হতে হবে। অকারণে কেউ যেন ঘোরাফেরা না করে, সেদিকে লক্ষ রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে একে অন্যের থেকে বিচ্ছিন্নতা এ সময়ে জরুরি।
বিশ্বের অন্যান্য দেশ যখন লকডাউন করে করোনা প্রতিরোধে ইতিবাচক ফল পেয়েছে, তখন আমাদের সংক্রমণ বাড়ছে কেন? বিশেষজ্ঞদের মতে, আমাদের সমস্যাটি অন্য জায়গায়। এখানে লকডাউন নয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। লকডাউনের উদ্দেশ্য হলো সময় গণনা করা। সারা দেশের মানুষ ঘরে আটকে থাকলে পরিস্থিতি কী ঘটে এবং তার ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া। কিন্তু সময়কে কতটুকু কাজে লাগানো গেছে বা কাজে লাগানো হয়েছে, এটিই এখন বড় প্রশ্ন। আমাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণকে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলতে হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।










