দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকায় ভাসমান বাঁধ বা প্রতিবন্ধকতা অপসারণে উপযুক্ত পদক্ষেপ নেবে ফিলিপাইন। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডো এম অ্যানো। খবর রয়টার্স।

গতকাল রোববার বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে ভাসমান প্রতিবন্ধক স্থাপনের অভিযোগ তোলে ফিলিপাইন। দেশটির উপকূলরক্ষী বাহিনীর কমোডর জে তারিয়েলা নিন্দা প্রকাশ করে বলেন, এই ভাসমান প্রতিবন্ধক ফিলিপাইনের মানুষের ওই অঞ্চলে প্রবেশ করা ও মাছ ধরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডোও মনে করেন, চীনের এই ভাসমান প্রতিবন্ধক স্থাপন ফিলিপাইনের জনগণ ও জেলেদের মৌলিক অধিকার হরণের সামিল।

দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ নিজেদের বলে দাবি করে বেইজিং। কিন্তু সাগরের এ অংশ ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত।

এর আগে বেইজিং ২০১২ সালে কিছু এলাকা দখল করে ফিলিপাইনের জেলেদের সরে যেতে বাধ্য করে।