গত ২ মে বিভিন্ন পত্রপত্রিকায় লকডাউন এক্সিট পলিসি নিয়ে আমাদের নিবন্ধটি (‘খুলে দেয়া, নাকি এখনো নয়? লকডাউন এক্সিট পরিকল্পনা প্রয়োজন’) প্রকাশিত হওয়ার পরবর্তী সময়টুকুতে সমাজ ও অর্থনীতিতে কভিড-১৯ সংক্রমণের প্রভাব আরো অনেক দৃশ্যমান হয়েছে। সারা বিশ্বে সমাজ ও অর্থনীতিতে বিশাল প্রভাব পড়েছে। এ সময়ে সরকার ও সমাজ যখন মহামারীজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তখন সরকারকে সেবা প্রদানে নিরবচ্ছিন্নতাকে অগ্রাধিকার দেয়ায় মনোযোগ দিতে হবে, বিশেষ করে স্বাস্থ্য ও আর্থিক খাতে এবং কৌশলগত দিক পরিবর্তনের মধ্য দিয়ে ক্রমহ্রাসমান সীমিত সম্পদকে সমাজের সর্বাধিক কাজে লাগাতে হবে। বাংলাদেশের মতো দেশে অত্যন্ত প্রয়োজনীয় হলো সেই সব উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষের কাছে ন্যূনতম খাদ্যসহ অন্যান্য সহায়তা পৌঁছে দেয়া, তা সে খাদ্যসহায়তা হোক আর সরাসরি অর্থসহায়তাই হোক; যাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দৈনিক মজুরিভিত্তিক কাজ তথা কাজের অন্যান্য সুযোগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং অনেক ক্ষেত্রে জমানো টাকা শেষ হয়ে গেছে।


আংশিক খুলে দেয়া, সিদ্ধান্তের দ্ব্যর্থবোধকতা এবং অসরল রৈখিক প্রতিক্রিয়া

বাংলাদেশ সরকার মহামারীর সংক্রমণরোধে বা কমিয়ে রাখার জন্য বিভিন্নভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অন্য অনেক দেশের তুলনায় এখনো কম হলেও দৃশ্যমানভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই ক্রান্তিকালে কলকারখানা ও দোকানপাট, মার্কেট এবং অন্যান্য সামাজিক মিলন স্থলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যদিও বেশ কঠিন শর্তাবলি পালনসাপেক্ষে। আন্তঃজেলা সাধারণ পরিবহন এখনো বন্ধ রয়েছে, তবে পণ্য পরিবহন বাড়ছে। মাঠে কৃষিকাজ চলছে। খাদ্য ও অপরাপর নিত্যপ্রয়োজনীয় পণ্য খাত, সেই সঙ্গে ওষুধ শিল্প খাত প্রথম থেকেই খোলা রয়েছে। ঈদ সামনে রেখে কিছুু ক্ষুদ্র ও কুটির শিল্প খোলার চিন্তাভাবনা করছে। বাস্তবতার নিরিখে, সরকারের আরোপিত শর্তগুলো পালন করাও যেমন সহজ হবে না, সেগুলো বলবৎ করা বা নজরদারি করাও কষ্টকর হবে। ফলে হয় খোলার জন্য চিহ্নিত কিছু খাত খুলবে না (যেমন সারা দেশে অনেক বড় বড় মার্কেটই ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে), আর যারা খুলবে তারা এই শর্তাবলি পরিপালন না করার কারণে স্বাস্থ্য সংকটটি বাড়বে। ব্যাংক খোলার সময় কমিয়ে আনার এবং স্বল্পসংখ্যক শাখা খোলা থাকার কারণে অনেক শাখাতেই প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। গত সপ্তাহে আগের সপ্তাহগুলোর মতো সামাজিক দূরত্ব ততটুকু ভালোভাবেও বজায় রাখা যায়নি।

এ সিদ্ধান্তগুলো কিসের ভিত্তিতে নেয়া হয়েছে বা কোন কোন ক্ষেত্রে কাদের অনুরোধে, উপরোধে, তা পরিষ্কার নয়। তার পরও কিছুটা স্বেচ্ছাপ্রণোদিত, কিছুটা সরকার আরোপিত লকডাউন এখনো কতক বজায় রয়েছে। ‘সাধারণ ছুটি’ ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটা মোটামুটি সর্বজনস্বীকৃত যে প্রথম দিকের লকডাউন আমাদের অনেকাংশেই আরো বেশি সংক্রমণের হাত থেকে রক্ষা করেছে। তবে এটা একেবারে পরিষ্কার যে কভিড-১৯ সহসাই একদিন উধাও হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত না কোনো ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা আবিষ্কৃত হয়। হার্ড ইমিউনিটি কেনা যাবে বহু জীবনের মূল্যে, যা আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার সক্ষমতাও প্রশ্নের সম্মুখীন। যদিও এখনো খুব একটা বোঝা যাচ্ছে না যে একটা মোটামুটি সাধারণ অবস্থায় ফিরে যেতে কতদিন অপেক্ষা করতে হতে পারে, তবুও সামগ্রিক কর্মসূচি ও সমাধানের একটি রূপরেখা তৈরির সময় এসে গেছে, যেগুলোকে দেশের জন্য প্রয়োজনানুযায়ী বিস্তারিত অথচ পরিবর্তনশীল ‘কভিড-১৯ লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির’ আওতায় কার্যকর ও ফলপ্রসূভাবে বাস্তবায়ন করা যাবে এবং যার প্রথম ও প্রধান লক্ষ্য হবে সুস্বাস্থ্য ও সামাজিক কল্যাণ, সেই সঙ্গে অর্থনীতিতে পুনঃপ্রাণসঞ্চালন। বাংলাদেশের মতো দেশ অপরিজ্ঞেয় সময়কালের জন্য নিজেকে বন্ধ করে রাখতে পারে না।

স্থানীয় বাস্তবতার ভিত্তিতে সামগ্রিক কর্মসূচির কাঠামো প্রণয়ন

প্রথমেই একেবারে পরিষ্কার হওয়া উচিত যে কোনো দেশই এমন কোনো নিখুঁত সমাধান খুঁজে পায়নি, যা যেকোনো বা সব দেশেই ব্যবহারযোগ্য। প্রতিটি দেশের নিজস্বতাকে হিসাবে নিতে হবে। যেমন বাংলাদেশের জনবসতির ঘনত্ব, পরবর্তী মাসগুলোর আবহাওয়া এবং অর্থনৈতিক বাস্তবতা অন্য প্রায় সব এমনকি আশপাশের দেশ থেকে ভিন্ন হবে। অতএব, যেকোনো কৌশল নিরূপণ করার সময় এগুলো এবং অন্য আরো অনেক বিষয় মাথায় রেখে করতে হবে। তদুপরি সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, যে দেশগুলো লকডাউন শিথিল করেছে, সেগুলোয় আবার সংক্রমণ স্বল্প সময়েই বাড়ছে।

এ নিবন্ধে অন্যত্র সফল হয়েছে বা ঝুঁকি এবং সম্ভাব্য সাফল্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ব্যবহার করা হচ্ছে বা আদৌ তেমন সফল হয়নি, এ রকম কার্যক্রমগুলো দেখে একটি লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি রূপায়ণে কী কী বিষয়ের দিকে লক্ষ রাখতে হবে, সেগুলো চিহ্নিত করার একটা চেষ্টা করা হয়েছে। এটা বিশেষভাবে বাংলাদেশের জন্য অভিযোজিত নয়, তবে যেখানে যথাযথ মনে হয়েছে, সেখানে বাংলাদেশের তথ্য উল্লিখিত হয়েছে।

যেকোনো লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে লকডাউন থেকে বেরিয়ে আসার অন্তত এ তিনটি পর্যায় বিবেচনা করতে হবে:

১. প্রস্তুতি: লকডাউনের বাধানিষেধগুলো তুলে ফেলার আগে স্বাস্থ্য ও অন্যান্য সম্পৃক্ত খাতগুলোর প্রস্তুতি কোন পর্যায়ে থাকতে হবে। ২. সূত্রপাত: দেশের জন্য কার্যকর একটি এক্সিটের জন্য কোন কোন কাজের সূত্রপাত করতে হবে। ৩. বাস্তবায়ন: লকডাউন থেকে বেরিয়ে আসার সময় কোন পথনির্দেশ ও কৌশল অবলম্বন করা উচিত?

লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি নিম্নোক্ত পাঁচটি মূল বিষয় মাথায় রেখে তৈরি করা যায়, যেমন স্বাস্থ্য ব্যবস্থা, জীবিকা, অর্থনীতির পুনর্সঞ্চালন, যাতায়াত বা চলাচলের স্বাধীনতা ও সুশাসন। স্বাস্থ্য ব্যবস্থায় মূলত কভিড-১৯ সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে রাখা; পর্যাপ্তসংখ্যক চিকিৎসক ও সহায়তাকারী, অবকাঠামো, যন্ত্রপাতি ও উপকরণের ব্যবস্থা করার দিকে নজর দিতে হবে। এখন পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত রোগীদের, কভিড-১৯ সংক্রমণের সন্দেহভাজন ব্যক্তিদের এবং পরীক্ষা করা প্রয়োজন এমন ব্যক্তিদের ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থাপনার চিত্র দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, বহুক্ষেত্রে কভিড-১৯ আক্রান্ত নয় অথচ অন্য রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিও চিকিৎসাসেবা পাচ্ছেন না।

জীবিকার ক্ষেত্রে প্রধান বিবেচ্য হবে জীবিকার প্রাপ্যতা ও জীবিকা অর্জনের ক্ষেত্র, সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা ও অভিবাসী ব্যবস্থাপনা নিশ্চিত করা। যদিও কয়েকটি শিল্প ও অন্য খাত সম্পূর্ণ বা আংশিক বন্ধ হয়নি। ফলে তাদের কর্মীদের আয়ে সহায়তা করেছে, অন্য অনেকেই কাজ এবং পারিশ্রমিক দুটোতেই কাটছাঁট করেছে। বেশির ভাগ শিল্প ও অন্যান্য খাত, বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং সেবাখাতগুলো, যাদের বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশই অনিয়মিত বা ইনফরমাল খাতের, এমনভাবে চলতে পারেনি, যাতে তাদের উপার্জন নিশ্চিত হয়। যে কারণে জীবিকার বিষয়টি নিয়ে তুমুল তর্কবিতর্ক হচ্ছে। বাংলাদেশ সরকার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এবং ১১ মের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ৬৪টি জেলার প্রশাসন প্রায় এক কোটি পরিবারের মাঝে ১ লাখ ১৩ হাজার ৮০২ টন চাল বিতরণ করেছে। সারা দেশের জন্য এ পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৭ টন। এছাড়া ৩ কোটি ৬ লাখ ২ হাজার মানুষকে ৫১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা দেয়া হয়েছে, যাতে ৫৯ লাখ ১১ হাজার ৫০০ পরিবার উপকৃত হবে। অর্থসহায়তার জন্য বর্তমানে মোট বরাদ্দ ৮০ কোটি টাকা। শিশুদের জন্য খাদ্যসহায়তাসহ আরো কিছু সরাসরি বরাদ্দ ও সহায়তা বিতরণ করা হয়েছে এবং হবে। এনজিও ও বেসরকারি বা ব্যক্তি খাতের অনেক প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে, তবে বেশির ভাগই খাদ্যসহায়তা নিয়ে। এ সংক্রমণের ব্যাপ্তি এবং সময়কালের অনিশ্চয়তার জন্য এটা অনুমান করা দুষ্কর যে কতদূর পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখতে হবে এবং তা কতখানি কার্যকর হবে।

শিল্প ও সেবা খাতের ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্নভাবে প্রায় ১ লাখ কোটি টাকার অর্থাৎ জিডিপির প্রায় ৩ শতাংশ আর্থিক সহায়তা নিজে দিচ্ছে বা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তা বেতনের জন্য ঋণের সুদে ভর্তুকি দিয়ে হোক, চলতি মূলধন সহায়তা বা অন্যান্য মঞ্জুুরি বা ঋণের মাধ্যমে হোক। কিন্তু একথা বলতেই হবে যে এই সহায়তাগুলো পাওয়ার প্রক্রিয়া যথেষ্ট জটিল এবং নীতিনির্ধারকরা তা স্বীকারও করেন। সহায়তার সিংহভাগের জন্য ক্রেডিট রিস্ক ব্যাংকগুলোর ঘাড়েই পড়বে, যাদেরকে ব্যাংক-ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে ঋণ বিতরণ করতে বলা হয়েছে। আর যেখানে অন্তত কুটির শিল্প, মাইক্রো ও ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এ রকম ব্যাংক-ক্লায়েন্ট সম্পর্ক বাস্তবে খুব কমই আছে। এ পদক্ষেপগুলো স্বল্পমেয়াদে ক্ষতি সামাল দেয়ার প্রচেষ্টা। তাই সহসাই অর্থনীতিতে প্রাণসঞ্চার করার জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিরূপণ করতে হবে। নিচে এ ব্যাপারে আরো বক্তব্য রইল।

অভিবাসী কর্মীসংক্রান্ত বিষয়টির দুটি দিক রয়েছে। একটি হলো, কর্মীদের দেশের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় কর্মস্থলে যাতায়াতের ব্যাপার। অন্য এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো, বিদেশ থেকে ফিরে আসা আমাদের অভিবাসী কর্মীরা, যাদের সহসা কর্মস্থলে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাদের ব্যবস্থাপনা।

কভিড-১৯ সংক্রমণের সময় এবং অব্যবহিত পরে যে মুখ্য একটি বিষয় নিয়ে কাজ করতে হবে তা হলো, অর্থনীতিতে পুনরায় গতিসঞ্চার করা। পৃথিবীতে এমন একটিও অর্থনীতি থাকবে বলে মনে হয় না, যার ওপর এই মহামারীর গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থনীতিতে পুনরায় গতিসঞ্চার করতে হলে যেকোনো দেশকে অর্থনীতির অত্যাবশ্যক ও গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন কৃষি, উৎপাদন শিল্প, রফতানি ও গুরুত্বপূর্ণ সেবা খাতগুলো জাগিয়ে তোলার জন্য কার্যকর নীতিনির্ধারণ করতে হবে। ব্যবসা সবসময় যেমন হয় তেমনি হবে—এ পূর্বানুমানের ভিত্তিতে গতানুগতিক বাজেট বানানো কাজে দেবে না। অর্থনীতিতে তারল্য সঞ্চালন করে চাহিদা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে, একই সঙ্গে ব্যবসা নতুন করে চালু করার জন্য সরবরাহের দিকে নজর দিতে হবে, যাতে অন্যানের মধ্যে তাত্ক্ষণিক কর্মহানি ও ব্যবসায়িক ক্ষতি যতদূর সম্ভব কমানো যায়। মহামারীর সন্নিহিত সময় বা অব্যবহিত পরে শুধু নয়, আগামী দু-তিন বছর অর্থনীতির বৃদ্ধির হার কমে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স কমে যাবে, রফতানি হ্রাস পেতে পারে, স্থানীয় চাহিদায় মন্দা দেখা যাবে।

যাতায়াত বা চলাচলের স্বাধীনতা অর্থে মানুষ, পণ্য ও সেবার চলাচল পুনরায় চালু করা, অবশ্যই স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে যথাযথ মনোযোগ দিয়ে। বাংলাদেশে পণ্য ও মানুষের চলাচল শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় স্বল্পমেয়াদে এর ফলাফল কী হয়। মানুষ ও পণ্যের চলাচল প্রযুক্তির মাধ্যমে মানচিত্রায়ণ বা ম্যাপিং করে তার সঙ্গে কভিড-১৯ সংক্রমণের আপেক্ষিকতা নির্ণয় করা যায় এবং এটি ব্যবহার করে চলাচল ব্যবস্থাপনার ক্ষেত্রে জনস্বাস্থ্য ও জীবন বিপন্ন না হয়, তথ্যভিত্তিক এমন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া যায়।

আর্থিক পরিকল্পনা, বাস্তবায়ন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা প্রয়োগ, পানি-গ্যাস-বিদ্যুৎ ইত্যাদি জন-উপযোগ, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির জন্য সক্ষমতা বৃদ্ধি ও ব্যবস্থাপনার জন্য অধিকমাত্রায় সুশাসন ও নজরদারি প্রয়োজন। সর্বনিম্ন সময়ে যত ভালো করে সম্ভব, এর কাঠামো সাজিয়ে ফেলতে হবে। যেমন আমাদের দেশে স্বাস্থ্য খাতের অবকাঠামো ও ব্যবস্থাপনার যে চিত্র উঠে এসেছে, তা মোটেও আস্থার উদ্রেক করে না। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী কয়েক সপ্তাহ ধরে প্রশাসন ও জনসাধারণকে সহায়তা করতে বিরামহীনভাবে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছে। প্রশাসনিক ক্লান্তিও একটা বিষয়, যা বিবেচনায় রাখতে হবে। আর্থিক পরিকল্পনা করার সময় অংশীজনদের মতামত নেয়া একান্ত প্রয়োজন যেকোনো আর্থিক বা অনার্থিক সহায়তাকে সঠিক লক্ষ্যে পৌঁছানো ও কার্যকরের জন্য।

লকডাউন এক্সিট স্ট্র্যাটেজিতে অবশ্যবিবেচ্য বিষয়গুলো

উপরে যে পাঁচটি অধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বিবৃত হলো, তার আলোকে যেকোনো আদর্শ লকডাউন এক্সিট স্ট্র্যাটেজিতে নিম্নবর্ণিত মৌলিক বিষয়গুলো বিধৃত থাকবে:

১. লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির উদ্দেশ্য ও চ্যালেঞ্জগুলো। ২. কেন্দ্রীয়ভাবে বর্তমান পরিস্থিতির মূল্যায়ন ও নিরীক্ষণ, যা লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি বাস্তবায়নকালে চলমান থাকবে। ৩. প্রস্তুতি মূল্যায়নের জন্য একটি পরিকাঠামো নির্ধারণ করা, যার মাধ্যমে অংশীজনদের প্রতিটি গোষ্ঠীর জন্য তাদের নির্ধারিত কাজ বাস্তবায়নের প্রস্তুতি মূল্যায়ন করা যায়। ৪. একটি পরিকাঠামো তৈরি করা; স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, আর্থিক ও অন্যান্য পরিপ্রেক্ষিতে ঝুঁকি মানচিত্রায়ণ ও ব্যবস্থাপনা করার জন্য। ৫. পর্যায়ক্রমিকভাবে লকডাউন থেকে বেরিয়ে আসার খাতওয়ারি কৌশল নির্ধারণের জন্য বিবেচ্য বিষয় পর্যালোচনা, যেমন সংক্রমণের পর্যায়, তীব্রতা ও ব্যাপকতার, ভৌগোলিক এলাকাভিত্তিক বিষয়, প্রতিটি এলাকার জনসাধারণ-সম্পর্কিত সুনির্দিষ্ট বিষয়াদি, উল্লিখিত খাতের লজিস্টিকস এবং এ রকম অন্যান্য বিষয়।

এ নিবন্ধে আমরা চেষ্টা করেছি সরকারের বিবেচনার জন্য কিছুটা বিস্তৃত কাঠমোয় লকডাউন থেকে বেরিয়ে আসার পরিকল্পনার একটা অবয়ব তুলে ধরতে। সরকার সার্বিক পরিকাঠামো স্থির করে বাস্তবায়নের জন্য চূড়ান্ত করলে পরবর্তীতে সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলো সব অংশীজনের সঙ্গে পরামর্শক্রমে প্রতিটি অংশের বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে।

সরকার কর্তৃক গঠিত, সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞসংবলিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রতিপাদ্য বিষয়গুলো চিহ্নিত করবে—

১. লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির উদ্দেশ্য ও চ্যালেঞ্জগুলো

(ক) লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি বাস্তবায়নের মাধ্যমে অর্জিতব্য মূল লক্ষ্যগুলো (স্বাস্থ্য ও অন্যান্য)। বিদ্যমান পরিস্থিতিতে প্রধানত জনসাধারণের সর্বাধিক সম্ভব সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড নিরাপদে ও পর্যায়ক্রমে খুলে দেয়াটাই হবে এর আদর্শ লক্ষ্য।

(খ) উদ্দেশ্যপূরণে সরকার কী কী গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তা চিহ্নিত করা। এ চ্যালেঞ্জগুলো হতে পারে সুশাসন নিশ্চিত করার মেকানিজমের অভাব বা দুর্বলতা, সক্ষমতা ও প্রশিক্ষণ, যথেষ্ট সংখ্যায় প্রয়োজনীয় মানবসম্পদের প্রাপ্যতা, প্রযুক্তির অভাব, আর্থিক ও অন্যান্য সম্পদের অভাব এবং সর্বোপরি ইচ্ছাশক্তির অভাব।

২. কেন্দ্রীয়ভাবে পরিস্থিতির মূল্যায়ন ও নিরীক্ষণের পরিকাঠামো

(ক) কভিড-১৯ জনিত লকডাউন থেকে নির্গমন-সম্পর্কিত উচ্চক্ষমতাসম্পন্ন জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন।

(খ) ওই কমিটির গঠন এবং সদস্যদের যোগ্যতা ও কার্যপরিধি নির্ধারণ।

(গ) কমিটির পর্যাপ্ত লজিস্টিকস ও সহায়ক জনবল নিশ্চিত করা, যাতে তারা প্রয়োজনীয় সব তথ্য পায় এবং অংশীজনদের সঙ্গে স্বচ্ছ ও কার্যকরভাবে দ্বিপক্ষীয় মতামত আদান-প্রদান করতে পারে।

(ঘ) কমিটি কর্তৃক লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি বাস্তবায়ন নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশক পরিকাঠামো প্রদান।

(ঙ) ডিজিটাল ও প্রযুক্তিভিত্তিক প্লাটফর্ম তৈরি করা, যেমন কভিড-১৯ ব্যবস্থাপনার জন্য জাতীয় পোর্টাল বা যার মাধ্যমে কন্ট্যাক্ট ট্রেসিং ও অন্যান্য স্বাস্থ্য-সম্পর্কিত কার্যসম্পাদন, এমনকি আর্থিক ও অপরাপর সহায়তা যথাস্থানে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা যেতে পারে। সরকারের এটুআই প্রকল্প এরই মধ্যে সংশ্লিষ্ট ডিজিটাল টুলস ও প্লাটফর্ম তৈরি বা সোর্স করছে, তথ্য-উপাত্ত সংগ্রহ, ব্যবস্থাপনা ও লজিস্টিকস সমন্বয়ের জন্য। বাংলাদেশে এ খাতে অত্যন্ত প্রতিভাবান ও দক্ষ জনশক্তি রয়েছে, যাদেরকে এ প্রয়াসে সংযুক্ত করলে ভালো ফল আশা করা যায়।

৩. প্রস্তুতি মূল্যায়ন পরিকাঠামো

(ক) গুরুত্বপূর্ণ খাতে সাংগঠনিক সক্ষমতা ও অবকাঠামো প্রাপ্যতাসংক্রান্ত প্রস্তুতি মূল্যায়নের জন্য খসড়া পরিকাঠামো তৈরি। দুটি আবশ্যিক খাত হলো স্বাস্থ্য ও আর্থিক খাত। আরো হতে পারে পরিবহন ও আইন-শৃঙ্খলা খাত।

(খ) প্রশাসনিক এককগুলোয় (যেমন বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে) সাংগঠনিক সক্ষমতা ও সংক্রান্ত প্রস্তুতি মূল্যায়নের জন্য খসড়া পরিকাঠামো তৈরি।

৪. স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, আর্থিক ও অন্যান্য পরিপ্রেক্ষিতে কার্যকরভাবে ঝুঁকি মানচিত্রায়ণ ও ব্যবস্থাপনা করার জন্য একটি পরিকাঠামো তৈরি করা

(ক) বিভিন্ন প্রশাসনিক স্তরে এবং বিভিন্ন খাত ও অর্থনৈতিক স্তরে সংক্রমণের প্রবণতা ও গতিপ্রকৃতি নির্ণয়ের জন্য যথাসম্ভব তথ্যপ্রমাণভিত্তিক নির্দেশক খসড়া পরিকাঠামো তৈরি।

(খ) জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি শ্রেণীকরণ ও মানচিত্রায়ণের জন্য সূচক নির্ধারণ।

(গ) কভিড-১৯ হটস্পট ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ব্যবস্থাপনা ও সংক্রমণ নিয়ন্ত্রিত এলাকা নিরীক্ষণে প্রযুক্তি ব্যবহারের জন্য পরিকাঠামো তৈরি।

(ঘ) লকডাউন থেকে নির্গমনের পর্যায়ক্রম এবং লকডাউনের পর্যায় নির্ণয়ের মানদণ্ড চিহ্নিতকরণ।

৫. পর্যায়ক্রমিকভাবে লকডাউন থেকে বেরিয়ে আসার খাতওয়ারি কৌশল নির্ধারণের জন্য বিবেচ্য বিষয় পর্যালোচনা অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে

(ক) স্বাস্থ্য ব্যবস্থা: ১) ট্রেসিং ও পরীক্ষা। ২) সংক্রমণ নিয়ন্ত্রণ। ৩) কভিড-১৯ রোগীদের ব্যবস্থাপনা পদ্ধতি। ৪) স্বাস্থ্য খাতের অবকাঠামো, পিপিই, ওষুধ ও ভ্যাকসিন (প্রাপ্যতাসাপেক্ষে) ব্যবস্থাপনা। ৫) নিরীক্ষণের জন্য প্রযুক্তির ব্যবহার। ৬) ভার্চুয়াল স্বাস্থ্য পরিচর্যা প্রশিক্ষণ। ৭) কভিড-১৯ পুনর্সংক্রমণ প্রস্তুতি। (খ) জীবিকা: ১) জীবিকার্জনে পুনরায় নিয়োজিত হওয়া। ২) কর্মসংস্থান সৃষ্টি। ৩) কর্মস্থলে নিরাপত্তা। (গ) ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী ব্যবস্থাপনা: ১) শিশু, মহিলা, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের কল্যাণ। ২) সর্বনিম্নস্তরের পরিবারের জন্য আর্থিক সহায়তা। (ঘ) পণ্য ও সেবা: ১) সরবরাহ ব্যবস্থাপনা। ২) মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেয়া। (ঙ) সুশাসন: ১) সক্ষমতা বৃদ্ধির জন্য আবশ্যক উপকরণ। ২) আইন-শৃঙ্খলা; ভিড় ব্যবস্থাপনা। ৩) উপজেলা ও ইউনিয়ন কাউন্সিলের ক্ষমতায়ন। ৪) পাবলিক ফিন্যান্স ব্যবস্থাপনা। ৫) করারোপ ও অর্থনীতির পুনরুত্থান। ৬) কভিড-১৯ ইন্স্যুরেন্স পলিসি ও ইমপ্যাক্ট ফান্ড। (চ) চলাচল: ১) দেশের অভ্যন্তরে মানুষ ও পণ্য চলাচলে স্বাচ্ছন্দ্য। ২) দেশের বাইরে থেকে মানুষ ও পণ্য চলাচলের স্বাচ্ছন্দ্য। ৩) গণপরিবহন ব্যবস্থা। (ছ) পানি-গ্যাস-বিদ্যুৎ ইত্যাদি জন-উপযোগ: ১) ন্যূনতম জন-উপযোগ, যেমন পানি ও পয়োনিষ্কাশন। ২) শহর ও গ্রামাঞ্চলে জন-উপযোগ। (জ) যোগাযোগ: (১) তথ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা, সুনির্দিষ্টভাবে তথ্য বিতরণের জন্য। ২) অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা। (ঝ) কৃষি: ১) কৃষি খাতে কাজের ধারাবাহিকতা। ২) সরবরাহ ব্যবস্থার সঙ্গে সমন্বয়সাধন। ৩) ভর্তুকি ও আর্থিক সহায়তা প্যাকেজ। (ঞ) শিক্ষা: ১) প্রযুক্তির ব্যবহার। ২) বিলম্বিত শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা। (ত) অভিবাসী জনগোষ্ঠী ব্যবস্থাপনা: ১) অভিবাসী জনগোষ্ঠী ব্যবস্থাপনা ও কল্যাণ, দেশের অভ্যন্তরে নিজ জেলায় প্রত্যাবর্তনকালে। ২) অভিবাসী জনগোষ্ঠী ব্যবস্থাপনা ও কল্যাণ, বিদেশ থেকে নিজ দেশে প্রত্যাবর্তনকালে। ৩) অভিবাসীদের শারীরিক অবস্থান নিশ্চিতকরণসহ রোগ সংক্রমণের ব্যাপ্তি নিয়ন্ত্রণ। ৪) কর্মসংস্থান ও পুনর্বাসন। (থ) শিল্প: (১) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিতকরণ, বিশেষ করে বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি শিল্পের দিকে লক্ষ রেখে। ২) বৃহৎ শিল্প পুনরুজ্জীবিতকরণ। ৩) প্রধানত অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির লক্ষ্যে ভর্তুকি এবং অর্থনৈতিক সহায়তা প্রদান, আর্থিক ও অনার্থিক দুভাবেই।

একটি সুচিন্তিত লকডাউন এক্সিট পরিকল্পনার গুরুত্ব কতখানি, তার ওপর যথেষ্ট জোর দেয়া সম্ভব নয়, বিশেষ করে যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেয়ার জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অপরিকল্পিকভাবেই এবং কিছু শর্তাবলি ছাড়া (যেগুলো বাস্তবে সত্যিকার অর্থে সব পালনযোগ্য না) স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে অত্যল্প মনোযোগ দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। যেসব দেশ খুলে দেয়ার কথা চিন্তা করছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ, তাদের বেশির ভাগকে এই চিন্তাও করতে হচ্ছে যে যথাসময়ের আগেই সব খুলে দিলে দ্বিতীয়বার আরো মারাত্মকভাবে রোগ সংক্রমণ ফিরে আসতে পারে। যুক্তরাষ্ট্রের সেরা ভাইরোলজিস্টদের একজন ড. ফাউচি গত ১২ মে সিনেটকে দৃঢ়ভাবে এ সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন।

বাংলাদেশে সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে (যেমন স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ; গণপরিবহন বহুলাংশে বন্ধ রাখা; ঝুঁকিতে থাকা মানুষকে ক্রমবর্ধমান হারে বেঁচে থাকার জন্য সহায়তা দেয়া; মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি ক্যাশ ট্রান্সফার ইত্যাদি), যেগুলোর মধ্যে কয়েকটি লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির অংশ হিসেবে গণ্য হতে পারে। যেমন, এটুআই প্রকল্প কৃষি ও খাদ্য সরবরাহের সঙ্গে পরিবহন ও পরিবহন শ্রমিকদের সমন্বয়, সঙ্গে বাজার ও উৎপাদকের সমন্বয়; দূরশিক্ষণ এবং ঘরে বসে কাজ—এসব ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক লজিস্টিকস ডিজাইনের কাজ করছে। তার পরও যা নেই সেটা হলো, সব বা সবচেয়ে লাগসই উপাদানগুলোর সমন্বয়ে তৈরি করা একটি সার্বিক পরিকল্পনা এবং জনসাধারণের সঙ্গে স্বচ্ছ, সমন্বিত উভয়পক্ষীয় যোগাযোগ। এ নিবন্ধে আমরা পৃথিবীর অন্যান্য দেশের এক্সিট স্ট্র্যাটেজির উদাহরণগুলো পর্যালাচনা করে একটা কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেছি, যাতে একটা ভালো লকডাউন  এক্সিট স্ট্র্যাটেজিতে ‘কী’ এবং ‘কীভাবে’—এ প্রশ্ন দুটির কেমন উত্তর থাকা প্রয়োজন, তা অনেকটা সহজে বোঝা যায়। এটা কোনোভাবেই অবশ্য অনুসরণীয় কোনো প্রেসক্রিপশন নয়। চলমান ভিত্তিতে বিবেচনায় আনতে হবে এমন অসংখ্য পরিবর্তনশীল নিয়ামক এবং ‘অজানা অজানা’ বিষয় রয়েছে।

একটি দেশের সরকারই শুধু পারে লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি প্রস্তুত করে সেটাকে বাস্তবায়ন করতে। তবুও এ ধরনের পরিকল্পনায় কী কী বিষয় জড়িত থাকে, সে ব্যাপারে স্বচ্ছতা এবং তথ্য এ রকম পদক্ষেপের প্রতি ঐকমত্য সৃষ্টি করে এবং পরিকল্পনা তৈরিতে সাহায্য করে। স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া সরকার কর্তৃক বিধৃত এ রকম যেকোনো স্ট্র্যাটেজির প্রতি সমর্থন ও আস্থার জন্ম দেবে। এই নিবন্ধ সরকার ও জনসাধারণের সামনে এ বিষয়ে কিছুটা সহজবোধ্যতা এবং সম্ভাব্য ভালো দৃষ্টান্ত তুলে ধরার প্রয়াসমাত্র, যা এ লক্ষ্যে এগিয়ে যাওয়ার পদ্ধতিগুলোকে দৃশ্যমান করতে সহায়ক হবে।

 

আসিফ ইব্রাহিম: চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

নিহাদ কবির: প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা

আবুল কাসেম খান: চেয়ারম্যান, বিল্ড (বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট)

সৈয়দ নাসিম মন্জুর: উপদেষ্টা, লেদার ফুটওয়ার অ্যান্ড গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এলএফএমইএবি)

এম মাসরুর রিয়াজ: চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ