কভিড-১৯ মহামারী অন্য মহামারীর চেয়ে ভিন্নতর। এ রোগের জন্য দায়ী নভেল করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে হওয়ায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মানুষের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা অপরিহার্য। নইলে সংক্রমণ এড়ানো কঠিন। সংগত কারণে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিক পর্যায়ে সাধারণ ছুটির আদলে দেশে অঘোষিত লকডাউন ঘোষণা করে সরকার। একান্ত প্রয়োজনে বাইরে বেরুনো ছাড়া সবসময়ই মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়। প্রথম দিকে মানুষও নির্দেশনাগুলো মোটামুটিভাবে পরিপালন করেছে। কিন্তু সময়ের ব্যবধানে বিভিন্ন মহল, বিশেষত রফতানিমুখী শিল্পের মালিকদের দিক থেকে অর্থনীতি সচলের চাপ আসে। এ পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল থেকে খুলে দেয়া হয় তৈরি পোশাক কারখানা। আর রোববার থেকে ঈদ উপলক্ষে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হয়েছে। কিছু শর্তের ভিত্তিতে মসজিদও উন্মুক্ত করে দেয়া হয়েছে জনসাধারণের জন্য। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, শিথিলতার শুরুতেই শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। সোমবার পর্যন্ত দেশে কভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১। সবচেয়ে লক্ষণীয়, এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে, যা এ-যাবত্কালে সর্বোচ্চ। শনাক্তের সংখ্যা বৃদ্ধির প্রবণতা স্পষ্টতই ঊর্ধ্বমুখী। এভাবে চলতে থাকলে আরো কঠোর লকডাউন ও কারফিউর পথে যেতে হলে তা করতে হবে।

সার্বিক পর্যবেক্ষণে মনে হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্ব আপাতত অর্থনীতি বাঁচানোর পথেই হাঁটছেন, যা কাম্য নয়। নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশবাসীর জীবনযাত্রা নিরাপদ করার জন্য সরকার নতুন পরিকল্পনা করেছে। কভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে চালু করার লক্ষ্যে এটি প্রণয়ন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ নির্দেশনা তৈরি করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে এসব নির্দেশনা ভার্চুয়াল পুস্তকাকারে প্রকাশ করেছে। পুস্তকে ৪৭টি বিষয়ে পৃথক নির্দেশনা দেয়া হয়েছে। নিঃসন্দেহে এটি সময়োপযোগী উদ্যোগ। কিন্তু নির্দেশনাগুলো কতটা পরিপালন নিশ্চিত করা যাবে, তা নিয়ে থেকে যায় শঙ্কা। অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে মোটেই সুখকর নয়। কাজেই কাগুজে দায় সারার পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো ঠিকমতো পরিপালন হচ্ছে কিনা, তার তদারকি নিশ্চিত করতে হবে। বলার অপেক্ষা রাখে না, আক্রান্ত যে হারে বাড়ছে, তার সঙ্গে আমাদের সামনে একসঙ্গে বিপুলসংখ্যক কভিড-১৯ রোগীর সুচিকিৎসা নিশ্চিতের চ্যালেঞ্জটি বিস্তৃত হচ্ছে। সুখবর যে প্রায় ৮০ শতাংশ কভিড-১৯ রোগীর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, রেখার ঊর্ধ্বমুখী প্রবণতা অনুযায়ী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন হতে পারে, এমন রোগীর সংখ্যা চলতি মাসের শেষ নাগাদ ১৪-১৬ হাজার হতে পারে। একসঙ্গে এত রোগীর সুচিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা আমাদের এখন পর্যন্ত নেই। সুতরাং বিষয়টি বিবেচনার দাবি রাখে।

লকডাউন ভেঙে পড়ায় হাজার হাজার মানুষের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দেয়ার জন্য চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করাও সম্ভব হয়নি। বাস্তবতা হলো, গার্মেন্ট মালিকরা প্রায় সবাই তাদের কারখানা চালু করেছেন। কারখানাগুলো খোলার সময় দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার শ্রমিকের ঢাকায় ছুটে আসার সেই অভাবনীয় দৃশ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন অনেক কারখানায় শ্রমিকের নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির প্রশ্ন উঠেছে। কিন্তু গার্মেন্ট খোলার মধ্যেই সরকারের চিন্তা সীমাবদ্ধ থাকেনি। একের পর এক শিল্প-কারখানা এবং দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়ে দ্রুততার সঙ্গে নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার একটা চেষ্টা দেখা যাচ্ছে। লকডাউন অবস্থা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কতটা যাব, সেটা নির্ভর করবে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর ফলে বাড়তি যে স্বাস্থ্যঝুঁকিটা তৈরি হবে বা সহজ কথায় বললে বাড়তি যে করোনা রোগী আসার আশঙ্কা তৈরি হলো, সেটা সামাল দেয়ার মতো স্বাস্থ্য সুবিধা আমাদের আছে কিন। এ কথা সত্য, সে অনুযায়ী কিন্তু আমাদের স্বাস্থ্যঝুঁকি সামাল দেয়ার ক্ষমতা বাড়াইনি। এখন দিন দিন সংক্রমণ যখন বাড়ছে, তখন আরো সময় নেয়া উচিত ছিল বৈকি। এখনই সময় হয়নি সবকিছু খুলে দেয়ার। আমাদের কোনো ঝুঁকি নেয়ার আগে আরেকবার চিন্তাভাবনা করা উচিত। যেহেতু লকডাউন শিথিল করা হলো এবং তাতে যদি দেখা যায় যে আবার সংক্রমণ বেড়ে যাচ্ছে, তাহলে খুব শক্তভাবে লকডাউন দিতে হবে। প্রয়োজনে প্রশাসন আরো কঠোর হবে বলে আমাদের প্রত্যাশা।