সুজন খান,থাকেন ইতালির রোমে। পেশায় শিক্ষক।একটি স্কুল অ্যান্ড কলেজে ভূগোল পড়ান তিনি ।ইতালির অবস্থা এখন বেশ স্বাভাবিক হয়ে এলেও থেমে নেই দীর্ঘ মৃত্যুর মিছিল । কিছুদিন আগেও দেশজুড়ে ছিল ভূতুড়ে অবস্থা । এরকম অবস্থাতেও যখন ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের খবর শোনেন তখন খুব ভেঙে পড়েন সুজন ।প্রতিদিন স্বজনদের জন্য বেড়ে চলে তার আতঙ্ক।মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে থেকেও নিজ জীবনের চেয়ে ভয় পান তার স্বজনদের জন্য । বলছিলেন আমরা খারাপ নেই । কন্তে সরকার আমাদের এককালীন বাজার করার জন্য ৩০০ ইউরো দিয়েছে, যারা ব্যবসায়ী তারা ৬০০ ইউরোর বেশী পেয়েছে । বেতনের ৮০ শতাংশ দিচ্ছে সরকার, এমনকি মার্চ-মে এই তিনমাসের বাসা ভাড়ার ৪০ শতাংশ দেবে ।সুজন আরো জানালেন ইতালিকে যে মানবতার দেশ বলা হয় তা অকারণে নয় । প্রশংসায় ভাসালেন জিউসেপ্পে কন্তেকে । তাছাড়া মানুষজনের সচেতনতার কথাও বললেন । তার কথায়- এখানে কিন্তু গনপরিবহন চালু আছে । কারণ মানুষ খুব সচেতন । সবসময় সামাজিক দূরত্ত্ব বজায় রাখছে, বাসে বসলেও এক সিট পর পর বসছে । তাই ভয় একটু লাগলেও বাংলাদেশে বসবাসরত আত্মীয়স্বজনদের জন্য যতটা লাগছে ততটা নয় । সুজনের বড়ভাই আছেন দেশের একটি সরকারী হাসপাতালের প্যাথলজি বিভাগে । করোনা রোগীদের নিয়েই করতে হচ্ছে চাকুরী । ভাইয়ের কথা বলতেই কেঁপে উঠে তার কণ্ঠ । বললেন - ভাইয়াকে কেমন আছেন, কি পরিস্থিতিতে কাজ করছেন জিজ্ঞেস করলে উনি কিছুই বলেন না । শুধু বলেন দোয়া করতে । সুজনের শুভকামনা ও দোয়া সবার জন্য । তিনি প্রার্থনা করেন দ্রুত এই ভয়াবহ পরিস্থিতির অবসান হোক । বাংলাদেশের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক ।

এদিকে ফাতিমা নিপার প্রবাস জীবন ৮ বছরের। থাকেন ওয়েস্ট লন্ডনের হেইসে। জানালেন দীর্ঘ এই সময়ে যুক্তরাজ্যে এত কঠিন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হননি।যুক্তরাজ্যে এ মুহূর্তে করোনায় মৃত্যুর হার ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক বেশী । কারণ হিসেবে বললেন লকডাউন ঠিকমত না মানাকে । জানালেন- লন্ডনে অনেকেই শুধু শুধু পার্কে বসে থাকছে । পুলিশ জরিমানা করলেও খুব একটা কাজ হচ্ছে না । তাছাড়া সুপারশপগুলোতেও অনেক ভীর । যেখানে প্রায়ই থাকছেনা সামাজিক দূরত্ব । যুক্তরাজ্যে মৃত্যুর হার অনেক বেশি । সেই তুলনায় সুস্থতার হার কম । এজন্য https://www.worldometers.info/coronavirus/ ওয়েবসাইটে অন্যান্য সব দেশের করোনা সংক্রান্ত সকল তথ্য পাওয়া গেলেও যুক্তরাজ্যের সুস্থতার হার সেখানে উল্লেখ করা নেই,যেটা বেশ উদ্বেগজনক । তবে তারপরেও আশা এখানেই যে কিছু হলে অন্তত সুচিকিৎসা পাওয়া যাবে । হাসপাতালে হাসপাতালে ঘুরে কিংবা তথাকথিত করোনা উপসর্গ (!)নিয়ে মৃত্যুবরণ করতে হবে না !

ইউরোপের আরেক দেশ জার্মানিতে বসবাসরত বুলবুল আনোয়ারও জানালেন একই কথা । বুলবুল ভাই আমার ভার্সিটির সিনিয়র । খুব হাসিখুশি আর চমৎকার একজন মানুষ । স্লেশভিগ হলস্টাইন স্টেটের হাইডে শহরে তার পড়াশুনা । ইন্টারন্যাশনাল ট্যুরিজম এ মাস্টার্স করার পর জব করছেন। পরিবার নিয়ে এখন আছেন বার্লিনে।শত ব্যস্ততার মাঝেও সময় দিলেন ।ভাইয়া জানালেন জার্মানির অবস্থা উদ্বেগজনক হলেও ইউরোপের অনেক দেশের থেকে পরিস্থিতি ভালো । বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার পরিবার-পরিজন । বাবা-মা থাকেন মেহেরপুর, ভাই-ভাবী থাকেন শেরপুর,আপা-দুলাভাই থাকেন ঢাকা আর শ্বশুরবাড়ি নরসিংদী ।কথায় কথায় জানালেন সবার জন্য খুব চিন্তা হয় তার । বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য । নিয়মিত ফোনে কথা বলছেন তাদের সাথে । দিচ্ছেন নানা পরামর্শ । বার বার বলছেন ঘরে থাকতে । ভাইয়া আক্ষেপ প্রকাশ করলেন সরকারের কিছু ভুল পদক্ষেপ, আমাদের নড়বড়ে স্বাস্থ্য-ব্যাবস্থা আর মানুষের অসচেতনতা নিয়ে । তার কতগুলো কথা কোট করতেই হয় - " অজ্ঞতা আর সরলতা এক জিনিস নয় । আমাদের দেশের অনেক মানুষ অজ্ঞতাকে ভাবে সরলতা । এটাকে তারা ত্যাড়ামির পর্যায়ে নিয়ে গেছে । তরুণদের বাসায় থাকতে বললেও তাদের গলির মাথায় আড্ডা দিতে হবে, বাইক হাকাতে হবে কিংবা চিপায় গিয়ে চা খেতেই হবে ! এজন্যই দেশে আক্রান্ত কিংবা মৃতের ৭০ শতাংশই পুরুষ । তাদের বেশ বড় একটা অংশের বয়স আবার ২১ থেকে ৩০ এর মধ্যে!" 

জার্মান সরকারের করোনা মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি আরো জানান- জার্মান সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ এটাই যে তারা সপ্তাহে ৫ লাখের ( মোট টেস্ট প্রায় ৩২ লক্ষ) মত টেস্ট করছে । প্রতি মিলিয়ন জনসংখ্যায় হিসেব করলে সেটা দাঁড়ায় ৩৭ হাজারের বেশি অন্যদিকে বাংলাদেশে এ যাবতকালে মাত্র ১ লক্ষ ৫২ হাজারের মত টেস্ট হয়েছ, প্রতি মিলিয়নে মাত্র ৯২৪ জনের টেস্ট করা হচ্ছে,যা আমাদের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার স্বরূপ সবার সামনে মেলে ধরেছে ।

তাছাড়া জার্মানিতে অপরিচিত ২ জনের বেশি একসাথে চলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশে নেই সামাজিক দূরত্বের বালাই । দেশের মানুষের প্রতি তার আহ্বান সামাজিক দূরত্ব বজায় রাখুন । নিজে বাঁচুন , অন্যকেও বাঁচতে সাহায্য করুন । সরকারের প্রতি আহ্বান - টেস্ট করে আক্রান্তদের আলাদা করুন, তাছাড়া ত্রাণ বিতরণে পক্ষপাতিত্ত্ব না করে সত্যিকারের অসহায় মানুষদের সহায়তা করুন ।

যুক্তরাষ্ট্র প্রবাসী নাঈম আবার পুরোটাই বাস্তববাদী । সোজাসুজি জানালেন পুরো দেশবাশী এর জন্য দুশ্চিন্তা,পরিবারের জন্য দুশ্চিন্তা কিংবা মানুষের অসচেতনতা নিয়ে আক্ষেপ করে তিনি কিইবা করবেন এই তের হাজার কিলোমিটার দূর থেকে ? ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিনি ঢাকা এসেছিলেন । তখন দেখে গিয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি । আঁচ করেছিলেন কি হতে পারে সামনের দিনগুলোতে । তাই জর্জিয়া ফিরে আসার পর অর্থাৎ মার্চের প্রথম দিকেই ফোনে পরিবার পরিজনকে সতর্ক করে দেন । তারই ভাষ্যমতে- " আমি বলেছিলাম কয়েকমাসের চাল,ডাল,লবন আর খুব প্রয়োজনীয় কিছু কিনে রাখতে । পেপারওয়ালা আর পরিচ্ছন্নতা কর্মী থেকে সাবধান থাকতে । যথাসম্ভব বাসায় থাকতে । কারণ কিছু হয়ে গেলেতো সুচিকিৎসা পাওয়াটা কঠিন হয়ে যাবে! 

এদিকে পৃথিবীর আরেক প্রান্তের মহাদেশ অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ইশরাত জাহান ঊষা।জানালেন অস্ট্রেলিয়াতে মানুষজন তুলনামূলক অনেকটাই নিরাপদে আছে। এজন্য প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রশংসার দাবিদার । গত নভেম্বর-জানুয়ারি এর মধ্যে অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার, আকস্মিক বন্যা ইত্যাদিতে ক্ষতির পরিমান বেশী হওয়ায় মরিসন বেশ সমালোচিত হয়েছিলেন । এবারে তাই করোনা মোকাবেলায় তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন । তার কিছু পদক্ষেপ এর জন্য তিনি বহির্বিশ্বে বেশ সমালোচিত হলেও অস্ট্রেলিয়াকে করোনার হাত থেকে বাঁচাতে এগুলো অনেকটাই ফলপ্রসূ ছিল ।যেমন -একদম শুরুতেই অস্ট্রেলিয়ার লকডাউন, বিদেশী নাগরিকদের আগমন ও অবস্থানে কড়া নিষেধাজ্ঞা ইত্যাদি । অস্ট্রেলিয়াতে বর্তমানে করোনা সক্রমনের হার দুই অংকের ঘরে নেমে এসেছে । ঊষা জানালেন গ্তকাল মাত্র ৩০ জন করোনা আক্রান্ত ধরা পড়ায় রাস্তায় অনেক মানুষকেই বের হতে দেখা যায় । সবার মধ্যে বেশ স্বাভাবিক একটা ভাব নেমে এসেছে । এমনকি তিনি নিজেও রোজ অফিসে যাচ্ছেন । ঊষার বেশীরভাগ আত্মীয়স্বজন মোহাম্মদপুর এবং মিরপুরের বাসিন্দা। করোনা আক্রান্তে ছেয়ে যাওয়া রাজধানী ঢাকার প্রধান দুটি হটস্পট। সুতরাং টেনশনটা একটু বেশী ।সরকার ও মানুষের অসচেতনতা নিয়ে তার বলার কিছুই নেই । ফোনে ও ভিডিও কলে নিয়মিত যোগাযোগ রাখছেন আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে । সবার প্রতি তার একটাই অনুরোধ- সচেতন থাকা ও সাবধানে থাকা ।

এভাবেই এই সংকটময় মুহূর্তে দিন পার করছেন প্রবাসীরা । তারা যেমন আছেন যেভাবে আছেন তা নিয়ে খুব বেশী না ভেবে চিন্তিত আছেন দেশের প্রিয় মানুষ গুলোর জন্য । তাদের চাওয়া একটাই- " ভালো থাকুক তাদের স্বজনরা " ।


রবিউন নাহার তমা

মোঃ শাহিন রেজা

শিক্ষক ও নাগরিক সাংবাদিক