শক্তিশালী ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় হারিকেন লি চলতি সপ্তাহ শেষে পুয়ের্তো রিকোর উত্তরে ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। এখনো পূর্ণ শক্তিশালী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়টি। চলতি সপ্তাহ থেকে এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
পর্যবেক্ষকরা জানান, হারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জের প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। সেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেন সেন্টার জানায়, ঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিমে ঘণ্টায় মাত্র ১৭ কিলোমিটার বেগে চলছিল, যা দুদিনের মধ্যে ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনা ছিল।
পর্যবেক্ষকরা বলেন, হারিকেন লি আগামী সপ্তাহের শেষের দিকে মার্কিন পূর্ব উপকূল, আটলান্টিক কানাডা কিংবা বারমুডা বরাবর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা শিগগিরই জানা যাবে। বিশেষত দক্ষিণ-পশ্চিম আটলান্টিকের ওপর এটি মন্থর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তারা বলছেন, বিপজ্জনক ‘সার্ফ ও রিপ’ ঢেউগুলো রবি ও সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অধিকাংশ স্থানজুড়ে আঘাত হানতে পারে, যা সপ্তাহজুড়ে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
চলতি সপ্তাহের শুরুর দিকে হারিকেন লি অতিবিপজ্জনক ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল, সাফির-সিম্পসন উইন্ড স্কেলে যা সর্বোচ্চ ধাপ। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, ক্যাটাগরি-৫ ঝড় বিপর্যয়কর ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। এটি বাড়িঘরের বড় অংশ ধ্বংস করতে পারে। এ মাত্রার ঘূর্ণিঝড় বৈদ্যুতিক পুল ও গাছ উপড়ে ফেলতে পারে। ফলে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা কয়েক সপ্তাহের জন্য বসবাসের অযোগ্য করে তুলতে পারে।
সংস্থাটি জানায়, আগামী কিছুদিন ঝড়ের তীব্রতা ওঠানামা করতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত হারিকেন লি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে থাকতে পারে।










