ভাবছিলাম, কী লাভ এসব লিখে? কিছুতেই তো কিছু হবে না! পরক্ষণেই মনে হলো আমি কি এই মুহূর্তে সেলফ সেন্সরশিপে আছি? রাষ্ট্রের ছড়িয়ে দেয়া সীমাহীন হতাশার ভাইরাসে আমিও কি আক্রান্ত, যা করোনার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর! জানি উত্তর আসবে মনে, হ্যাঁ। আর যদি সবাই কথা বলতো! নিজে বলতে না জানলেও যারা কথা বলছে তাদের পাশে এসে শক্ত হয়ে দাঁড়াতো, তবে কি চিত্রটা উল্টো হতো না! কিন্তু না, বাংলাদেশে আজ ভয়ের রাজনীতি বিজয়ী হয়েছে। এখনো বিশ্বাস করি অথবা ভাবতে ভালো লাগে, সে ভয় হয়তো সাময়িক। কারণ ভয়-ভীতি দিয়ে আর যাই হোক মানুষের মন জয় করা যায় না, লাঞ্ছিত মন একদিন না একদিন বিদ্রোহ করবেই! 

কিন্তু এই ভয়ের রাজনীতির আপাতত ক্ষতির একটা প্রধান শিকার কিশোর-তরুণ সমাজ। যাদের বিপুল অধিকাংশ সময় ব্যয় করেন অনলাইনে ঠাট্টা-মস্করা, ফানি ভিডিও-টিকটক, টাইমপাস চ্যাটিং ইত্যাদি বহুবিধ চিত্তবিনোদন মূলক কর্মকাণ্ডে। যা রাষ্টের জন্য অত্যন্ত নিরাপদ এবং মোবাইল কোম্পানিগুলোর ব্যবসার জন্য লাভজনক। তাহলে এই কিশোর-তরুণরা কি রাজনীতি বিমুখ? বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কি তাদের কোনো ভাবনা নেই? কিন্তু বিগত কয়েক বছরে তাদের দ্বারা সংগঠিত ঘটনাবলীতো তা বলে না! প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন সর্বশেষ স্কুল ছাত্রদের-কিশোর বিদ্রোহ বরং এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশের জনরাজনীতির নতুন ভাষা নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। 

জনরাজনীতির সেই নতুন দিশা, প্রজ্ঞা আর সাহস নির্মাণ হলে বাংলাদেশের নতুন রক্ত এগিয়ে আসতে পিছপা হবে না। এটাই মানুষের সমাজের ধর্ম। যখন প্রচলিত ‘ধরি মাছ না ছুঁই পানি’ অথবা আপোষকামী-ভীরু রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারা একটা দেশে দীর্ঘ দিন প্রবাহিত হতে থাকে, তখন তরুণরা পরিবর্তনের নতুন রাস্তার সন্ধান করবেই। আর সেই তারুণ্য কখনোই যেন ঐক্যবদ্ধ হতে না পারে, তাকে ঘুম পাড়িয়ে রাখবার, তার মনোযোগ যেন কিছুতেই ‘রাষ্ট্র মেরামতের’ দিকে ধাবিত না হয়, তার সকল আয়োজন গুরুত্বের সঙ্গে সম্পন্ন করে রাষ্ট্র। আর যারা এখনো তরুণ্যকে সংগঠিত করবার চেষ্টা করছেন, তাদের জন্য তৈরি হয় ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নতুন নতুন নিপীড়নমূলক আইন। আইন প্রতিষ্ঠারো তো যুক্তি আর বৈধতা তৈরি করা লাগে। তার জন্য নিয়োজিত আছেন রাষ্ট্রের পোষা বুদ্ধিজীবীগণ! সাইবার ক্রইম, জঙ্গিদমন ইত্যাদি বহুবিধ উছিলায় সমাজে এই আইনের বৈধতা প্রতিষ্ঠা করা হয়। যেভাবে আমাদের মগজে চাপিয়ে দেয়া হয়েছে ‘ক্রসফায়ার’ এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। ঠিক একইভাবে আমরা দেখলাম ডিজিটাল নিরাপত্তা আইনের মারপ্যাঁচে গ্রেফতার করা হলো কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার দিদারুল ভুঁইয়াসহ আরো কয়েকজনকে। 

অর্থাৎ মুখে যত গণতন্ত্রের কথাই বলা হোক না কেন, রাষ্ট্রিয় কোনো সিদ্ধান্ত, সরকারদলীয় কারো কোনো অপকর্মের কোনো সমালোচনা করা যাবে না। এমনকি সমালোচনা করে কার্টুনও আঁকা যাবে না, যা সারা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে বিরল! আর তার চেয়েও বিরল এবং ভয়াবহ দশা আমাদের তথাকথিত প্রধান ধারার শিল্পী সমাজের। অথচ দুর্ভিক্ষের স্কেচ আঁকা জয়নুল আবেদিন, মুক্তিযুদ্ধে রাজনৈতিক ব্যাঙ্গচিত্র আঁকা কামরুল হাসান আমাদের দেশেরই শিল্পী। যারা দেশের সকল সংকটকালে রঙ-তুলি নিয়ে হাজির থেকেছেন মানুষের কাতারে। 

আমরা কি তাদেরই উত্তরসূরি নই! তবে আজ শিল্পীদের মনে কেন এতো ভয়, যার কাজ সকলের ভয় দূর করা! আমরা দেখলাম হোমড়া চোমড়া শিল্পী-সাহিত্যিকরা কেউ অন্তত একজন কার্টুনিস্ট বা লেখকের জন্য হলেও কোনো প্রতিবাদ করলেন না, বরং একান্ত বাধ্যগত পোষ্যের ভূমিকাই পালন করলেন। তাদের ব্যাপারটা এমন, কিছু ভুলভাল যাই হোক, এ সরকারের কোনো সমালোচনা করা যাবে না। 

আসলেই তো! তারা এই সরকারের কাছ থেকে  যে পরিমাণ সুযোগ সুবিধা আদায় করতে পেরেছেন, তা কখনোই ভুলবার মতো নয়। এ বিষয়ে তারা চিরকৃতজ্ঞ। 

আচ্ছা, একজন কার্টুনিস্ট কি শিল্পী, বিশেষ করে যারা রাজনৈতিক ব্যাঙ্গচিত্র আঁকেন? এ বিষয়ে আমাদের এ যুগের চিত্রশিল্পীরা কি বলেন? নচেৎ একজন কার্টুনিস্টকে নিয়ে প্রতিবাদের কী আছে! তাই কি কিশোরের গ্রেফতারের প্রতিবাদে শিল্পীদের কোনো কথা বলতে শুনলাম না? 

আসলে অধিকাংশ শিল্পীরা দেশ-বিদেশের প্রজেক্ট নিয়াই ব্যস্ত থাকেন, ভীষণ ব্যস্ত। তাদের হাতে এইসব পলিটিক্যাল অ্যাক্টিভিজম করার টাইম নাই। তারা এনজিও অ্যাক্টিভিজম, আর্ট প্রজেক্টের ফান্ড এইসব ধান্দায় রাতদিন চোখের পাতা এক করতে পারেন না। এই করোনা নিয়াও হয়তো তাদের আর্ট ওয়ার্ক চলমান। এদের অধিকাংশেরই নিজেদের ক্যারিয়ার ছাড়া আর কিছু নিয়া চিন্তা করার সময় নাই ! তারা জানে এদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের কোনো ক্ষতির আশংকা নাই। কেননা সারা জীবনে এমন কোনো রিস্কি আর্ট ওয়ার্ক তারা করবেন না, যার কারণে তাদেরকে কিশোরের মতো গ্রেফতারের শিকার হতে হবে। 

তো এমন ভীতু আর লোভী শিল্পীসমাজের কাছে বাংলাদেশের শিল্পকলার কী ভবিষ্যৎ আশা করতে পারি, অন্তঃসার শূন্যতা ছাড়া? আর সেই সব অন্তঃসার শূন্য শিল্পকলা আমাদের সমাজের কোন কাজে লাগবে? উত্তরটা নিশ্চয়ই আপনাদের জানা। 

তাই আশা, সেই লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের কাছেই, যারা নিজেদের আত্মমর্যাদা বিকিয়ে দেন না, অন্যায়কে  অন্যায় বলতে কুণ্ঠা বোধ করেন না। তারা আজ দৃশ্যত সংখ্যায় যতো কমই হোক তারাই শিল্পকলার প্রকৃত প্রধান ধারা। তারাই কণ্ঠে ধারণ করেন সমাজের অন্তর্গত প্রতিবাদের সুর। 

আশা সেই কিশোর-তরুণদের কাছেই, যারা ‘রাষ্ট্র মেরামতের’ দায়িত্ব নিতে চায়, যারা দেয়ালে দেয়ালে বিদ্রোহ এঁকেছিল। তারা যদি প্রতিবাদে সোচ্চার হন, তবে আমাদের হক কথা বলার অধিকার কেড়ে নিতে পারবেনা কেউ। এই নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন একদিন অবশ্যই বাতিল হবে। 

দাবি জানাই কিশোর, দিদারসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়া হোক।

লেখক: অমল আকাশ, শিল্পী ও সংগঠক