বিশ্বজুড়ে গত কয়েক মাসে ভয়াবহ নভেল করোনাভাইরাসের সংক্রমণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের চেহারা দৃশ্যত বদলে যাচ্ছে। দেখা গেছে, ফ্যাশনদুরস্ত পোশাক কিংবা পছন্দনীয় সেলফোনের তুলনায় বর্তমানে বেশি চাহিদা স্বাস্থ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের। উন্নত দেশগুলোয়ও এ ধরনের পণ্যের ঘাটতি থাকায় করোনা পরিস্থিতির অবনতি দ্রুততর হয়েছে। এদিকে ইউরোপ-আমেরিকার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে করোনা সংক্রমণরোধক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই, টেস্ট কিট, স্যানিটাইজার, মাস্ক, ওষুধপত্রসহ নানা রকম চিকিৎসা উপকরণের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমনকি দক্ষিণ-পূর্ব এশীয় গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়ায় বাংলাদেশ এবার করোনাসংশ্লিষ্ট বেশকিছু ওষুধ রফতানি করছে তাদের অনুরোধে। নভেল করোনাভাইরাস রফতানি খাতে নেতিবাচক প্রভাব ফেললেও বর্তমান পরিস্থিতিকে নতুন সম্ভাবনা হিসেবেও দেখছেন অনেকে। গতকাল বণিক বার্তায় প্রকাশিত সংশ্লিষ্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের মধ্যেই সুরক্ষা উপকরণ, মেডিকেল ইকুইপমেন্ট, ভাইরাস প্রতিরোধী কাপড়—এ পণ্যগুলো রফতানি ঝুড়িতে নতুন সংযোজন হচ্ছে। এটি অবশ্যই আমাদের রফতানি খাতের জন্য আশার আলো। তবে এজন্য এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিদেশী যারা বাংলাদেশ থেকে সুরক্ষা উপকরণ নিতে আগ্রহী, তারা জানতে চাইছেন পণ্যগুলো সনদপ্রাপ্ত কিনা, মানসম্পন্ন কিনা। সনদসংক্রান্ত কারণেও অনেক পণ্য রফতানি করা যাচ্ছে না। এটি নিশ্চিত করতে হবে। মানের প্রশ্নে উন্নীত হওয়া এবং সময়মতো পণ্য উৎপাদন ও পৌঁছে দেয়ার মতো চ্যালেঞ্জ তো রয়েছেই। এখনই যথাযথ নীতি পরিকল্পনার আলোকে সংশ্লিষ্টদের সহায়তা জোগাতে হবে। করোনার প্রাদুর্ভাবের মধ্যে রফতানিতে পণ্য বহুমুখীকরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সক্রিয়তাও জরুরি।

করোনা আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিবর্তন এনেছে। বিদ্যমান অবস্থায় স্বাভাবিকভাবেই বিলাসজাত, এমনকি স্বাভাবিক পরিস্থিতিতে প্রয়োজনীয় পণ্যের চাহিদাও কমেছে। তাই কমে গেছে তৈরি পোশাকের চাহিদাও। উদ্ভূত পরিস্থিতিতে বিদেশী বায়াররা বাংলাদেশের বিলিয়ন ডলারের গার্মেন্ট কেনার অর্ডার বাতিল করে দেয়ায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা উদ্বিগ্ন। বিদ্যমান বাস্তবতায় নতুন নতুন পণ্য ও সেবা রফতানির সুযোগ খোঁজা জরুরি। নতুন যেসব পণ্য রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে উদ্যোক্তা ও সরকারের সমন্বয় প্রয়োজন। বাজার খুঁজতে দূতাবাসগুলোর বাণিজ্য উইনিংয়ের সক্রিয়তা প্রয়োজন। করোনা মহামারী-পরবর্তী বিশ্বের আসন্ন নিদারুণ অর্থনৈতিক মন্দা নিয়ে সবাই উদ্বিগ্ন। বাংলাদেশ অনিবার্যভাবেই এ মন্দার শিকার হতে পারে। তাই যত শিগগির সম্ভব সম্ভাব্য বিপদ মোকাবেলার প্রস্তুতি নেয়া উচিত। আগে থেকেই বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জোর তাগিদ আসছিল। এ অবস্থায় এখনই সংশ্লিষ্ট সবাইকে সাধ্যমতো তত্পর হয়ে সর্ববিধ উদ্যোগ নিতে হবে এবং এক্ষেত্রে কোনো সুযোগকেই হাতছাড়া করা যাবে না। সময়ের প্রয়োজন মেটানোর মতো পণ্য ও সেবা রফতানি করা গেলে বাংলাদেশের অর্থনীতিই শুধু সমৃদ্ধ হবে না, বহির্বিশ্বে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভবিষ্যতে বিশ্বে কোন ধরনের পণ্য ও সেবার কদর বাড়বে, সেজন্য গবেষণা আরো জোরদার করতে হবে। পাশাপাশি পণ্য উৎপাদন ও বাজারজাতে স্যানিটাইজেশনসহ আরো প্রচারণা প্রয়োজন। নতুন নতুন উদ্ভাবন ও রফতানি বৈচিত্র্যকরণে সরকারের আর্থিক, কারিগরিসহ যাবতীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

সম্ভাবনাময় নতুন পণ্য রফতানিতে সরকারের সহায়তা জরুরি। আলোচ্য সুরক্ষা পণ্যের মান যাচাই এবং আন্তর্জাতিক সনদ বা স্বীকৃতি এখন অর্জন করতে হবে দ্রুত। সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারলে আরো বিপুল পরিমাণ রফতানি আয় বাড়ানো সম্ভব। সেজন্য রফতানি খাতগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। কাস্টমসকে ঢেলে সাজাতে হবে। রফতানি বাড়ানোর জন্য নতুন বিনিয়োগ ও শিল্পায়ন দরকার। বিনিয়োগ প্রক্রিয়া নিরবচ্ছিন্ন করতে হলে দেশের ব্যাংক খাতের সক্ষমতা বাড়াতে হবে সবার আগে। শিল্প মূলধন গঠনের জন্য ব্যাংকঋণ বিরাট ভূমিকা পালন করে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যাতে উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ নিতে পারেন। রফতানি তালিকায় নতুন পণ্য যুক্ত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি কাজে লাগাতে হলেও করোনার প্রাদুর্ভাব আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। নইলে বহির্বিশ্বের ক্রেতারা দেশীয় পণ্য নিতে অনাগ্রহী হতে পারেন। তবে সর্বাগ্রে নতুন পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন জরুরি। এটি অর্জনে দ্রুতই উদ্যোগ নেয়া প্রয়োজন। একই সঙ্গে মানসম্পন্ন পণ্য উৎপাদনে জোর দিতে হবে। যন্ত্রপাতি স্থাপন থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে পণ্য উৎপাদন কৌশলও প্রণয়ন করতে হবে। তবে রফতানিতে যুক্ত হতে যাওয়া নতুন পণ্য আমাদের আশাবাদী করে তুলবে। করোনা-পরবর্তী বিশ্ব হবে একটা সম্পূর্ণ পরিবর্তিত বিশ্ব। রফতানির ক্ষেত্রে আমরা কিছু সুবিধা পেতে পারি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোয় আমাদের পণ্যের চাহিদা বাড়তে পারে। তারা তাদের আমদানির উেস বৈচিত্র্য আনতে পারে। চীন থেকে বেশকিছু শিল্প প্রত্যাহার করা হতে পারে। জাপান তা-ই বলেছে। এসব শিল্পের একটা অংশও যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের লাভ।