করোনার আক্রমনে সারা বিশ্ব কাঁপছে। বাংলাদেশেও সাধারন ছুটির মধ্যে ১৭ কোটি মানুষ গৃহবন্দি।  প্রায় এক মাস হলো সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড স্থবির। সরকারী, বেসরকারী চাকরিজীবি, পেশাজীবি, ক্ষুদ্র ,বৃহৎ ব্যবসায়ী যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল তারা ছ’ মাস ঘরে বসে থাকলেও তাদের খাওয়া পরার  চিন্তা নেই। তারা করোনা থেকে বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব শর্ত পালন করতে পারবেন। কিন্তু সারা দেশে প্রায় ৫০ লাখ খেটে খাওয়া দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ফেরিওয়ালা, ভ্যানচালক, মিস্ত্রি, টমটমচালক, বাসচালক ও হেল্পার, জলযান-চালক ও হেল্পার যারা দৈনিক ভিত্তিতে কাজ করে, কাজ ছাড়া  যাদেরকে নিয়োগকর্তা মজুরি দিবে না, যারা বস্তিতে থাকে, যাদের বস্তিতে থাকার মতো ক্ষমতাও নেই, ফুটপাথে, ষ্টেশনে রাত কাটায় তাদেরকে গৃহবন্দী করে রাখলে তারা ক্ষুধার জ্বালা  মিটাবে,না করোনা থেকে বাচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মানবে ? তাদেরকে গৃহে বা বস্তিতে আবদ্ধ্ রাখতে হলে তাদের ডাল-ভাতের যোগান দিতে হবে । ক্ষুধার্ত মানুষকে করোনার ভয় দেখিয়ে গৃহে বা বস্তিতে আটকিয়ে রাখা যাবে না। ইতোমধ্যে খবরে জানা গেছে, বিভিন্ন ব্লকডাউন এরিয়ায়  ত্রানের চাল-ডাল না পেয়ে মানুষ সেনাবাহিনীর আদেশ অমান্য করে রাস্তায় নেমে এসেছে। কোন কোন এলাকায় বিক্ষোভ হয়েছে। ১০ টাকা কেজি দরের চাল অভাবীদের হাতে পৌছার আগেই চুরি হয়ে অন্য গুদামে চলে যাচেছ। শেষ পর্যন্ত ১০ টাকা কেজি দরের চাল বিক্র বন্ধ করতে হলো। জেলায়, উপজেলায়, ইউনিয়নে  যথেষ্ট পরিমান চাল বরাদ্দ করা হয়নি, এ অজুহাত দেখিয়ে কিছু সংখ্যক মেম্বার, চেয়ারম্যান নিজেদের গোপন গুদামে চাল সরিয়ে নিয়েছেন। কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। টিসিবির ডিলারগন গরীবের কেনা খাদ্য দ্রব্য ওজনে কম দিচ্ছেন,বরাদ্দের খাদ্যদ্রব্য খোলা বাজারে বিক্রি না করে গোপনে বেশী দামে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। ধরা পড়ে অনেকের শাস্তি ও লাইসেন্স বাতিল হয়েছে। ত্রান বিতরনে  মাননীয় প্রধানমন্ত্রীর হুশিয়ারি উপেক্ষা করে গরীবের অধিকার আত্মসাত করা হচ্ছে । লিষ্ট তৈরি কালে স¦জনপ্রীতি, বিতরনে চুরি, আবার বিতরন না করে নিজের গুদামে নিয়ে ডাকাতি, এ সমস্ত দুর্নীতি বন্ধের উপায় কি?  উপায় একটা আছে, ডিজিটাল পদ্ধতিতে বিতরন অর্থাৎ সুবিধাভোগীর নিজের ব্যাংক হিসাবে বা বিকাশ হিসাবে, রকেট হিসাবে সরাসরি নগদ অনুদান পাঠিয়ে দেয়া। আজকাল অনেক খেটে খাওয়া মানুষের ১০-টাকায়-খোলা ব্যাংক হিসাব বা বিকাশ হিসাব আছে। যাদের ব্যাংক হিসাব বা বিকাশ হিসাব নাই, লিষ্ট তৈরির সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের মোবাইলে দশ টাকা দিয়ে একটি মোবাইল হিসাব খুলে দিতে পারেন। চাল-ডাল বিতরনে যে অসংখ্য ঝামেলা, ব্যক্তি থেকে ব্যক্তির দূরত্ব বজায় রেখে প্যাকেট করা, বিতরন করা, চুরি,চামারি রোধ করার যে অদম্য ঝ্ঞাট, সে সব এড়িয়ে প্রনোদনা বা অনুদান হিসাবে নগদ অর্থ ওদের হিসাবে পাঠিয়ে দিলে কাজটি অনেক সহজ হয়ে যায়। বিতরন খরচ এবং চুরি বাবত কমপক্ষে  যে ২৫% লুপাট হয়ে যায় সেটা বাঁচিয়ে গরীবের পকেটে পৌছে। তাতে অর্থনীতিও চাঙ্গা হবে। ঢাকা, চট্টগ্রাম, নারাযনগঞ্জসহ দেশের সব বস্তিতে, প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে পূর্বতালিকা যা করা হয়েছে সেটা পরিবর্তন, পরিবর্ধন করে ও ব্যাংক হিসাব বা বিকাশ হিসাব সংযোজন করে নগদ প্রনোদনা ঐ হিসাবে সরাসরি পাঠানো  যেতে পারে । অত্যন্ত সহজভাবে যেমন নাম, পিতা বা ¯স্বামীর  নাম,ঠিকানা, মোবইল নং দিয়ে ব্যাংক হিসাব খুলতে দিতে হবে এবং ব্যাংকের মাধ্যমেই টাকা বিতরন করতে হবে।। ঐ  টাকা দিয়ে সুবিধাভোগীরা প্রযোজন মতো খাবার কিনে নিবেন।

এখন পশ্ন হলো কত পরিবারকে এককালীন কত টাকা হারে  এ প্রনোদনা দেয়া যায়। সরকার করোনা সংক্রমনের ঝুকিপূর্ন দিন মজুরদের জন্য ৭৬০ কোটি টাকার থোক প্রনোদনা ঘোষনা করেছে।  বেসরকারী প্রতিষ্টান  সিপিডি সুপারিশ করেছে ১ কোটি ৭০ লাখ মানুষকে মাসে ৮,০০০ টাকা করে দুই মাস এই প্রনোদনা দেয়া উচিত। তাতে তাদেও হিসাবে মোট ২৯,৮৫০ কোটি টাকার প্রযোজন হবে ( যুগান্তর, ১৪-৪-২০২০)। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি  তিনি গতকাল (১৬ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, নারাযনগঞ্জে বস্তিবাসীসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে ৫০ লাখ কর্মহীন পরিবারের মধ্যে রেশন কার্ড মারফত দুই মাস খাদ্য সহায়তা দিতে ঘোষনা করেছেন। তার আগে প্রথমেই তিনি তৈরি পোশাক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য ৫,০০০ কোটি টাকার প্রনোদনা ঘোষনা করেছিলেন। এর দুদিন পরেই দেশের শিল্প বানিজ্যে করোনা ভাইরাসের  আক্রমন-জনিত  আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে  তিনি ৭২,৭৫০ কোটি টাকার একটি বৃহৎ ও সাহসী প্রনোদনা স্কিম ঘোষনা করেছেন। দুটি মিলে ৭৭,৭৫০ কোটি টাকার প্রনোদনা সরকারের  এক বিরাট মহানুভবতা ও দু:সাহসের পরিচয় বহন করে। কিন্তু এ অর্থ কি কি খাতে খরচ করা হবে তা বলা হয় নি। গত ৯ এপ্রিলের বনিক র্বাতায় আমি লিখেছিলাম এই বৃহৎ  বরাদ্দের খাত গুলো এবং অর্থের উৎস অতি সত্বর নির্ধারন করা প্রয়োজন। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এ অর্থের মধ্যে ২৫০ কোটি টাকা স্বাস্থ্য খাতে, ২০,০০০ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে, ১২,৭৫০ কোটি টাকা রপ্তানি শিল্প খাতে, ৫,০০০ কোটি টাকা শিপমেন্ট পুন:অর্থায়ন খাতে, ৫,০০০ কোটি টাকা কৃষি খাতে প্রনোদনা হিসাবে দেয়া হবে। ৭২,৭৫০ কোটি থেকে উপরোক্ত খাতগুলো বাদ দিলে ২৯,৭৫০ কোটি টাকা বাকী থাকে । সেটা কোন কোন খাতে ব্যয় হবে তা জানা যায় নি। সিপিডির সুপারিশ মতে এ টাকা খেটে খাওয়া ১.৭০ কোটি মানুষকে দেয়া যায়। সিপিডির  সুবিধাভোগীর সংখ্যা এবং টাকার অংকের বিশ্লেষন আমরা জানি না। তবে আরও সহজভাবে ব্যপারটি সমাধান করতে চাইলে জন প্রতি হিসাব না করে প্রত্যেক  পরিবারকে মাসে ১২,০০০ টাকা করে  ৫০ লাখ পরিবারকে এ ত্রান দেয়া যেতে পারে। প্রতি পরিবারে গড়ে ৫ জন সদস্য থাকলে ২.৫ কোটি মানুষের হাতে এ ত্রান পৌঁছবে। মাননীয় প্রধানমন্ত্রী যথাযত সিদ্ধান্তই নিয়েছেন । তাতে দুই মাসে খরচ হবে ১২,০০০ কোটি টাকা এবং পরিবার প্রতি ৫ জন সদস্য হিসাবে মোট  আড়াই কোটি মানুষ দুই মাস খোরাকি পাবে। এই টাকা দ্বারা যদি তারা খাদ্যের নিশ্চয়তা পায় তাহলে লকডাউনে ঘরে বা নিজের আস্তানায় থাকবে , নইলে তারা রাস্তায় বেরোবেই। তাতে লকডাউন সফল হবে না, করোনা সংক্রমন হ্রাস পাবে না ।

প্রনোদনা পাওয়ার যোগ্য আভ্যন্তরীন শিল্পের মধ্যে পল্ট্রি, গবাদি পশু পালন ও দুগ্ধ শিল্প,  কুঠির বা ক্ষুদ্র শিল্প, বস্ত্র ও গার্মেন্টস খাতের সহযোগী শিল্প, কৃষি ও মৎস্য পালন শিল্প পাইকারী ও খুচরা ব্যবসায়ী  রয়েছে। কৃষকের সব্জি ক্ষেতে পচছে, খামারীরা দুধ ফেলে দিচ্ছে। এরা সবাই  প্রনোদনা পাওয়ার যোগ্য। সরকার কাকে কত টাকা দিবে, কি ভিত্তিতে অর্থাৎ ঋন হিসাবে, না অনুদান হিসাবে দেবে সেটা নির্নয় করতে হবে সময় মতো। ঋন হলে সুদের হার, সময়সীমা ইতাদি নির্ধারন করে  যোগ্য ও যথাযথ সুবিধাভোগীর হাতে ডিজিটাল পদ্ধতিতে অর্থ পৌছে দিতে হবে।

এখন প্রশ্ন হলো এই টাকা আসবে কোথা থেকে  চলমান অর্থ বছরের বাজেটে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা ১.৩৬.০০০ কোটির বিপরীতে ১,০৫,০০০ কোটি টাকা আদায় হয়েছে । অর্থাৎ ৩১,০০০ কোটি টাকা বা ২৯.৫২% ক্রমহ্রাসমান রাজস্ব ঘাটতি নিয়ে আরও ছ’ মাস সরকারকে চলতে হবে  ইতোমধ্যে জানুয়ারী মাসে ব্যবসা কিছুটা অব্যাহত থাকলেও  চীন থেকে ছড়িয়ে পড়া সাড়া বিশ্বে  করোনা ভাইরাসের কারনে ফেব্রুয়ারী থেকে সারা বিশ্বে  রপ্তানি বানিজ্য চরমভাবে আঘাতপাপ্ত হয়েছে। তৈরি পোশাকসহ সমস্ত রপ্তানিযোগ্য শিল্প ও রেমিটেন্স খাতের আয় ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে এবং কবে তার উন্নতি হবে কেউ বলতে পারেনা। রপ্তানী আয়ের সাথে সাথে আমদানিও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সরকারের প্রধান রাজস্ব আয় অর্থাৎ শুল্ক-কর-ভ্যাট-সম্পূরক কর-আবগারী শুল্ক আসে আমদানি বানিজ্য থেকে। সেই আমদানির পরিমান কমে গেলে এ খাতে রাজস্বের পরিমানও কমে যাবে।  মার্চ মাস থেকে করোনায় গৃহবন্দীত্বের কারনে আভ্যন্তরীন উৎপাদন,গার্মেন্টস শিল্পের সহযোগী কারখানার উৎপাদন, কৃষিজ  ও অন্যান্য খাদ্য দ্রব্য উৎপাদনের পরিমান কমে যাওয়ায় সরকারের প্রাক্কলিত রাজস্ব অনেকটাই কমে যাবে এবং ঘাটতি বাড়তে থাকবে। সিপিডির মতে ২০১৯-২০ অর্থ বছরে বাজেটে রাজস্ব ঘাটতি এক যুগের রেকর্ড ছাড়িয়ে যাবে । ঘোষিত প্রনোদনার সিংহভাগ হবে অনুদান বা ঋন। সরকার যদি রাজস্ব আয় থেকে প্রনোদনা বা ২% সুদে ঋন দিতো তাহলে সরকারের অতিরিক্ত ব্যয় হতো না। কিন্তু যেহতেু ইতোমধ্যেই রাজস্ব আয় কমে গেছে এবং আগামী অর্থ বছরে বিরাট বাজেট ঘাটতি হবে সেহেতু সরকারকে বৈদেশিক ঋন, অনুদান ,আভ্যন্তরীন ব্যাংকিং সিস্টেম বা বাংলাদেশ ব্যাংক থেকে ঋন নিয়ে এ সমস্ত প্রনোদনার অর্থ যোগান দিতে হবে। কিন্তু যে ব্যাংকিং সিস্টেম থেকে সরকার ঋন নেবে, সেই খাতে দুর্নীতিজনিত খেলাপি ঋনের কারনে ইতোমধ্যেই তারল্য সংকট তৈরি হয়েছে । তদুপরি ৯-৬% সুদের হার  প্রয়োগ করায় হতাশ আমানতকারীরা ক্রমান্বয়ে তাদের আমানত তুলে নিতে পারে এবং নতুন আমানত হয়তো আসবে না। ফলে তারল্য সংকট আরও প্রকট হতে পারে। 

সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত ক্ষতি কাটানোর বিভিন্ন উদ্দেশ্যে বিশ্ব ব্যাংক থেকে ৭৫ কোটি ডলার, এডিবির কাছ থেকে ৫০ কোটি ডলার , আই.এম. এফ থেকে ৫০ কোটি ডলার আইডিবির  কাছ থেকে ১০ কোটি ডলার, আইটিএফসির নিকট ৫ কোটি ডলার এবং আরও অনেক আন্তর্জাতিক সংস্থা থেকে অনুদান বা স্বল্প সুদে ঋন চেয়েছে। ঘোষিত প্রনোদনার অংকের অনুপাতে এ সমস্ত আস্থা  ঋন বা অনুদানের পরিমান নগন্য। তাছাড়া এ সমস্ত আস্থা  ঋন বা অনুদানের কতটুকু বাস্তবে পাওয়া যাবে তা অনিশ্চিত, কারন পৃথিবীর প্রায় দু’শটি দেশ করোন আক্রান্ত হয়েছে। তম্মধ্যে পরাশক্তিগুলো বিশ্ব ব্যাংক, আই. এম এফ, এডিবি, হয়তো কোন ঋন চাইবে না, কিন্তু বাকি সবাই কিছু না কিছু হয়তো চাইবে। তাহলে সরকার কোথা থেকে তাড়াতাড়ি এ অর্থ যোগাড় করবে তার কোন ইঙ্গিত বা নির্দেশনা নেই। তবে ব্যাংকিং সেক্টরই ভরসা। খেলাপি ঋন আদায় করে ব্যাংকের তারল্য ফিরিয়ে আনতে হবে। এডিপির অপ্রয়োজনীয় ও রাজনৈতিক প্রকল্প বাদ দিতে হবে,সরকারের অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করতে হবে। আমরা আশা করছি অর্থ মন্ত্রনালয় খুব তাড়াতাড়ি অর্থের উৎস খুজে বের করবে। অর্থনীতিকে ঘুরিয়ে দাড় করাতে হলে কাজটি দ্রুত করা প্রয়োজন।

আলী ইদরিস

এফসিএ, কলাম লেখক