বিষয়টি নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, কয়েকদিন আগে টিভি চ্যানেলে দেখছিলাম কক্সবাজার সৈকতের কাছাকাছি সাগরের নীল জলে ডলফিন দাপাদাপি করে জল ছিটাচ্ছে, মনের খুশিতে খেলা করছে। কী সুন্দর দৃশ্য! আমি তো বহুবার গিয়েছি এ সৈকতে, কই কখনোতো দেখিনি নীল জল, ডলফিন এ জলে আসে এটাওতো শুনিনি কোনকালে। প্রকৃতি কি হঠাৎ করে উদার হয়ে গেল? কি এমন পুণ্য করেছি যার জন্য উত্তাল সাগরের জলরাশি, বুকে কাঁপন ধরিয়ে দেয়া ঢেউ এত নির্মল, সিগ্ধ মনোমুগ্ধকর। ঘটনা আর কিছুই না অতিশয় ক্ষুদ্র করোনা, সারাবিশ্বের তথাকথিত মানবসম্প্রদায়কে ঘরে ঢুকিয়ে প্রকৃতিকে কিঞ্চিত স্বাধীনতা দিয়েছে। আর তাতেই প্রকৃতি হয়ে উঠেছে আরও সবুজ, সাগরের জল হয়েছে আরও স্বচ্ছ ও নীল, পাখির কিচিরমিচির গেছে বেড়ে, পঙ্গপালও নাকি আসছে ধেয়ে সীমানা ছেড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাকটাস গাছে এক প্রজাতির ঈগল বাসা বেঁধে ডিম পেড়েছে। যে ঈগল ১৯৩৭ সালের পর আর দেখা যায়নি। ভেনিসের খালগুলির মাছ নাকি এখন খালি চোখেই দেখা যাচ্ছে। জানিনা ঢাকার আশে পাশের নদী বা ঝিলগুলোর চেহারা কিছুটা কি ফিরেছে? নাহ তা বোধহয় আর সম্ভব না, আমরা মানুষরা নিজেদের বাঁচাতে, ঠিক বাঁচাতে নয় লালসা মেটাতে গিয়ে পরিবেশ ও প্রতিবেশের সব খেয়েছি, নদী খেয়েছি, খাল মেরেছি, বন উজাড় করেছি, পাহাড় কেটেছি, উদরপূর্তির আয়োজন করতে জমির প্রান খেয়েছি, সভ্যতায় গা এলাতে প্রানহীন শহর গড়েছি। তাইতো ঝিলের জল তেল চিটচিটে কালো, মানুষ নেই ভালো।

ভাবটা এমন, আমরা মাটি খুঁড়ে পানি তুলবো, গ্যাস উঠাবো, তেল বের করবো নীচের পৃথিবীর কি হলো তাতে আমাদের কি? আমরা যতখুশি ইঞ্জিন চালাবো, গ্রিন হাউসের বারোটা বাজাবো তাতে কার কি? আমরা নদীনালা, খালবিল এমনকি নীল সমুদ্রও প্লাস্টিকে সয়লাব করে দেব, কার কি বলার আছে? কিন্তু আমার ভাবনা অন্য জায়গায়, যিনি আসমান জমিন, সাগর পাহাড়, মহাশূন্যসহ জাগতিক সবকিছু সৃষ্টি করেছেন, মানুষসহ সব জীব জানোয়ার কীট পতঙ্গকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই মহা অধীশ্বরের ভাবনা কী? তিনিতো মানুষসহ প্রকৃতি, প্রতিবেশ ও পরিবেশ সব কিছুরই মালিক। আমরা মানুষরা তাকেও কি ভুলতে বসেছি? ছোটকালে বইতে পড়েছিলাম জীব আর অজীব এ দুধরনের উপাদান নিয়ে পৃথিবী গঠিত। অজীব উপাদান, যেমন- মাটি, পানি, আলো, বাতাস, বায়ুমন্ডল, জলাশয়, নদ-নদী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত চন্দ্র সূর্য ইত্যাদি আর জীব উপাদান এর মধ্যে রয়েছে, উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদি। অন্যদিকে মানব সৃষ্ট ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, ভবন, জলযান, মোটরযান, রেলওয়ে, উড়োজাহাজ, রকেট, স্টিমার, বিদ্যুৎ, শিল্পকারখানা, ইন্টারনেট, অস্ত্র-কারখানা, পারমাণবিক চুল্লি ইত্যাদিও পরিবেশের অংশ। অর্থাৎ প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় অনুষঙ্গের সমন্বয়েই সৃষ্টি হয়েছে আমাদের এ সুন্দর পরিবেশ। একটি ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য অজীব ও জীব প্রতিটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভারসাম্যই নাকি আজকে কঠিন ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেন, কাঙ্ক্ষিত ভারসাম্য না থাকার কারণেই নাকি জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ুর চরিত্র বদলে যাচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে, সমুদ্র উঁচু হয়ে যাচ্ছে। ফলে ঘন ঘন বন্যা হবে, ঝড় জলোচ্ছ্বাস হবে, সাগরের কাছাকাছি এলাকা পানির নীচে তলিয়ে যাবে, ফসলের ক্ষেতে লবণ ঢুকবে, ভূমিকম্প, বেশী বেশী টর্নেডো ও নদীভাঙ্গন হবে। আমি সাধারণ মানুষ এত কঠিন কথা বুঝি না, কিন্তু গত কয়েক বছরে চট্টগ্রাম শহরের অবস্থা যা দেখছি তাতে পরিবর্তন বুঝতে আর বাকী নেই। চট্টগ্রাম শহরের উঁচু এলাকা বাদ দিলে আর সব এলাকায় বাসাবাড়ির গ্রাউন্ড ফ্লোর এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। পাড়ার রাস্তাগুলো উঁচু হতে হতে এ অবস্থা, আগ্রাবাদ এর কিছু এলাকায়তো শুনি জোয়ারভাটা হিসেব করে চলতে হয়।

দেশে এখন বড় বড় কাজ হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উড়াল সেতুতে ঢাকা ছেঁয়ে যাচ্ছে, মেট্রোরেল এঁকেবেঁকে পথ খুঁজে নিচ্ছে, কর্ণফুলির নীচে ট্যানেল হচ্ছে। এসব দেখে বুকটা ফুলে ওঠে, আমাদের দেশটাও খুব তাড়াতাড়ি ছবিতে দেখা অন্যান্য দেশের মত হয়ে যাবে। কিন্তু আমরা নাগরিকরাতো ঠিক হচ্ছি না! কর্ণফুলি ট্যানেলের কাজে নিয়োজিত এক ইঞ্জিনিয়ার এর সাথে কথা হচ্ছিল কিছুদিন আগে, জিজ্ঞেস করেছিলাম- ট্যানেল এর খবর কি? তিনি বলছিলেন, ‘পলিথিন খুঁড়তে খুঁড়তেইতো জান কাবাব হয়ে যাচ্ছে, মূল কাজ আর কী আগাবে?’ এবার বুঝলেনতো ঘটনা কি, আমাদের বাসাবাড়ির আবর্জনাসহ শহরের তামাম পলিথিনের প্যাকেট, চিপস-বিস্কুটের বাহারি মোড়ক সবার গন্তব্য ওই কর্ণফুলি। সুতরাং অভাগিনীর দুঃখের কথা কেউ শোনে না। পরিচ্ছন্নতার নীতি কেউ মানে না, সুতরাং যা হওয়ার তাই হচ্ছে।

আমাদের যেন ভালো থাকার আর জো নাই, ইদানিং শুরু হয়েছে আরেক যন্ত্রনা, করোনা, সারা বিশ্বকে নাস্তানাবুদ করে এখন চেপে ধরেছে আমাদেরও, এ বলা দেখাও যায় না, কার মধ্যে যে আছে তাও বোঝা যায় না। শুরুতে দেশব্যাপী দারুণ কড়াকড়ি থাকলেও সংক্রমণ বাড়ার সাথে সাথে কড়াকড়ি উধাও, তাই আগামাথা কিছুই বুঝতে পারছি না। কমেডিয়ান কাজলের কৌতুকের মতো অবস্থা ‘নাইত পাইত কি খাইত দিল সাইন কত্তি পারলাম না‘ কেউ কেউ বলে করোনা মহামারী দিয়ে প্রকৃতি নাকি প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতিকে আমরা প্রচুর জ্বালাতন করেছি, প্রতিবেশের ধার ধারিনি, পরিবেশের উপর যা ইচ্ছা অত্যাচার করেছি তাই প্রকৃতির এই আক্রমণ। কেউ বলেন সৃষ্টিকর্তার দেয়া শাস্তি, কালে কালে মানব জাতির উল্টা পাল্টা কাজের জন্য অনেকবারই এই মহামারি এসেছে, মানুষকে শিক্ষা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা কখনোই ওইসব শিক্ষা গ্রহণ করিনি তাই আবারও মহামারি। অনেকে পরিহাস করে বলেন, ইতিহাসের বড় শিক্ষা, ইতিহাস থেকে নাকি কেউ শিক্ষা নেয় না, তাহলেতো হয়েই গেল করোনা মহামারি থেকেও আমরা কোন শিক্ষা নেব না। করোনা ফিরে গেলে আমরাও ফিরে যাবো আগের চেহারায়।

কক্সবাজারে সাগর জলে ডলফিন এর নাচানাচি দেখে যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশী ব্যথিত হয়েছি ফেসবুকে বানরের লাশের সাড়ি দেখে। করোনাকালেই ঘটেছে এ ঘটনা। আমারই মত দুপায়ে ভর দিয়ে হাঁটা কোন মানুষ বিষ দিয়ে তাদের এ হাল করেছে। আমরা মানুষরাতো অঘটন ঘটন পটিয়সী! যারা এ ঘটনাটি ঘটিয়েছে, তাদের মানুষ বলা কি ঠিক হলো? যাগগে আমি ছাপোষা মানুষ, কে মানুষ কে মানুষ নয় এ বিচার করার আমি কেউ নই। কিন্তু যা ঘটলো তার ব্যাখ্যা কী? আমরা তথাকথিত মানুষরা যারা সৃষ্টির সেরা জীব বলে নিজেদের দাবি করি তাদের এহেন আচরণের কারণ কী? আমরা কি ভাবতে বসেছি যে, এই পৃথিবী শুধুই আমাদের, আর সব আমাদের পদানত। আমরা যেভাবে ভাববো সেভাবেই হবে সবকিছু। মানুষ ছাড়া পৃথিবীতে আর যা কিছু আছে তারাওতো এ পৃথিবীরই অংশীদার। সারভাইবেলিটি অফদি ফিটেস্ট বলে বলে ন্যায় অন্যায় না ভেবে তাদের উপর আমরা কি কেবল অত্যাচারই করে যাবো?

জানি, এমনটা হয়তো কোনদিনই হবে না, তারপরও তর্কের খাতিরে যদি বলি, তারা যদি কোন দিন বিট্রে করে তাহলে আমাদের কী হবে? ‘সূর্যদেব’ যদি বলে আমি তাপ দিয়ে সব পুড়িয়ে দেব, মাটি যদি বলে আমি আর ফসল ফলাবো না, বৃক্ষরাজি যদি বলে আমি আর অক্সিজেন ছাড়বো না, পশুপাখি যদি বলে আমি আর বনে জঙ্গলে থাকবো না, মেঘ যদি বলে আমি আর বৃষ্টি হয়ে ঝড়বো না, পাহাড় যদি বলে আমি আর খুঁটি হয়ে থাকবো না, পর্বত যদি বলে অনেক হয়েছে আর না আমি এবার বিশ্ব ভ্রমণে যাবো। তাহলে আমাদের দশা কী হবে? ক্ষুদ্রাতিক্ষুদ্র করোনা, চোখে দেখা যায় না তার আক্রমণেই আমরা দিশেহারা। আমাদের এত এত মারনাস্ত্র কিছুই করতে পারছে না, সভ্যতার এত অগ্রগতি, বিজ্ঞানের এত শক্তি করোনাকে থামাতে পারছে না। সুতরাং, এই দিনতো দিন নয় আরও দিন আছে! মানুষের একলা চলোর এ নীতি ছাড়তে হবে। ভাবতে হবে প্রকৃতি ও প্রতিবেশ আমার ঘর আমার দেশ। তাহলে পৃথিবী টিকে থাকবে আমরাও টিকে থাকবে, টিকে থাকবে আমাদের অতি প্রিয় প্রজন্ম।

করোনাকালের একটি গল্প দিয়ে শেষ করি, পশ্চিমা কোন এক দেশের বৃদ্ধ রোগী করোনা থেকে মুক্তি পেয়েছেন। হাসপাতাল থেকে ছাড় এর সময় তাকে বিল দেয়া হল ১৫ হাজার ডলার, যার মধ্যে ১০ হাজারই ভেন্টিলেটর চার্জ। বিল পেয়ে রোগী হাউ মাউ করে কাঁদছেন। হাসপাতালের লোকেরা বলছেন ভেন্টিলেটরের চার্জটাই একটু বেশী, প্রতিদিন এক হাজার করে ১০ দিনে ১০ হাজার, বাকীটা অন্যান্য। রোগী বললেন, ‘এটা ব্যাপার না আমি কাঁদছি অন্য কারণে, কেন জিজ্ঞেস করাতে রোগী বললেন, ‘এ ১০ দিনের অক্সিজেনের জন্য ১০ হাজার ডলার দেনা হয়ে গেলাম, তাহলে এ ৯০ বছর যে অক্সিজেন নিলাম। তার জন্য স্রষ্ঠার কাছে কত দেনা হয়েছে, এটা ভেবেই কাঁদছি।

লেখক: একেএম জসীম উদ্দিন, উন্নয়ন কর্মী, পরিচালক এডাব