কখনো কখনো এমন ব্যাপার ঘটে, শোকে বিহ্বল হয়েও মানুষ শোককেই নিজের অজান্তে আপন করে নেয়। হয়তো সে ধীরে ধীরে বুঝে উঠতে শেখে—আর কিছু নয়, প্রিয়জনের জন্য বিষণ্ন রাতের আঁধারে তার মনের আকাশে জমে থাকা বিষাদের এই যে মেঘটুকু, যা আবার আগামী ভোরে কেটে যাবে, তা একান্তই তার নিজের কল্পনা, প্রশ্রয় ও আবেগের বাষ্পকণায় গড়ে তোলা! তবু এর মূল্য তার কাছে অসীম। কেননা এভাবে ভাববিহ্বল হয়ে নিজের মাঝে সেই প্রিয় মানুষটিকে নিয়ে কিছু মুহূর্ত একান্তে যাপনের অবকাশ তো তার জীবনে বারবার আসে না! আর একসময় তো তাকেও বিয়োগব্যথায় কাতর হয়ে সংগোপনে স্বজনের জন্য দুফোঁটা চোখের জল ঝরানোর সুযোগ ছেড়ে অনন্তলোকে পাড়ি দিতে হয়! ভক্ত ও গুরুর সম্পর্কের এই যে আনুষ্ঠানিকতা, সেটুকুর ভেতরে ঢুকতে পারলে অন্য এক মানুষ রতনের সন্ধান পাওয়া যায়। তবে এমন সম্পর্ক গড়ে তোলাটা নিয়মমাফিক মোটেই নয়, ঐচ্ছিক ব্যাপারও নয়। বরং অনেকটাই সহজাত এবং দুই পক্ষের আন্তরিক যোগের ব্যাপার।

বাঙালি জাতির বিবেক, বাংলাদেশের জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস, ‘পদ্মভূষণ’ খেতাবপ্রাপ্ত ড. আনিসুজ্জামান স্যার সম্পর্কে এই যে এতদূর ভূমিকা টানলাম, জীবদ্দশায় তিনি কিন্তু তেমন মানুষ ছিলেন না। মানে, এত ভণিতার প্রয়োজন কখনো তাঁর কথায় বা আচরণে ছিল না; যা বলার মার্জিতভাবে গুছিয়ে সরাসরি বলতেন; কমই বলতেন, বেশি শুনতেন। কোনো কারণে নিজেকে বাহুল্যভাবে জাহির করার, অভিমত দেয়ার প্রবণতা তাঁর ছিল না। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা প্রথম পর্যায়ে ছিল ছাত্র-শিক্ষকের প্রাতিষ্ঠানিকতায় বিধিবদ্ধ। স্যারকে বিভাগে পেয়েছিলাম মাত্র একটি বছর, তাও বিএ অনার্সে নয়, এমএ শ্রেণীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলাম ১৯৯৯-২০০০ সেশনে। ক্লাস শুরু হয়েছিল ২০০০ সালের জানুয়ারি থেকে। বিভাগের করিডোরে তখন থেকেই কত এসেছি, গেছি! স্যারকে তখন থেকেই বিভাগের করিডোরে, ক্যাম্পাসে কখনো কখনো দেখেছি। কিন্তু তাঁর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তখনো আসেনি।

এমএ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার আগে আমরা, মানে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা স্যারকে সরাসরি কোর্স শিক্ষক হিসেবে পাইনি। যদিও তখন বিভাগের নিয়ম ছিল, প্রতি দশজন ছেলেমেয়েকে নিয়ে একটি করে টিউটোরিয়াল গ্রুপ করা হবে এবং প্রতিটি গ্রুপ সপ্তাহে একটি করে ক্লাস পাবে একজন নির্দিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে। স্যারকে আমি বিএ অনার্সের চারটি বছরের কোনোটিতে টিউটোরিয়ালের শিক্ষক হিসেবে কখনো পাইনি। এর অবশ্য কারণও ছিল। যখন আমি প্রথম বর্ষের ছাত্র, তখন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সক্রিয় শিক্ষকদের জ্যেষ্ঠতা বিবেচনায় তিনি যথেষ্ট সিনিয়র শিক্ষক। আর টিউটোরিয়াল ক্লাস করানোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তালিকা করা হয় সাধারণত জুনিয়র থেকে সিনিয়র এই ক্রমবিবেচনায়। সে কারণেই সম্ভবত স্যারকে আমরা বিএ অনার্স পর্যায়ে কখনো টিউটোরিয়ালের শিক্ষক হিসেবে পাইনি।

এই যে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয়ের দীর্ঘসূত্রতা, তা কিন্তু আমার জন্য বেশ ভালো ব্যাপার হয়ে উঠেছিল। কেন? স্যারের লেখা বইপত্র, বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, মধ্যযুগের সাহিত্য ও উনিশ শতকের বাঙালি মুসলমান সম্প্রদায়ের ধর্মীয়-সামাজিক ভাবপরিমণ্ডল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বইপত্র যেমন ‘পুরনো বাংলা গদ্য’, ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’ প্রভৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রয়োজনমতো পড়ার সুযোগ ষোলোআনা কাজে লাগাতে পেরেছিলাম। মনে পড়ছে, চর্যাপদের কোর্সটা পড়তে গিয়ে তাঁর ‘স্বরূপের সন্ধানে’ বইটি খুব কাজে লেগেছে, বিশেষ করে চর্যাপদে বিধৃত সমাজচিত্র অনুধাবন করতে গিয়ে। আবার বাংলা একাডেমি থেকে তাঁর ও অন্যদের যৌথ সম্পাদনায় প্রকাশিত ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ তো এখনো ব্যক্তিগত সংগ্রহে রেখেছি! এভাবেই স্যারের সঙ্গে যোগাযোগ পরোক্ষভাবে গড়ে উঠেছিল।

ছাত্র হিসেবে আমি অতি মেধাবী ছিলাম না। তবে পরীক্ষার ফল নিয়মিত ভালো করার ক্ষেত্রে পরিশ্রমী ও কৌশলী ছিলাম। এমএ শ্রেণীতে স্যারের কাছে বাংলা গদ্যের যে কোর্সটা পড়েছিলাম, সেটা আসলে এখন সবচেয়ে বেশি কাজে লাগছে। কীভাবে? সৃষ্টিশীল গল্প, উপন্যাসের গদ্যরীতি বুঝতে, নিজের মতো করে নিরীক্ষা করতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী ও কাজী আবদুল ওদুদ—উনিশ শতক ও বিশ শতকের চারজন শ্রেষ্ঠ গদ্যশিল্পীর লেখা প্রবন্ধগুলো ও তাঁদের গদ্যরীতি সম্পর্কে তিনি যে ক্লাসগুলো নিয়েছিলেন পাঁচ-ছয় মাসে, তা আমাকে খুব আকৃষ্ট করত। মনে পড়ে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও ক্লাস-পরীক্ষা-টিউটোরিয়াল, বক্তৃতা শোনা ও সঙ্গে সঙ্গে খাতায় যথাসম্ভব লিখে ফেলা—এসব ব্যাপারে আমার আচরণ ছিল নিয়মনিষ্ঠ। স্যারের ক্লাস কোনোভাবেই যেন বাদ না পড়ে, সেই প্রচেষ্টা ছিল বলেই এখন মনে হয়, এই যে গল্প-উপন্যাস লিখছি বা এমফিল, পিএইচডি গবেষণা শেষ করেছি, তাতে স্যারের নেয়া ক্লাসগুলোরও জোরালো ভূমিকা আছে। তবে স্যারের কাছ থেকে সবচেয়ে বেশি আয়ত্ত করতে চেষ্টা করেছি যে বিষয়টি, সেটি হলো কত সহজভাবে মনের ভাবকে গদ্যভাষায় গতিময় ভঙ্গিতে প্রাঞ্জলভাবে ফুটিয়ে তোলা যায়!  স্যারের ‘বিপুলা পৃথিবী’ বইটি এ ব্যাপারে দৃষ্টান্তযোগ্য ক্ল্যাসিক কাজ। পরিশ্রমী পাঠক সচেতনভাবে এর গদ্যরীতি লক্ষ করলে কিছু গুণ অবশ্যই আয়ত্ত করতে পারবেন বলে মনে হয়। কত বিচিত্র প্রসঙ্গে স্যার নিজস্ব ভাবনা, ধারণা ও অর্জিত অভিজ্ঞতাকে এত বড় বইয়ের প্রতিটি পাতায় ধারাবাহিকভাবে লিখেছেন! অথচ পাঠকের মনেই হবে না, গল্প-উপন্যাস নয়, সে ফ আত্মজীবনীমূলক এত বড় আয়তনের বইটি কীভাবে পড়ে শেষ করব! বরং এটি পড়া শেষ হয়ে গেলে আমার মতো তিনিও আফসোস করতে পারেন, কেন এত দ্রুত এটি পড়া শেষ হলো! এসব ব্যাপার আয়ত্ত করতে মনোযোগ ও ধৈর্য বজায় রাখা প্রয়োজন। বিষয়গুলো দুরূহ নয়, তবে পরিশ্রমসাপেক্ষ ও নিয়মিত অনুশীলনসম্মত তো বটেই! কেননা মনের ভাবকে গদ্য ভাষায় ফুটিয়ে তোলার কৌশলী অথচ মোক্ষম উপায়টি না জানলে গদ্য লেখকের পক্ষে নিজের লেখাকে পাঠকের বোধ, মনন ও কল্পনার দ্বারা অনুরণিত করা সম্ভব নয়।

শ্রেণীকক্ষে তিনি শিক্ষক হিসেবে যে মার্জিত, রুচিশীল, প্রাতিষ্ঠানিক আচরণ করতেন, তাতে আমাদের পক্ষে অহেতুক হট্টগোল করার কোনো কারণ বা সুযোগই ছিল না। স্যারের সম্পর্কে আমরা বিভিন্নভাবে শুনেছি, জেনেছি বলেই প্রত্যাশা ছিল যে বিএ অনার্সের ক্লাসে না পেলেও শিক্ষক হিসেবে তাঁকে এমএতে তো পাব! সেই প্রতীক্ষা আমার জীবনে নানাভাবেই সোনা ফলিয়েছে। তাঁর ব্যক্তিত্বের উদার, আন্তরিক, মানবিক দিকগুলো এত অনুপ্রেরণাদায়ক যে কারো পক্ষেই এর প্রভাব থেকে বেরিয়ে গিয়ে দুর্বিনীত, উদ্ধত, বিশৃঙ্খল আচরণ করা অসম্ভব ছিল। মানুষকে আপন করে নেয়ার দুর্লভ গুণটি তিনি আমৃত্যু লালন করে গেছেন। নতুনভাবে স্যারকে অনুধাবনের সুযোগ পেয়েছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করি। স্যারের সঙ্গে যখন তাঁর রুমে দেখা করতে যাই, তিনি খুব আনন্দিত হয়েছিলেন। তিনি তখন সম্ভবত সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। পুরনো ডায়েরি দেখলে তা নিশ্চিত হওয়া যাবে। কথা সেটি নয়। মূল প্রসঙ্গ হলো, শিক্ষক হিসেবে যিনি আমাকে পড়িয়েছেন, হাতে-কলমে শিখিয়েছেন, তিনি আজ সহকর্মী হিসেবে অভিনন্দিত করলেন, ভবিষ্যতে বাংলা বিভাগের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য আমাকে আরো উদ্দীপ্ত করলেন, এর চেয়ে বড় আশীর্বাদ আমার জীবনে আর কী হতে পারে! বিভাগের বিভিন্ন কাজে কতভাবে স্যারকে কাছে পেয়েছি, দ্বিধাহীনভাবে তাঁর কাছে ছুটে গেছি! হয়তো তিনি আমার কথা ও কাজের মিল পেয়েছিলেন বলেই শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গল্প ও উপন্যাস লেখায়, ‘পরানকথা’ সম্পাদনায় ও প্রকাশে অনুপ্রাণিত করেছেন।

স্যার এ ব্যাপারে দুটি প্রতিষ্ঠিত ধারণাকে ভেঙে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে এক ধরনের অসার ধারণা প্রচলিত রয়েছে। তারা ক্লাসে আসবেন, বক্তৃতা দেবেন, পরীক্ষা নেবেন, খাতা দেখবেন, কেউ কেউ বিভাগের প্রয়োজনে ফল প্রকাশের কাজও করবেন, পাশাপাশি গবেষণা অব্যাহত রাখবেন—এটাই হচ্ছে সর্বসাধারণের প্রত্যাশিত ধারণা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাজের সবচেয়ে আদর্শস্থানীয় ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব। কাজেই তারা কখনো নিজেদের উচ্চ অবস্থান থেকে সরে গিয়ে পত্রিকা, সাময়িকী, লিটল ম্যাগাজিন প্রকাশ ও সম্পাদনা, কবিতা-গল্প-উপন্যাস-নাটক লেখালেখি করবেন না। কেউ যদি তা করেনও, নিছক শখের বশে; সিরিয়াস হয়ে নয়। আমি নিজে এ দুই ধারার বিরুদ্ধাচরণ করেছি এবং উভয় ক্ষেত্রেই স্যারের পূর্ণ সমর্থনই শুধু নয়, সক্রিয় অংশগ্রহণও লক্ষ করেছি। তিনি যেন আমাকে এভাবেই নিশ্চিন্ত করেছিলেন, যেকোনো সৃষ্টিশীল কাজই গৌরবের, যদি তাতে আন্তরিকতা, সততা, পরিশ্রম ও কল্যাণভাবনার সমন্বয় ঘটানো যায়। তিনিও নিশ্চয়ই জানতেন, এ ধরনের কাজ শুরু করা যত সহজ, ধারাবাহিকভাবে এগিয়ে নেয়া তত কঠিন! আর ব্যাপারটি মোটেই হেলাফেলার নয়!

আমার প্রথম গল্পগ্রন্থ ‘ভরদুপুরে ও অন্যান্য গল্প’ (২০১৫) ও প্রথম প্রবন্ধ গ্রন্থ ‘গল্পকার শহীদুল জহির’ (২০১৫) একই বইমেলায় প্রকাশিত হওয়ার পর এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠান স্যারের হাত দিয়ে হয়েছিল। এমনকি পরানকথার জন্য তিনি দীর্ঘ সাক্ষাত্কারই শুধু দেননি, সেটি নির্বিঘ্নে গ্রহণের জন্য আমাকে তাঁর বাসায় আমন্ত্রণও জানিয়েছিলেন। আমি সেটি কম্পিউটারে কম্পোজ করার পর তিনি নিজেই প্রুফ সংশোধন করে দিয়েছেন। এর উদ্বোধন ও প্রথম বর্ষপূতি উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করতে গিয়ে পরম আনন্দে সাময়িকীটি হাতে তুলে নিয়েছেন, আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এর মানোন্নয়নের ব্যাপারে পরামর্শ ও অভিমত অকপটে জানিয়েছেন। এসব ঘটনার ফলে স্যারের সম্পর্কে আমার ধারণা ক্রমে বদলেছে। আগে যিনি শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকায় ছিলেন, এ পর্যায়ে তিনি আমার প্রকৃত অভিভাবক হয়ে উঠছিলেন। বিগত বছরগুলোয় নিয়মিত যোগাযোগ রক্ষা সম্ভব হয়নি, স্যারের বিভিন্ন পাক্ষিক কর্মব্যস্ততার দরুন। কিন্তু আমার পড়ালেখা, গবেষণা, সৃষ্টিশীল লেখালেখি, পরানকথা সম্পাদনা প্রভৃতি ব্যাপারে যেকোনো প্রয়োজনীয় পরামর্শের জন্য অকপটে স্যারের দ্বারস্থ হতে পেরেছি। স্যার সেই দরজা আমৃত্যু খোলা রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের আগামী প্রজন্মের প্রতিনিধি হিসেবে স্যারের এই গুণগুলো আয়ত্ত করতে চেষ্টা করব। তিনি সশরীরে আর আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর চিন্তা, আদর্শ, দেশপ্রেম, শিক্ষা ও জ্ঞানের প্রতি আগ্রহ, প্রগতিশীল মানবতাবাদ প্রভৃতি অনুসরণ অসম্ভব ব্যাপার নয়।

জগতের অগুনতি কর্মব্যস্ততার মাঝেও আনিসুজ্জামান স্যার আমার অন্তরলোকে পরম আশ্রয় হয়ে উঠেছেন। সেই অধিষ্ঠান থেকে আমি তাঁকে কখনই বিচ্যুত করতে পারব না। তিনি থাকবেন আমার মনের মাঝারে। নিজের কাছে এ আমার প্রতিজ্ঞা!

 

তাশরিক-ই-হাবিব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক