করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আশার খবর এসেছে কৃষি থেকে। চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে আসছে বাংলাদেশ। গতকাল বণিক বার্তায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে এসেছে। দুই যুগ আগেও দেশের অর্ধেক এলাকায় একটি ও বাকি এলাকায় দুটি ফসল হতো। বর্তমানে দেশে বছরে গড়ে দুটি ফসল হচ্ছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা, পরিশ্রমী কৃষক এবং মেধাবী কৃষিবিজ্ঞানী ও সম্প্রসারণবিদদের যৌথ প্রয়াসেই এ সাফল্য। স্বাধীনতার পর দেশে প্রতি হেক্টর জমিতে দুই টন চাল উৎপাদন হতো। এখন হেক্টরপ্রতি উৎপাদন হচ্ছে চার টনেরও বেশি। আর এভাবেই প্রধান খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। কৃষির এ সাফল্য সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কয়েক বছর ধরেই দেশে চাল উৎপাদনে একটি ধারাবাহিকতা আছে। এ কারণেই বাংলাদেশের উল্লম্ফনটা এসেছে। তবে এ অর্জন ধরে রাখতে কৃষি খাতে গবেষণা যেমন বাড়াতে হবে, তেমনি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। উন্নত মানের বীজ সরবরাহ বাড়াতে হবে, কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। শুধু জাত উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকলে হবে না, সেগুলো কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। ধানের মজুদ ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। পর্যাপ্ত গুদাম তৈরি করতে হবে। বিপণন ব্যবস্থায় মিলারদের ওপর নির্ভরশীল না হয়ে কৃষক ও সরকারকে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে। উৎপাদনে কৃষকের খরচ কমিয়ে আনা এবং বিপণন ব্যবস্থায় আরো পদক্ষেপ নিলে এ অবস্থান শক্ত করা কঠিন হবে না। প্রতি বছর ১ শতাংশ হারে আবাদি জমি কমে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোয় চাষাবাদ তথা খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। তখন হয়তো উন্নত মানের প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজ ব্যবহার করেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা কঠিন। মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য আমদানি করতে হবে। এজন্য এখন থেকেই যথাযথ পরিকল্পনা গ্রহণ জরুরি। আবার একথা সত্য, এই বিপুল পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে গিয়ে আমাদের সার ও কীটনাশক ব্যবহারও বাড়াতে হয়েছে। এসবের ব্যবহার বৃদ্ধির কারণে আবার খাল-বিল, জলাশয় বিষাক্রান্ত হয়ে মাছের প্রাকৃতিক বিচরণ কমেছে। আবার জমির উৎপাদনের সাধ্যের বাইরে খাদ্যশস্য উৎপাদন করতে গিয়ে যে বাড়তি চাপ পড়ছে, তাতে জমি আর কত বছর এই হারে বা তার চেয়েও বেশি হারে উৎপাদন করার মতো উর্বর থাকবে, তাও এক বড় প্রশ্ন বটে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার চ্যালেঞ্জও রয়েছে।

উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ না হলে কৃষি লাভজনক হবে না, একথা বহুদিন ধরেই বিশেষজ্ঞরা বলছেন। বাংলাদেশ সরকারও ডিজিটাল বাংলাদেশ ধারণায় ‘ডিজিটাল কৃষি’-কে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ঘটনা হলো, এ দেশে অধিকাংশ জোত ক্ষুদ্র, সেচ এখনো সীমিত, উন্নত প্রযুক্তির প্রয়োগ যথেষ্ট নয়। লাঙল আর হাল-বলদ এখনো বহু চাষীর ভরসা। ছোট চাষীর উৎপাদনশীলতা বাড়াতে যে ধরনের প্রযুক্তি ও বিধি ব্যবস্থা চাই, বাজারে তার ফসল বিপণনের জন্য যে সংযোগ ব্যবস্থা প্রয়োজন, তার কতটুকু আমাদের আছে? এই চাষীদের দেখলে বোঝা যায় সরকারি ভর্তুকি আর ধান কেনার ভরসায় তারা টিকে রয়েছেন। আজ প্রযুক্তির বহু উন্নতি হয়েছে, চাষীর কাছে নানা প্রযুক্তি ও সুবিধা সরকার পৌঁছে দিয়েছে। কিন্তু তা চাষীকে আত্মনির্ভর করেনি। কম খরচে উন্নত মানের ফসল ফলিয়ে বাজারে চড়া দামে বিক্রির ক্ষমতা, এটাই চাষে কৃষকের স্বনির্ভরতার উপায়। প্রযুক্তি, বিনিয়োগ, বিপণন—এসবেরই  উদ্দেশ্য শেষ পর্যন্ত উৎপাদন ব্যয় কমানো এবং বাজারে লাভ বাড়ানো। সরকারি সহায়তার লক্ষ্য হতে হবে চাষীর সঙ্গে বাজারের মজবুত বোঝাপড়া; তাকে নতুন প্রযুক্তি, নতুন বিপণন ব্যবস্থা, নতুন বাজারের খোঁজ দেয়া। সরকারি ভর্তুকির ভরসায় উৎপাদন আর সরকারকেই বিক্রি—এটাই সরকারি সহায়তার আসল ছবি। বিশেষত ছোট চাষীরা সরকারনির্ভর বেশি হওয়ায় এ চক্রের বাইরে বেরোতে পারছেন না। পেশা হিসেবে কৃষি অর্থহীন হয়ে পড়ছে। সরকারের কাজ বিস্তর। উন্নত কৃষি খামার তৈরি ছাড়াও কৃষিকে নিবিড়ভাবে যুক্ত করতে হবে খাদ্যশৃঙ্খলের সঙ্গে, ক্ষেতখামারের সঙ্গে যুক্ত হবে ফসলের প্রক্রিয়াকরণ, খাদ্যগুণ বৃদ্ধি, বিপণনের পরিকাঠামো তৈরি। কৃষি মেলায় নতুন প্রযুক্তির প্রদর্শনী থেকে ফসল বিক্রি—এ শৃঙ্খল তৈরি করা ও বজায় রাখাই সরকারের কাজ। এটা করতে পারলে চাষী নিজের জোরেই বাজার ধরতে পারবেন, চাষের উন্নতি করতে পারবেন।

এত সাফল্যে আমরা যখন উত্ফুল্ল, তখন এর নেপথ্যের কারিগর কৃষকের হূদয়ে হাহাকার! উৎপাদন খরচের অর্ধেক মূল্যেও যে বিকোচ্ছে না তার সোনার ফসল। সরকার যে পরিমাণ ধান বা চাল ক্রয় করে, তা উৎপাদনের তুলনায় একেবারেই নগণ্য। এ প্রসঙ্গে আমরা প্রতিবেশী দেশ ভারতের অভিজ্ঞতা বিবেচনায় নিতে পারি। ভারত সরকার তাদের প্রধান ফসল গম, ধানসহ মোট ২৫টি ফসলের জন্য ন্যূনতম ক্রয়মূল্য নির্ধারণ করে দেয়। মূল্যনির্ধারণের ক্ষেত্রে কৃষকের উৎপাদন খরচ, ঝুঁকি ইত্যাদি বিবেচনায় নেয়া হয়। মৌসুমের শুরুতে নিম্নতম ক্রয়মূল্য ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, মোট উৎপাদনের অন্তত এক-তৃতীয়াংশ সরকার কর্তৃক ক্রয়, সরকারের মজুদ ব্যবস্থা উন্নয়নকল্পে নতুন অবকাঠামো নির্মাণ, স্বল্পমেয়াদে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ের গুদাম ভাড়া করা, নিয়মিত বাজারের সরবরাহ পরিস্থিতি তদারক এবং তার ভিত্তিতে আমদানির ওপর যথাযথ নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নিতে হবে। কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য টেকসই করতে কৃষকের উৎপাদিত ফসলের যৌক্তিক মূল্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই।