করোনার প্রভাব মোকাবেলাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি হবে বলে ধারণা করেছিল সবাই। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আগামী অর্থবছরেও সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও ভৌত অবকাঠামো নির্মাণ খাতে। সন্দেহ নেই, অনেক বড় বড় প্রকল্প চলমান, দ্রুতই সেগুলো শেষ করতে হবে। করোনা পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশই স্বাস্থ্য অবকাঠামোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাদের বাজেট পরিকল্পনা সাজাচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। বর্তমান পরিস্থিতিতে এডিপি বাস্তবায়নে অবিলম্বে চারটি খাতকে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খাত চারটি হলো স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, খাদ্য ও কৃষি এবং শিল্প ও বাণিজ্য। করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে চলতি ও বিনিয়োগ ব্যয় বাড়াতে হবে। এর পরই গুরুত্ব দিতে হবে সামাজিক নিরাপত্তা খাতে। সেখানে কর্মহীন ও প্রান্তিক মানুষদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ ও খাদ্যসহায়তা দিতে হবে। পাশাপাশি গোটা বিশ্বেই খাদ্য সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। তাই কৃষি ও খাদ্য খাতে অগ্রাধিকার দিয়ে প্রকল্প নিয়ে আসতে হবে। এ দুটি ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলতে না পারলে চলমান করোনা পরিস্থিতি আরো বড় বিপদ নিয়ে আসতে পারে। এর পরই শিল্প-কারখানা ও বাণিজ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম সাজাতে হবে।

এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশী সহায়তা পাওয়াটাও আগামী অর্থবছর কঠিন হয়ে পড়ার শঙ্কা রয়েছে। যেসব দেশ আমাদের সহায়তা দিয়ে থাকে, তারা নিজেরাই করোনায় আক্রান্ত। এখন এডিপি বাস্তবায়ন করতে হবে সম্পদের খুব স্বচ্ছ পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে। এডিপিতে প্রকল্প প্রেরণের ক্ষেত্রে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও কাঙ্ক্ষিত সুফল প্রাপ্তি বিবেচনায় নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্প যথাসময়ে সমাপ্ত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আগামী কয়েক বছর এডিপিতে গুরুত্বপূর্ণ ছাড়া প্রকল্প নেয়া ঠিক হবে না। রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্প আগামী এডিপি থেকে বাদ দেয়া এখন জরুরি। করোনা পরিস্থিতিতে সরকারের রাজস্ব আয় কমবে; বরং যাদের কাছ থেকে শুল্ক-কর আদায় করার কথা, উল্টো তাদের এখন ছাড় দিতে হচ্ছে। রেমিট্যান্সে এরই মধ্যে নেতিবাচক ধারা শুরু হয়েছে। রফতানি আয়েও নেতিবাচক ধারা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সব খাত। দাবি উঠেছে কৃষি, আইসিটিসহ প্রায় সব খাতেই প্রণোদনা দেয়ার। রিকশা, ভ্যান, অটোরিকশাচালক, ফুটপাতের হকার, নির্মাণ শ্রমিকসহ শ্রমজীবী মানুষের আয় বন্ধ হয়ে গেছে। হোটেল, রেস্তোরাঁ, দুগ্ধ শিল্প, পোলট্রি শিল্প, পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতির মুখে পড়েছে। এর সঙ্গে যোগ হচ্ছে সামাজিক সুরক্ষাবেষ্টনীর দাবি, যার মাধ্যমে দরিদ্র ও অসহায়দের সহায়তা করা হবে। এসব খাতের জন্য এখন এই বিপুল অংকের অর্থ কোত্থেকে আসবে, এটিই বড় চ্যালেঞ্জ। তাই এ মূহূর্তে অপচয় বা অপব্যয় রোধ করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্প বাতিল বা স্থগিত রাখতে হবে। অন্যদিকে অর্থনীতি চাঙ্গা রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান প্রকল্পে বরাদ্দ বণ্টন করতে হবে। সরকারি বিনিয়োগ বাড়ালে বেসরকারি বিনিয়োগও বাড়বে। এ বিবেচনায় চলমান মেগা প্রকল্পগুলোও প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে চালু রাখতে হবে। তা না হলে আবার কর্মসংস্থানের ওপর প্রভাব পড়তে পারে। তাছাড়া অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে বেশি বরাদ্দ রেখে বাজেটে ঘাটতির পরিমাণ কমানো যেতে পারে। একনেকের বৈঠকগুলোয় অনুমোদিত সব প্রকল্পই অগ্রাধিকারভিত্তিক নয়। অনেক প্রকল্প থাকে অগ্রাধিকারবর্জিত ও কম গুরুত্বপূর্ণ। এসব প্রকল্পে বরাদ্দ কমাতে হবে। এডিপিতে বরাদ্দ অন্য খাতে কমিয়ে সেই অর্থ করোনা খাতে দেয়া প্রয়োজন।

অর্থনীতি জনকল্যাণে সম্পদের সর্বোত্তম ব্যবহারের বিজ্ঞান। নভেল করোনাভাইরাস সনাতন অর্থনীতির ‘সম্পদের সর্বোত্তম ব্যবহার’-এর ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। মুনাফা, লোভ, প্রতিযোগিতা থেকে সরে এসে সামনের দিনগুলোয় অর্থনীতির ভিত্তি হবে জনকল্যাণ, উদ্বৃত্তের সমবণ্টন, সহযোগিতা। অর্থনীতিকে তার খোলস পরিবর্তন করতে হবে। হতে হবে স্বাস্থ্যবান্ধব। হতে হবে পরিবেশবান্ধব, শ্রমবান্ধব ও দরিদ্রবান্ধব। তাহলেই অর্থনীতি হবে মানববান্ধব ও ধরিত্রীবান্ধব। ‘স্বাস্থ্য’ একটি বহুমাত্রিক ধারণা। স্বাস্থ্য শুধু শারীরিক স্বাস্থ্য নয়; মানসিক, আত্মিক ও সামাজিক স্বাস্থ্যও বটে। নভেল করোনাভাইরাস যেকোনো দেশের স্বাস্থ্যকে বৈশ্বিক স্বাস্থ্যের সঙ্গে সংযুক্ত করেছে। স্বাস্থ্য আজ বৈশ্বিক জনপণ্য। এ প্রেক্ষাপটে অন্যতম অর্থনৈতিক হাতিয়ার হিসেবে বদলে যেতে হবে এডিপিকে।

গত ২০ বছরের বেশির ভাগ বছরেই স্বাস্থ্য মন্ত্রণালয় তার বরাদ্দ পুরোটা ব্যবহার করতে পারেনি। ব্যবহূত টাকার যথাযথ ব্যবহারের প্রশ্ন থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একেবারে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা খতিয়ে দেখার। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এটা। একই সঙ্গে শিক্ষা-প্রশিক্ষণ ব্যবস্থা নিয়েও ভাবতে হবে। সরকারি ব্যয়ের মান বাড়ানোর উদ্যোগ জরুরি। এডিপিতে অনেক প্রকল্প আছে, যেগুলো নিতান্তই অপ্রয়োজনীয়। এগুলো বাদ দিতে হবে। যৌক্তিকীকরণ করতে হবে গাড়ির ব্যবহার, বিদেশ ভ্রমণ। নিশ্চিত করতে হবে প্রতিটি অর্থের স্বচ্ছ ব্যবহার। প্রতিটি মন্ত্রণালয়ের বরাদ্দ জননীতির সঙ্গে সম্পর্কিত এবং তাদের সম্পদ-ব্যবহার দক্ষতার সঙ্গে সংযুক্ত হতে হবে।